মাকে ভালোবেসে...

মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রতিদিনের। তার পরও একটা বিশেষ দিন শুধু মায়ের জন্য। এবার ১১ মে মা দিবসে তাঁর জন্য আলাদা কিছু ভাবতেই পারেন। এই দিনটা আগে থেকেই পরিকল্পনা করে রাখা যেতে পারে শুধু মায়ের জন্য। ফ্যাশন হাউস রঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, ‘বয়সের সঙ্গে সঙ্গে মায়েদের পছন্দের রংও পাল্টে যায়। তবে এদিন মাকে তাঁর একসময়ের পছন্দের উজ্জ্বল কোনো রঙের শাড়ি কিনে দিতে পারেন। ছবি আঁকা বা মাকে উদ্দেশ করে লেখা বাহারি মগ আছে বাজারে। সেটাও হতে পারে উপহার।’
নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান মনে করেন, এই দিন নিজ হাতেই রান্না করতে পারেন মায়ের পছন্দের খাবার। তাঁর সঙ্গে কথা বলে জেনে নিতে পারেন তাঁর অপূর্ণ থাকা ইচ্ছার কথা। চাইলে পূরণ করতে পারেন তাঁর সেই ইচ্ছাটা।
যাঁরা দেশে আছেন, তাঁরা সেদিন হুট করে বাড়িতে পৌঁছে মাকে অবাক করে দিতে পারেন। আর দেশের বাইরে থাকলেও ইন্টারনেটের এই যুগে এক মুহূর্তেই স্কাইপের মাধ্যমে পৌঁছাতে পারেন মায়ের কাছে। সময় নিয়ে গল্পে মেতে উঠতে পারেন মায়ের সঙ্গে।
কী দেব তোমায়
মায়ের জন্য নানা ধরনের উপহার পাওয়া যাচ্ছে দোকানগুলোয়। শাড়ি, চশমার ফ্রেম, বিশেষ মুহূর্তের একটা আলোকচিত্র, মায়ের পছন্দের কোনো সিনেমার সিডি বা গানের ডিভিডি দেওয়া যেতে পারে মাকে। ডিজিটাল ফটোফ্রেমে ভরে দিতে পারেন তাঁর নানা সময়ের আলোকচিত্র। গয়নার বাক্স দেওয়া যেতে পারে। বিভিন্ন ফ্যাশন হাউস ও উপহারের দোকানে মা দিবস উপলক্ষে মগ তৈরি হয়েছে। নানা ধরনের লেখা বা আঁকা দিয়ে ভরা এমন একটি মগও বেছে নিতে পারেন। চাইলে নিজের পছন্দমতো একটা ছবি বাছাই করে মগে প্রিন্ট করে দিতে পারেন তাঁকে। একটা ঘড়ি বা মুঠোফোনও কিনে দিতে পারেন। মাকে নিয়ে ঘুরে আসতে পারেন কোনো দর্শনীয় স্থান অথবা তাঁর ফেলে আসা শৈশবের ভিটেমাটিতে। একগুচ্ছ গোলাপ বা বেলি ফুলের মালা নিয়ে আসতে পারেন। মাকে উদ্দেশ করে চিঠি লিখতে পারেন।
উপহার যা-ই হোক, সেটা মায়ের সামনে উপস্থাপন করতে পারেন নাটকীয় ঢঙে। আপনার বড় বয়সের দুষ্টুমি আর দুরন্তপনা মাকে মনে করিয়ে দেবে তাঁর ছোট্ট ‘খোকা-খুকি’র কথা।
যেখানে কিনবেন
দেশী দশে পাবেন নানা ধরনের মগ, শাড়ি, গয়না ও শো পিস। ফ্যাশন হাউস রঙের অরচার্ড পয়েন্টের ‘শ্রদ্ধা’ দোকানে আছে মায়ের জন্য নানা উপহার। ফ্যাশন হাউস নিত্য উপহারে ৫২টা ভাষায় ‘মা’ লেখা মগের দেখা মিলবে। এ ছাড়া আইডিয়াস, ডেকোর ইডে, হলমার্ক, আইডিয়াল, আজাদ প্রোডাক্টস, প্রিন্স বাজার, নিউমার্কেটসহ নানা স্থানে পাবেন মায়ের জন্য মনমতো উপহার।