মাছ চাষ করে ভাগ্য পাল্টালেন দিনমজুর শাহজাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। নিজের বসতভিটাও নেই। পরের ভিটায় কোনো রকম মাথা গুঁজে বসবাস। দিনমজুরি করে যা আয় হয় তাই দিয়েই আধপেটা খেয়ে দিন কাটাতে হয়েছে। মাছ চাষ করে সেই দারিদ্র্য জয় করেছেন খাগড়াছড়ির দীঘিনালার মো. শাহজাহান। শুরুর কথা: মো. শাহজাহানের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার মরিচা গ্রামে। কাজের সন্ধানে ১৯৮৬ সালে ১৮ বছর বয়সে দীঘিনালায় আগমন। কবাখালী গ্রামে চাচা অনারারি ক্যাপ্টেন আবদুল হক বীর বিক্রমের বাড়িতে মজুরি করে দিন কাটাতেন। পরে বিয়ে করে শাহজাহান বুঝতে পারেন, অন্যের বাড়িতে দিনমজুরি করে সংসারের অভাব দূর করা যাবে না। তখনই হঠাৎ মাছ চাষের সিদ্ধান্ত নিলেন। কিন্তু এর জন্য প্রয়োজনীয় পুঁজি নেই। তাই উপজেলা মৎস্য কার্যালয়ে নানাভাবে ধরনা দিয়ে ২০০৪ সালে প্রশিক্ষণ নিয়ে ৪০ হাজার টাকা ঋণ নেন। সেই ঋণে তাঁর ভাগ্য খুলে যায়। কবাখালীতে একটি পুকুর লিজ নিয়ে সেখানে রেণুপোনা চাষ করে এক লাখ টাকা লাভ হয়। তখন থেকেই শুরু হয় তাঁর অন্য রকম এক জীবন। মাছ চাষের পরিধি এবং আয়: সরেজমিনে কবাখালী গিয়ে দেখা যায়, শাহজাহান তাঁর কর্মচারীদের নিয়ে একটি বড় পুকুরে জাল টেনে মাছের আকার পর্যালোচনা ও পরিচর্যা করছেন। মো. শাহজাহান বলেন, এমন দিন কেটেছে যেদিন পেট ভরে ভাত খেতে পারিনি। মাছ চাষের কারণে আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন। আজ আমার অনেক সম্পদ।’ তিনি জানান, বর্তমানে ১১টি পুকুরে তিনি মাছ চাষ করেছেন। এর মধ্যে নিজস্ব পুকুর রয়েছে পাঁচটি। বর্তমান মূলধন ৫০ লাখ টাকারও বেশি। গত বছর পুকুরে ৬০ হাজার টাকার তেলাপিয়া চাষ করে বিক্রি হয়েছে নয় লাখ টাকা। রুই, কাতলাসহ অন্যান্য মাছ বিক্রি হয়েছে ২১ লাখ টাকা। গত বছর রেণুপোনা উৎপাদন করে আয় হয়েছে তিন লাখ টাকা। চলতি বছর দুই লাখ ৫০ হাজার টাকার মনোসেক্স তেলাপিয়া ছাড়া হয়েছে। ৬০ থেকে ৭০ লাখ টাকার তেলাপিয়া বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে। পোনা বিক্রি হয়েছে তিন লাখ টাকার। অন্যান্য মাছ বিক্রি হয়েছে এক লাখ টাকার। চলতি বছর চারটি পুকুরে রেণুপোনা চাষ করা হয়েছে। মাছ চাষের পরামর্শক এবং মানুষের কথা: শাহজাহান ইতিমধ্যে মাছ চাষের পরামর্শক হিসেবেই পরিচিতি পেয়েছেন। পুকুরে মাছের সমস্যা, খাদ্য পরিমাণসহ নানা বিষয়ে প্রতিদিন তাঁর কাছে পরামর্শ নিতে আসেন অনেকে। তিনি বলেন, ‘আমি সব সময় আমার পূর্বের আর্থিক অবস্থার স্মৃতি মনে রাখি। সে কারণে সবাইকে আমি মন খুলে কথা বলে পরামর্শ দেই।’ কবাখালীর আরেক মাছচাষি মোমিন বলেন, মাছের সমস্যা বলতে প্রথম ভরসা এখন শাহজাহান ভাই। তাঁর কারণে আমাদের এলাকার মানুষ মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছে। মুসলিমপাড়া গ্রামের আব্দুর রহমান বলেন, ছোটকাল থেকে শাহজাহান ভাইয়ের কষ্ট দেখেছি। পরিশ্রম আর সততার কারণে তিনি আজ এ পর্যায়ে এসেছেন। শাহজাহানের স্ত্রী ফাতেমা বেগম বলেন, ‘অনেক কষ্টের পর আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন।’ মৎস্য কর্মকর্তা ও জনপ্রতিনিধির কথা: উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা শাহজাহান সম্পর্কে বলেন, ‘একজন মানুষ দারিদ্র্য জয় করতে কী পরিশ্রম করতে পারেন তাঁর প্রমাণ শাহজাহান। ২০০৪ সালে তাঁর প্রবল আগ্রহ আর নিজ পায়ে দাঁড়ানোর প্রবল আকুতি দেখে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তিনি এখন যেন একটি মডেল।’