মাকে নিয়ে স্বপ্নকথা, ভালোবাসার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতবর্ষী শিরিষ-শিমুল তলে বসেছে সুরের মেলা, ‘সব কটা জানালা খুলে দাও না/ওরা আসবে চুপি চুপি/যাঁরা এই দেশটাকে ভালোবেসে, দিয়ে গেল প্রাণ...’ সে সুর বলছে মায়ের কথা, মাকে ভালোবাসার কথা। মঞ্চের পেছনের ব্যানারে লেখা ‘আসুন, দেশটাকে মায়ের মতোই ভালোবাসি’ প্রথম আলোর এ আহ্বান যেন গীত হচ্ছে শিল্পী নিশীতার কণ্ঠে, তাঁর সঙ্গে সুর মেলাচ্ছে হাজার কণ্ঠ।গানে, কথায় দেশকে মায়ের মতো ভালোবাসার আহ্বান জানানোর মধ্য দিয়ে চট্টগ্রামে হয়ে গেল প্রথম আলোর এক যুগ পূর্তি অনুষ্ঠান। গত বৃহস্পতিবার ডিসি হিলে বন্ধুসভার এ আয়োজনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন চট্টগ্রামের আলোকিত মানুষেরা। তাঁদের মধ্যে ছিলেন শতবর্ষী প্রবীণ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সংগঠক বেলাল মোহাম্মদ, শহীদজায়া মুশতারী শফি, প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল। গান করেন তারকাশিল্পী হৈমন্তী রক্ষিত মান, নিশীতা, প্রেমসুন্দর বৈষ্ণব, সুস্মিতা, নুসরাত জাহান ও ব্যান্ডদল দুরবীন।ঘড়ির কাঁটা যখন চারটার ঘরে তখনই মাইক্রোফোনে কথার ঝড় তুলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী । তিনি বলেন, পাঠকদের ভালোবাসায় প্রথম আলো এক যুগ পূর্ণ করেছে। পাঠকের এ ভালোবাসার কারণ প্রথম আলো কোনো পক্ষের নয়।এরপর মূল অনুষ্ঠান শুরু হয় বন্ধুসভার সদস্যদের বদলে যাও বদলে দাও গানের মধ্য দিয়ে। পরপর চারটি দেশাত্মবোধক গান করেন তাঁরা। ‘ওরে সাম্পানওয়ালা’, ‘বন্ধু তুমি কই’সহ পরপর তিনটি গান করে আসর জমিয়ে দেন হৈমন্তী রক্ষিত মান। এর আগে ছিল কথামালা। প্রবীণ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী যখন নিজের বিপ্লবী জীবনের উদাহরণ দিয়ে দেশমাতৃকাকে ভালোবাসার কথা বলেন, তখন ডিসি হিলের সমবেত হাজার বিশেক মানুষ হাত তুলে তাঁর সঙ্গে কণ্ঠ মেলান, দেশকে ভালোবাসার শপথ নেন।নিশিতা শুরু করেন দেশাত্মবোধক গান ‘সব কটা জানালা খুলে দাও না’ দিয়ে।শেষ করেন ভাবের গান ‘আয়নার কারিগর’ দিয়ে। মাঝখানে দর্শকদের সুরের ঝরনাধারায় ভাসিয়েছেন, নাচিয়েছেন।প্রেমসুন্দর বৈষ্ণব ও সুস্মিতার দ্বৈতকর্মের গান শুনে দর্শকেরা যেন হারিয়ে যান আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের সুরের ভুবনে। ‘বাইক্কা টেয়া দে’, ‘টওক্কার বাপ’ গানগুলো পরিবেশনের সময় দর্শকেরা হাস্যরসে মেতে ওঠেন।আবার কথার মালা। বেলাল মোহাম্মদ ও আবু সুফিয়ান বললেন, ‘প্রথম আলো-জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। প্রথম আলো নানা কাজের মাধ্যমে জানিয়ে দিচ্ছে সমাজের প্রতি তাদের দায়িত্ব কতটুকু। এক ফাঁকে দুটি নাচ দিয়ে দর্শকদের মন ছুঁয়ে দিলেন সঞ্চারী নৃত্যকলা একাডেমির সদস্যরা। সবশেষে মঞ্চে আসে ব্যান্ডদল দুরবীন। ‘উড়াই চল স্বপ্নডানা’, ‘ভালোবাসি বড় ভালোবাসি’ গানের ফাঁকে ব্যান্ডদলের কণ্ঠশিল্পী আরেফিন রুমী এবং শহীদও বললেন দেশকে ভালোবাসার কথা। সেই ভালোবাসা মমতাময়ী মায়ের মতোই।