
যে অপরিসীম কষ্ট স্বীকার করে একজন মা সন্তানের জন্ম দেন তা বলার অপেক্ষা রাখে না। সন্তান জন্মানোর পরও তাঁদের কষ্ট আর ত্যাগ ফুরিয়ে যায় না। তাই প্রসবের পরও মায়েদের সঠিক খাবার নিশ্চিত করতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মেয়েরা এ সময়ে নিজের প্রতি দেখান চরম অবহেলা আর অযত্ন, হয়ে পড়েন উদাসীন। এর ফলে এমন সব শারীরিক ও স্বাস্থ্যগত ক্ষতি হয়ে যেতে পারে, যার প্রভাব থাকে সারা জীবন। পরিবার ও পারিপার্শ্বিক পরিস্থিতিও এমন থাকে যে সবাই নতুন অতিথিকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে, নতুন মায়ের দিকে কেউ আর তেমন খেয়াল করে না। কিন্তু এ সময় একজন নারী শারীরিক ও মানসিকভাবে খুব নাজুক অবস্থার মধ্যে থাকেন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. সিরাজুম মনিরা বলেন, মায়ের যত্নকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়: গর্ভপূর্ব, গর্ভকালীন ও গর্ভ-পরবর্তী। এই সময়ে মায়ের অযত্ন মানে মায়ের স্বাস্থ্যহানি ও অপুষ্ট শিশুর জন্ম ও বেড়ে ওঠা। তার জন্য চাই বাড়তি যত্ন, বাড়তি মনোযোগ আর বাড়তি সচেতনতা।
মায়ের খাবার
গর্ভকালীন খাবারে আমিষ, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন বি-১, বি-২, নায়াসিন, সি, ডি, ফলিক অ্যাসিডসমৃদ্ধ খাবার দিতে হবে। তবে গর্ভ-পরবর্তী একজন প্রসূতি নারীকে অন্য নারীদের তুলনায় বেশি খাবার দিতে হবে। এমনকি একজন গর্ভবতী নারীর তুলনায়ও তাঁর খাবারের চাহিদা বেশি হবে। কারণ নিজেকে সুস্থ করে তোলার পাশাপাশি সন্তানকেও বুকের দুধ খাওয়াতে হয়। মা যদি এই সময় সুষম খাবার গ্রহণ করে তবে তিনি নিজের স্বাস্থ্য অটুট রেখে নিজের সন্তানকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াতে পারবেন।
অন্যান্য সময়ের চেয়ে এই সময়ে ৭০০ ক্যালরি খাবার বেশি খেতে হবে। অতিরিক্ত শর্করা, তেলজাতীয় খাবার, ভাজা-পোড়া খাবার বাদ দিতে হবে। আমিষজাতীয় খাবার পরিমাণে বেশি খেতে হবে।
মায়ের ঘুম ও বিশ্রাম
যেহেতু সন্তানকে একটু পরপর বুকের দুধ খাওয়াতে হয়, তাই নির্দিষ্ট নিয়ম মেনে ঘুমানো দরকার। বাচ্চা যখন ঘুমাবে সঙ্গে সঙ্গে মাকেও বিশ্রাম নিতে হবে।
ধীরে ধীরে ওজন কমান
বাচ্চার বয়স দেড় থেকে দুই মাস হলে নিয়মিত হালকা ব্যায়াম শুরু করুন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর খুব শক্ত ব্যায়াম ও খাবার নিয়ন্ত্রণ করে অতি দ্রুত ওজন কমিয়ে ফেলার চেষ্টা না করাই ভালো। কেননা, তাতে চর্বি ভেঙে শরীরে ও বুকের দুধের সঙ্গে একধরনের বিষাক্ত পদার্থ নির্গত হতে থাকে। তাই শ্রেষ্ঠ উপায় হলো ধীরে ধীরে ওজন কমানো।
স্বাভাবিকভাবে প্রসব হলে পরদিন থেকেই হালকা হাঁটাচলা, উঠবস ও স্ট্রেচিং (অঙ্গপ্রত্যঙ্গ টান টান করে মাংসপেশি শক্ত করা) করা যায়। পরের সপ্তাহ থেকেই হালকা গতিতে ৩০ মিনিট পর্যন্ত হাঁটতে পারেন। ধীরে ধীরে সময় বাড়াতে পারেন।
সিজারিয়ানের ক্ষেত্রে ছয় থেকে আট সপ্তাহ অপেক্ষা করাই শ্রেয়। তবে হালকা হাঁটাচলা সব সময়ই করা উচিত।
লেখক: চিকিৎসক