মাছ নিয়ে খেলা ও নেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটা একটা খেলা। খেলতে হয় বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে। পুকুরে মাছের ছিপ ফেলে শকুনের মত তাকিয়ে থাকতে হয় মাছ খাবার খাচ্ছে কিনা। মাছ যদি খাবার খায় বিদ্যুত্গতিতে টান মারতে হয় ছিপ। কখনো মাছ খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে টান মারতে হয় আবার কখনো মাছকে কিছু সময় দিতে হয় খাওয়ার জন্য। এভাবে কখন টান মারতে হয় আর কখন অপেক্ষা করতে হয় সেটা বুঝতে হয় বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে। তারিঙ্গা (যেটা পানিতে ভেসে থাকে) ডুবতে থাকলে বুঝতে হবে বড়শির কাঁটা মাছের মুখে আটকে গেছে। এসময় মাছ দৌঁড়াতে শুরু করে। এরপর শুরু হয় মাছের সঙ্গে শিকারির আসল খেলা। ছিপের হুইল (সূতা ঘোরানোর চাকা) ধরে টানেই বোঝা যায় মাছ কত বড়।’ এভাবেই ভাটিয়ারি লেকের ২ নং পয়েন্টে বসে মাছ ধরার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন মোহাম্মদ চান মিয়া। তিনি জানান, পুকুর বা দিঘিতে বড়শি ফেলে প্রথমে প্রয়োজন মত সুতা ছাড়তে হয়। এর পর সুতা কখনো টানতে আর কখনো ছাড়তে হয় ধীরে ধীরে। মাছের আকারের ওপর নির্ভর করে মাছের সঙ্গে কীভাবে এক থেকে আড়াই ঘন্টা পযর্ন্ত খেলতে হয়। এসময় গায়ের জোরে ছিপ টান মারলে মাছের মুখ থেকে কাঁটা খুলে যেতে পারে। খেলতে খেলতে মাছ যখন ক্লান্ত হয়ে পানিতে ভেসে ওঠে তখনই টেনে আনতে হয় পাড়ে।প্রায় ছোটবেলা থেকেই মাছ ধরার অভ্যাস চান মিয়ার। বলেন, ‘মাছ ধরার নেশায় যাঁকে একবার পায় সে জীবনে আর কিছু করতে পারে না। এই যেমন আমি সকাল থেকে এখানে বসে আছি একটা মাছও পাইনি। কিন্তু এর মধ্যেই খরচ হয়ে গেছে সিট ভাড়া ও মাছের খাবার মিলে প্রায় দুই হাজার টাকা। একদিন শিকারে এলে সব মিলিয়ে আড়াই-তিন হাজার টাকা খরচ হয়। কোনো দিন হয়ত একটা মাছও পাওয়া যায় না, আবার কোনদিন ১০-১৫ টা পর্যন্ত পাওয়া যায়।’মাছ শিকারিরা জানান, মাছ ধরার উপযুক্ত সময় বর্ষা মৌসুম। এসময় পুকরে পানি বেশি থাকে। পুকুরে নতুন পানি পড়লে মাছ ডিম ছাড়ে। পরিষ্কার পানির পুকুরেই মাছ ধরা যায় ভালো। মৌসুম এলেই বিভিন্ন পুকুরে আয়োজন করা হয় মাছ ধরার প্রতিযোগিতা। টিকিটের দাম পড়ে পাঁচ হাজার থেকে ১৫-২০ হাজার টাকা। এরকম পুকুরে সাধারণত এক শ থেকে এক শ ৫০ টি সিট বসানো হয়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্য থেকে মাছের আকার অনুযায়ী বিভিন্ন মানের নগদ টাকা, মটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন, ভি.