মাচালঙের বনে মধুর উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং সংরক্ষিত বন থেকে মধু সংগ্রহ শুরু করেছেন স্থানীয় মৌয়ালেরা। এ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে মধু সংগ্রহ। এবার আগের বছরগুলোর চেয়ে মধু পাওয়া যাচ্ছে বেশি। মৌয়ালদের কাছ থেকে প্রতিকেজি মধু ৪০০ থেকে ৬০০ টাকায় কিনে নিচ্ছেন পাইকারেরা।মৌয়ালেরা জানান, প্রতিবছর ১০ থেকে ১২টি দল এপ্রিলের শুরুতে মধু সংগ্রহে বনে যায়। ১৫ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত মধু আহরণ হয় বেশি। এই সময় কয়েক শ মণ মধু সংগ্রহ করেন তাঁরা। তবে সনাতন পদ্ধতিতে মধু সংগ্রহের কারণে মৌয়ালেরা যেমন ঝুঁকির মুখে পড়েন, তেমনি নষ্ট হয় মৌচাকও। এ বছর বনের আবালাংছড়া ও নৌঘাট এলাকায় পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে কয়েক হাজার মৌচাকের সন্ধান পেয়েছেন মৌয়ালেরা। কোনো কোনো গাছে ৩০টিরও বেশি মৌচাক দেখা গেছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, এক লাখ ৩০ হাজার ১৮৮ একরবিশিষ্ট মাচালং সংরক্ষিত বনের বেশির ভাগ এলাকাই বন বিভাগের নিয়ন্ত্রণের বাইরে। এর মধ্যে বনভূমির ৫০ হাজার একর জায়গায় জুম চাষ হয়। বাকি এলাকা স্থানীয় বাসিন্দারা নিয়ন্ত্রণ করেন। দুর্গম এলাকা হওয়ায় বন বিভাগের কর্মীরা সেখানে যান না। ফলে মৌয়ালেরা বন বিভাগের তত্ত্বাবধান ছাড়াই বনে মধু সংগ্রহ করতে যান।সম্প্রতি মৌয়ালদের সঙ্গে মাচালং নৌঘাট এলাকার বনে গিয়ে মধু সংগ্রহের দৃশ্য দেখা গেছে। গর্জন গাছের ডালের মৌচাক থেকে মধু সংগ্রহ করছিলেন কয়েকজন মৌয়াল। লতাপাতা দিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে মৌমাছি তাড়াচ্ছিলেন তাঁরা। এতে আগুনে পুড়ে মৌচাকের বেশির ভাগ মৌমাছিরই মৃত্যু ঘটেছিল। আগুনে মৌচাকের ক্ষতি হওয়া সত্ত্বেও কেন এই পদ্ধতি বেছে নিয়েছেন, এমন প্রশ্নে উত্তরে মৌয়ালেরা জানান, বংশপরম্পরায় তাঁরা এভাবেই মধু সংগ্রহ করেন। প্রশিক্ষণ ও উন্নত সরঞ্জাম না থাকায় মৌচাকের ক্ষতি করে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই তাঁদের মধু সংগ্রহ করতে হয়।মৌয়াল নিলকধন চাকমা, কালাবো চাকমা ও কালাধন চাকমা বলেন, ‘আমরা ১৯৯২ সাল থেকে বন থেকে মধু সংগ্রহ করছি। এ বনে প্রতি বছর কয়েক শ মণ মধু পাওয়া যায়। আমরা শুধু একটি এলাকার মধ্যে মধু সংগ্রহ করি। আমাদের মতো আরও অনেক দল বনের বিভিন্ন এলাকায় মধু সংগ্রহ করছে। বন বিভাগ থেকে এ ক্ষেত্রে আমরা কোনো পরামর্শ কিংবা প্রশিক্ষণ পাইনি।’মধু সংগ্রহের জন্য ১৫০ থেকে ২০০ ফুট উঁচুু গাছের মগডালেও উঠতে হয় মৌয়ালদের। প্রথমে গাছটির আশপাশের এলাকা পরিষ্কার করতে হয়, এরপর বাঁশ ও কাঠ দিয়ে মই তৈরি করে ওপরে ওঠার ব্যবস্থা করেন তাঁরা। সব প্রস্তুতি শেষ হলে গাছের গোড়ায় আগুন জ্বালাতে হয়। আগুন জ্বেলে ধোঁয়া সৃষ্টি করে মৌচাক কেটে আনেন তাঁরা গাছ থেকে।সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কালাচোগা চাকমা বলেন, ‘এ বছর অনেক মৌয়ালের দল বনে মধু সংগ্রহ করার জন্য ঢুকেছেন। অন্যান্য বছরের তুলনায় এ বছর মধু বেশি পাওয়া যাচ্ছে বলে আমি শুনেছি।’ পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. এস এম কায়সার প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তার কারণে সেখানে বন বিভাগের লোকজনের যাওয়া সম্ভব হয় না। সুন্দরবনসহ কয়েকটি এলাকায় বন বিভাগ মৌয়ালদের নানা পরামর্শ দেয়। কিন্তু এখানে সেটা সম্ভব হচ্ছে না।’