মাছ ধরতে যাননি মিরসরাইয়ের জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার দিন শেষ হচ্ছে আজ। গতকাল ১৫ অক্টোবর পর্যন্ত মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চলের জেলেরা সাগরে মাছ ধরতে যাননি। তবে এই ১১ দিন জেলেরা কীভাবে তাঁদের পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করেছেন, তার খবর কেউ নেয়নি।৬ অক্টোবর থেকে আজ ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ প্রজনন স্থানগুলোসহ দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ করা নিষিদ্ধ ছিল। মিরসরাই উপকূলীয় অঞ্চলের প্রায় এক হাজার ২০০ জেলে পরিবার (জনসংখ্যায় ছয় হাজার সদস্য) এখানে মাছ ধরে জীবনযাপন করে। ইলিশের মৌসুমে এবং সারা বছর তারা ইলিশ ধরা ছাড়াও আরও অন্যান্য মাছ সাগর থেকে ধরে বাজারে বিক্রি করে থাকে। হতদরিদ্র এই জেলে পরিবারগুলো স্থানীয় দাদন ব্যবসায়ীদের কাছ থেকে দাদন নিয়ে থাকে। ফলে সব সময় তাদের একটা টানাপোড়েনের মধ্য দিয়ে চলতে হয়। পশ্চিম মায়ানি জেলেপাড়ার ধনামাস্টার জলদাস, শাহেরখালী জেলেপাড়ার যুধিষ্ঠির জলদাস, বাবুল জলদাসসহ আরও অনেকে জানান, ‘সরকার যখন এই নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিল, তখন তারা ভাবল না এই গরীব জলদাসগুলো ১১ দিন কীভাবে বাঁচবে? প্রত্যেক জলদাস পরিবারে গড়ে ছয় থেকে সাতজন সদস্যের খাবার কোথা থেকে আসবে? কোনো জনপ্রতিনিধি কোনো খোঁজ নিল না। তাহলে আমরা কীভাবে বাঁচি?’ তাঁরা জানান, তার পরও সরকারি নির্দেশ মেনে তাঁরা কেউই সাগরে যাননি গত ১১ দিন।এ ব্যাপারে মিরসরাইয়ের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. এ কে আজাদ জানান, মাছ ধরা যখন বন্ধ ছিল তখন সরকারি কোনো বরাদ্দ ছিল না। এদিকে, ১৩ ও ১৪ অক্টোবর মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদ কুতুবের নেতৃত্বে সাগর উপকূল এবং বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় দুটি জাল পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও বাজারের মাছের আড়তে ইলিশ মাছ পাওয়া যায়নি।