মাছ ধরতে গিয়ে নিখোঁজ পাঁচ জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন আনোয়ারার রায়পুরের পাঁচ জেলে। নিখোঁজ জেলে পরিবারের সদস্যদের অভিযোগ, ওই নৌকার মাঝি আবদুল করিম (৪০) ওরফে করিম মাঝি ১০ জানুয়ারি িফরে এলেও অন্যরা আসেনি। মাঝির কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। কয়েক দিন ধরে গা ঢাকা দিয়েছেন তিনি।
নিখোঁজ ব্যক্তিরা হলেন মো. কায়সার (৩৫), শওকত হোসেন (১৮), মো. শোয়েব (২০), কামাল হোসেন (২৮) ও মো. আলমগীর (২৬)। এ ঘটনায় ১৭ জানুয়ারি আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি করেছেন কায়সারের ভাই মো. আবুল কালাম।
মো. আবুল কালাম বলেন, ‘ঘটনার পর আমরা মাঝির কাছ থেকে তাঁদের ব্যাপারে জানতে চাইলে তিনি একেক সময় একেক রকম কথা বলেন। শুক্রবার (১৬ জানুয়ারি) নৌকার মালিক জালালকে নিয়েও একটি বৈঠক করা হলে তাঁরা আমাদের ভাইদের খুঁজে আনবেন জানালেও এখন আর ধরা দিচ্ছেন না।’
জানতে চাইলে নৌকার মালিক জালাল আহমদ বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি নৌকার মালিকও নই।’ শুক্রবার স্থানীয়দের সঙ্গে একটি বৈঠকে ছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওখানে আমি নৌকা বানানোর কাজে গিয়েছিলাম।’
শুক্রবার রাতে শওকতের ঘরে গিয়ে কথা হয় মা ও বোনের সঙ্গে। মা শারমিন আকতার বলেন, ‘আমার পুত্রকে করিম মাঝি নিয়ে যায়। কিন্তু এখন আমার পুত্র ফিরে আসেনি।’
এদিকে এই ঘটনায় আবদুল করিমের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে বেশ কয়েক বার যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়। আনোয়ারা থানার এএসআই নুরুল করিম বলেন, ‘শনিবার রাতেই এ সংক্রান্ত একটি অভিযোগ থানায় এসেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ থানার ওসি আবদুল লতিফ বলেন, ‘এটা সমুদ্রের ঘটনা। এত দিন পরে থানায় এসেছে, এখন আমরা খোঁজ নেব।’