মাকে নিয়ে এক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন উপাচার্য ও মুক্তিযোদ্ধাদের সহযোগী হিসেবে কাজ করা এক মা ছিলেন অনুষ্ঠানের মধ্যমণি। অতিথি-দর্শক—সবাই মায়ের মাহাত্ম্য বর্ণনা করেছেন। কথার পর ছিল গান-কবিতা, তা-ও মাকে নিয়ে। বিশ্ব মা দিবস উপলক্ষে আমরা করব জয়ের উদ্যোগে ৯ মে সন্ধ্যায় নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো অন্য রকম এক সংবর্ধনা অনুষ্ঠান। শহীদজননী জাহানারা ইমামকে উৎসর্গ করা হয় এই অনুষ্ঠান। শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান হিসেবে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ আর মমতাময়ী মা বেগম লায়লা হককে। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি একিউএম সিরাজুল ইসলাম, আবদুস সালাম ও কারিতাসের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ। এতে আরও অলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা ও গবেষক মাহফুজুর রহমান, অধ্যক্ষ হাসিনা জাকারিয়া, গবেষক একেএম নাসিমুল কামাল, জেলা সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাসেম প্রমুখ। সংবর্ধিত অতিথি অনুপম সেন অনুভূতি জানান এভাবে—‘আট বছর বয়সে বাবাকে হারিয়েছি। এরপর মা-ই ছিলেন আমার সব। বিদেশে মা-বাবারা বৃদ্ধ বয়সে একা নিঃসঙ্গ হয়ে যান। সন্তানেরা পৃথক হয়ে যান। আমাদের দেশে এখনো সেই অবস্থা হয়নি।’ আবু ইউসুফ বলেন, ‘মা-বাবা আমার কাছে আদর্শ। অন্যায়ের কাছে মাথানত না করার মন্ত্র শিখেছি মায়ের কাছে। আমার মা অনেক কষ্ট করেছেন। এখনকার সময়ের সঙ্গে তুলনা করলে, গৃহস্থালি কাজের আধুনিক সুযোগ-পরিবেশ দেখলে খুব কষ্ট পাই। মার যে ভালোবাসা, শাসন পেয়েছি—এখন বুঝি তার প্রয়োজন ছিল।’ জ্যোতিপ্রকাশ দত্ত বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমার মা পিতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। আমি বিশ্ববিদ্যালয় থেকে না ফেরা পর্যন্ত তিনি ভাত খেতেন না। জননী আর জন্মভূমি স্বর্গের চেয়ে উত্তম—এটা আমি বিশ্বাস করি।’মাহফুজুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধে আমাদের মায়েরা দারুণ ভূমিকা রেখেছেন। রাজাকার কর্তার বাড়িতেও মমতাময়ী মায়ের কল্যাণে মুক্তিযোদ্ধারা আশ্রয় পেয়েছিলেন। এটা ঠিক এখন সন্তানকে পরিচালনায় মায়ের চেয়েও সমাজের ভূমিকা বেশি। ষাট দশকের রাজনৈতিক পরিবেশে একজন ছাত্র বিপথগামী হতে পারত না। এখন কিছু ছাত্রনেতা কোথাও গেলে জনগণ বলেন, চাঁদাবাজ এসেছে। মুক্তিযুদ্ধের চেতনায় ছাত্রদের সুপথে ফিরিয়ে আনতে হবে।’ হাসিনা জাকারিয়া বলেন, ‘মা ও আম্মা ডাকের মধ্যে পার্থক্য আছে। আম্মা শব্দটা কৃত্রিম।’ সংগঠনের প্রধান নির্বাহী শওকত বাঙালির সঞ্চালনে অনুষ্ঠানে মা দিবসের পূর্বাপর তুলে ধরেন আবৃত্তিকার মিলি চৌধুরী। মাকে নিয়ে তিনটি গান করেন কাবেরী সেনগুপ্তা, প্রদীপ দাশ ও উত্তম দত্ত। আবৃত্তি করেন অঞ্চল চৌধুরী।