সি.আর ইত্যাদি পুরস্কার দেওয়া হয়। নগরে বিশেষ করে মাছ ধরার প্রতিযোগিতা হয় পাহাড়তলী জোড় ডেবা, ভেলুয়ার দীঘি, আগ্রাবাদ ডেবা ও কাস্টমস ডেবায়। এছাড়া ভাটিয়ারি লেকে প্রতিদিন মাছ ধরা যায়। সিট ভাড়া দিনে ছয় শ টাকা। ভাটিয়ারির সানসেট পয়েন্ট থেকে মাছ ধরার আগে অনুমতি নিতে হয়। ভাটিয়ারি লেকের ১৩ নং পয়েন্টে বসে মাছ ধরছিলেন চার সৌখিন মাছ শিকারি শিয়োতোষ দে, বিপ্লব কুমার দে, জয় দে ও শান্টু দে। মাছের খাবার সম্পর্কে তাঁরা জানান, প্রত্যেক শিকারির খাবার তৈরির ধরন আলাদা। সাধারনত পিপড়ার ডিম, বোলতার বাসা, ময়দা অথবা পাউরুটির খামি একসঙ্গে মিশিয়ে মাছের খাবার তৈরি করা হয় । অনেকে ভুট্টার ছাতুর সঙ্গে ডিম, ঘি, মধু, চিনি, নারকেল তেল, বোলতার ডিম ও সামান্য হুইস্কি এমনকি অনেকে বিদেশি দামি সুগন্ধি ও পাউডার মিশিয়েও খাবার তৈরি করেন। মাছ ধরার আগের দিন রাতে অথবা মাছ ধরার কিছু সময় আগে পুকুরে চাড় (মাছের খাবার) দিতে হয় বড়শির আশেপাশে মাছ আসার জন্যে। এই চাড় তৈরিতে খরচ বেশি। চাড় তৈরিতে অনেকে সরিষার খৈল, মিষ্টি, দৈ ও ঘিয়ের গাদ, মেথি, লং, এলাচি, দারুচিনি, মিঠাজিরা, একাংকি, তাম্বুল, জায়ফল, জৈত্রিক, আপেল, মাংস, মউফুল, লতা কস্তুরি, উইয়ের মাটি, হলুদ গুড়া, ভূিষসহ প্রায় এক শ রকম উপকরণ ব্যবহার করেন। প্রবীণ মাছ শিকারি শিয়োতোষ দে বলেন, ‘মাছ তো জাল দিয়েও ধরা যায়। কিন্তু ছিপ দিয়ে মাছ ধরা হল শিকার করার মতো। যেমন বাঘ হরিণ শিকার করে। শিকারি একটু অসতর্ক হলে শিকার যেমন ছুটে যায় মাছের বেলায়ও তেমন ঘটতে পারে। মাছ ধরার প্রতিযোগিতা সম্পর্কে তিনি বলেন, ‘মাছের প্রতিযোগিতা হল একটা মারাত্মক জুয়া খেলা। এর চেয়ে বড় জুয়া আর নেই। এই জুয়ায় অনেককে ঘরবাড়ি বেচে, পরিবার ভেঙে সর্বশান্ত হতে হয়েছে। তবুও এই নেশা ছাড়তে পারেননি। শান্টু দে বলেন, ‘জাল দিয়ে ধরা মাছের চেয়ে বড়শিতে ধরা মাছের স্বাদ বেশি এটা আল্লাহর হুকুম। বড়শি দিয়ে মাছ ধরে আমাদের শুধু খরচ হয়, কোনো লাভ নেই। তবুও আমরা মাছ ধরি, কারণ শখের তোলা আশি টাকা।’ মাছ ধরার বিভিন্ন উপকরণ যেমন পিপড়ার ডিম, বোলতার বাসা, ছিপ, বড়শি, চরকা, সুতা এগুলো পাওয়া যাবে নগরের বক্সির হাট, পাহাড়তলী বাজার ও আগ্রাবাদ এলাকায়। পিপড়ার ডিম এক কেজি ৪০০ টাকা, বোলতার বাসা আকার অনুযায়ী ২০ টাকা থেকে ৫০ টাকা, ছিপ দেশি ২০০ টাকা থেকে এক হাজার টাকা, বিদেশি ছিপ দুই হাজার থেকে ২০ হাজার টাকা।