মাছ ধরতে যাচ্ছেন না জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে জলদস্যুদের ভয়ে মহেশখালীর প্রায় ১০ হাজার জেলে মাছ ধরতে যাচ্ছেন না। ঘাটে নোঙর করে আছে শত শত মাছ ধরার নৌকা। অলস সময় কাটছে জেলেদের। ফলে অনাহারে-অর্ধাহারে কাটছে তাঁদের দিন। এদিকে, জলদুস্যদের উৎপাত বন্ধের দাবিতে গত শনিবার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকায় জেলে ও মাছ ধরার নৌকার মালিকেরা প্রতিবাদ সমাবেশ করেছেন।জেলেরা জানান, গত নভেম্বর মাসের শুরুতে সোনাদিয়া দ্বীপের পশ্চিম বঙ্গোপসাগরে জলদস্যুদের তৎপরতা বেড়ে যায়। এরা পাঁচটি গ্রুপে ভাগ হয়ে ডকাতি করে। ২০ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ঘটিভাঙ্গা ও তাজিয়াকাটার অন্তত ৫০টি নৌকা জলদস্যুদের কবলে পড়ে। সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে জেলে ও নৌকার মালিকদের। কিন্তু সোনাদিয়া দ্বীপ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েকবার অভিযান চালিয়েও কাউকে গ্রেপ্তার করতে পারেননি।স্থানীয় জেলে আনোয়ার হোসেন ও মনির উল্লাহ জানান, ‘সাগরে জেলেদের নিরাপত্তা নেই। এ কারণে সাগরে মাছ ধরতে যাচ্ছি না।’ তাঁরা জানান, সাগর থেকে ইলিশ মাছ ধরে কূলে ফেরার পথে জলদস্যুরা হানা দেয়। গত মাসে জলদস্যুদের হামলায় কমপক্ষে ৬০ জন জেলে আহত হন। আরেক জেলে আনছারুল করিম বলেন, ‘সাগরে মাছ ধরে কোনো রকমে সংসার চালাতাম। কিন্তু জলদস্যুদের ভয়ে সাগরে মাছ ধরতে যেতে পারছি না। ফলে নয় সদস্যের পরিবার-পরিজন নিয়ে অনাহারে দিন কাটছে।’ গত শনিবার দুপুরে জেলেপল্লি ঘটিভাঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, ঘটিভাঙ্গা নৌ-ঘাটে নোঙর করে আছে কয়েক শ ফিশিং বোট। জেলেরা সাগরে মাছ ধরতে না যাওয়ার কারণে এক সপ্তাহ ধরে এসব নৌকা ঘাটেই অবস্থান করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শফিউল আলম বলেন, ‘বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ফেরারি আসামিরা সোনাদিয়ায় আশ্রয় নিয়েছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে সোনাদিয়ার জলদস্যুরা। এরা পাঁচটি গ্রুপে ভাগ হয়ে মাছ ধরার নৌকায় ডাকাতি করছে। প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় জেলে ও ফিশিং বোটের মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’ তবে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘এ নিয়ে ফিশিং বোটের মালিকেরা থানায় কোনো অভিযোগ করেননি। তবে জলদস্যুদের তৎপরতা বন্ধে মহেশখালী চ্যানেলের আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’ এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘সাম্প্রতিক সময়ে সাগরে জলদস্যুরা বেপরোয়া হয়ে ওঠায় জেলে ও ফিশিং বোটের মালিকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাই ডাকাত কবলিত এলাকায় অভিযান জোরদার করার জন্য জেলা প্রশাসকসহ কোস্টগার্ড ও নৌবাহিনীকে অনুরোধ জানানো হয়েছে।’