মাছ চাষ বদলে দিচ্ছে জুরাছড়ির চেহারা

রাঙামাটির জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নের সামিরা এলাকার চাষি ভুবন আনন্দ চাকমা (৫৫) কাপ্তাই হ্রদের পাশে আর পাহাড়ি জমিতে ধান চাষ করে কোনো রকমে সংসার চালাতেন। কিন্তু এখন তিনি একজন সচ্ছল মাছচাষি। কয়েক বছর ধরে পৌনে এক হেক্টর আয়তনের পুকুরে মাছ চাষ করছেন তিনি। মৌসুমে খরচ হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা। আর মাছ বিক্রি করে পান দেড় লাখ থেকে দুই লাখ টাকা।
কয়েক বছর ধরে জুরাছড়িতে মাছের চাষ উল্লেখযোগ্য হারে বাড়ছে। ছোট ছোট পাহাড়ি খালে বাঁধ দিয়ে তৈরি জলাশয় (ক্রিক) ও পুকুরে পোনা ছেড়ে মাছ চাষ করছেন এলাকার লোকজন। এসব ক্রিক ও পুকুরে রুই, কাতল ও কালবাউশ–জাতীয় মাছের চাষ হচ্ছে। ব্যক্তিগত ও যৌথ উদ্যোগে গড়ে ওঠা মাছের খামার উপজেলার অর্থনৈতিক অগ্রগতির নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করেন মৎস্য কর্মকর্তা ও ব্যবসায়ীরা।
জুরাছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ২০১৪-১৫ সালে ১০৩টি পুকুর ও ক্রিক মিলিয়ে ৯ দশমিক ৮২ হেক্টর জলাশয়ে মাছ উৎপািদত হয়েছে প্রায় ২০ মেট্রিক টন। ২০১৩-১৪ সালে পুকুর ও ক্রিকের সংখ্যা ছিল ৭৫টি। সব মিলিয়ে ৭ দশমিক ২৮ হেক্টর জলাশয়ে মাছ চাষ হয়েছিল। প্রতি হেক্টরে মাছ উৎপািদত হয়েছে ১ দশমিক ৭৮ মেট্রিক টন। গত বছরের তুলনায় এ বছর মাছের উৎপাদন বেড়েছে ১০ মেট্রিক টন। এ ছাড়া পুকুর ও ঘোনার সংখ্যা বেড়েছে ২৮টি।

মাছচাষিরা বলেন, জুরাছড়ি উপজেলা মাছ চাষের উপযোগী হলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ, রেণু পোনার অভাবসহ নানা অসুবিধার কারণে স্থানীয় লোকজন মাছ চাষে উৎসাহী ছিল না। কয়েক বছর আগেও সবাই কাপ্তাই হ্রদের মাছের ওপর নির্ভরশীল ছিল। কয়েক বছর ধরে উপজেলা মৎস্য বিভাগ থেকে প্রশিক্ষণ, ক্রিক ও পুকুর নির্মাণ এবং রেণু পোনা সংগ্রহে সহায়তা দেওয়ায় মানুষের মধ্যে মাছ চাষে উৎসাহ বাড়ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা জানান, জুরাছড়ি উপজেলায় সমবায় ও ব্যক্তি পর্যায়ে মাছের খামার গড়ে উঠেছে। এতে জড়িত হয়েছেন শতাধিক ব্যক্তি। ‘পার্বত্যাঞ্চলে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় মাছ চাষের প্রতি লোকজনকে আকৃষ্ট করা, তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াসহ পুকুর ও ক্রিক নির্মাণ করে দেওয়ার কার্যক্রম চলছে। প্রকল্পের কার্যক্রম আগামী ২০১৭ সালের জুন পর্যন্ত চলবে।
জুরাছড়ি উপজেলার আমতলী এলাকার বাসিন্দা অনিল চাকমা (৫০) কয়েক বছর ধরে রেণু পোনার চাষ করছেন। আগে মাছ চাষ করলেও চাহিদা বাড়ায় রেণু থেকে পোনা উৎপাদন করে চাষিদের কাছে বিক্রি করছেন।
অনিল চাকমা বলেন, উপজেলায় মাছ চাষের প্রচুর সম্ভাবনা আছে। উপজেলার ছোট ছোট পাহাড়ি খালে বাঁধ দিয়ে ক্রিক তৈরি করে আরও অনেক বেশি জায়গাজুড়ে মাছ চাষ করা যাবে।
প্রতিবছর মাছ চাষের পরিমাণ বাড়ছে উল্লেখ করে অনিল জানান, তিনি বছরে চার কেজি রেণু থেকে পোনা উৎপাদন করেন। তারপরও স্থানীয় চাহিদা পূরণ করা সম্ভব হয় না। অনেক চাষিকে উপজেলার বাইরে থেকে পোনা আনতে হয়।
জুরাছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেনন চাকমা বলেন, মাছ চাষ সম্প্রসারণে মৎস্য বিভাগ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। চাষিদের দলভিত্তিক প্রশিক্ষণ দেওয়ায় উৎপাদন বাড়ছে। এখন মাছ চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন।
তবে মাছ চাষে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা গেলে মাছ চাষের পরিমাণ আরও বাড়ানো যেত। আর চাষিদের দলভিত্তিক জাল দেওয়া হলে উৎপাদন খরচও কমানো সম্ভব হবে।