মাকে মনে পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিসে কাজের ফাঁকে যখনই মুঠোফোনটা বেজে ওঠে, দৌড়ে গিয়ে ধরি। মনে হয়, কানে ঠেকালেই শুনতে পাব আম্মা বলছেন, ‘রিজু, তুই কি অফিসে? পারলে সময় করে একটু বাসায় আসিস। জরুরি কথা আছে।’ কিন্তু আমি তো সেই কণ্ঠ আর কখনো শুনতে পাব না। পৃথিবীর কোথাও গেলে খুঁজে পাব না সেই প্রিয় মুখখানি।৩০ জানুয়ারি ২০০৭ (১০ মহররম) রাত চারটায় যখন মুঠোফোনটা বেজে উঠল, অজানা আশঙ্কায় মনটা কেঁপে উঠল। ফোন ডিসপ্লেতে লেখা ‘আম্মা’, কিন্তু কণ্ঠ শুনতে পেলাম অন্য কারও। তাড়াহুড়ো করে আম্মার বাসায় গিয়ে দেখলাম, ডান কাত হয়ে গালের নিচে হাত দিয়ে সেই চিরপরিচিত ভঙ্গিতে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছেন আমার প্রাণপ্রিয় মা। আর আব্বা হতবিহ্বল হয়ে বসে আছেন আম্মার পায়ের কাছে। আম্মার কপালে হাত ছোঁয়ালাম, অনুভব করলাম হিমশীতল ঠান্ডা। বুঝলাম, মৃত্যুর শীতলতা আম্মাকে ঢেকে রেখেছে। যে মুহূর্তে মনে হলো আমার আম্মা ক্ষণিকের এ পৃথিবী ছেড়ে পাড়ি জমিয়েছেন অনেক দূরের অচেনা এক জগতে, যে জগৎ থেকে কখনো আর কেউ ফিরে আসে না, সে মুহূর্তে পরিচিত জগৎটা আমার কাছে অপরিচিত মনে হতে লাগল। মুহূর্তেই যেন নিভে গেল সব আলো। পরিচিত সব শব্দ নিষ্প্রাণ, বোবা মনে হতে লাগল আমার কাছে। খুব সাদাসিধে, সহজ-সরল একজন নারী ছিলেন আমার মা। শৈশবেই মায়ের মুখে শুনেছি হারানো দিনের গান, ধর্মীয় সব গল্পগাথা। আরও শুনেছি রামায়ণ-মহাভারতসহ পৌরাণিক নানা কাহিনি, যা পরে আমাকে আরও বেশি আগ্রহী করে তুলেছে সেসব কাহিনি সম্পর্কে বিশদভাবে জানতে। অত্যন্ত ধর্মপ্রাণ আমার আম্মার সুমধুর কোরআন তিলাওয়াত শুনে কত দিন যে আমাদের ঘুম ভেঙেছে, তার কোনো হিসাব নেই। আমাদের ভাইবোনদের পরীক্ষায় ভালো ফলের জন্য নফল রোজা রাখতেন মা। সন্তানের মঙ্গল কামনায় অস্থির সেই আম্মাকে আর কোথাও খুঁজে পাব না, ভাবলেই বুকের ভেতরটা কেমন যেন করে! কষ্টে দুমড়ে-মুচড়ে যায়। দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ে বাধ না-মানা পানি। কিন্তু যত দিন নাগালের মধ্যে ছিলেন, হাত বাড়ালেই ধরা যায় এমন ছিলেন, তখন বুঝতে পারিনি তাঁকে কতটা ভালোবাসি; তাই তো তাঁর গলা জড়িয়ে ধরে কোনোদিনও বলা হয়নি, ‘আম্মা, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার মুখের হাসির জন্য সবকিছু করতে প্রস্তুত আছি।’ আমরা সন্তানেরা এই অপূরণীয় ভুলটা অনেক সময় করে থাকি। আমাদের মনের গভীরের ভালোবাসা বা শ্রদ্ধাবোধটা সময়মতো প্রকাশ করতে ব্যর্থ হই। যখন আমরা ভুলটা বুঝতে পারি, তখন সেই প্রিয় মানুষ চলে যায় অনেক দূরে, কল্পলোকের অচিনপুরে। ঠাঁই পায় অসীম আকাশের নিঃসীম নীলিমায়।আর আমরা যারা পৃথিবীতে থাকি, তারা বেঁচে থাকি একরাশ শূন্যতা বুকে নিয়ে। বয়ে বেড়াই পাহাড়সমান কষ্টের বোঝা। রেজিনা আলমঢাকা।