মাচালং বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে প্রত্যন্ত মাচালং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অমর শান্তি চাকমা। এতে বক্তব্য দেন, সাকেজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, শিক্ষানুরাগী দেবদন্ত ত্রিপুরা, বাঘাইহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবোধী চাকমা, সাজেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মাচালং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিসেন্ট চাকমা, অভিভাবক রতন চাকমা ও উত্তম মঙ্গল চাকমা। পরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও জেএসসিতে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা বলেন, স্থানীয় বাসিন্দাদের চাঁদায় বিদ্যালয়টি পরিচালিত হয়। ২০১২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষায় শতভাগ পাস করে আসছে। গত বছর জেএসসিতে ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছয়জন জিপিএ-৫ ও ১৯ জন জিপিএ-৪ পেয়েছে।