মাছরাজ্য
আমরা সব মাছ একদিন রাতের আড্ডায় মেতে উঠলাম। হঠাৎ পুকুরপাড়ে কাদের যেন পদধ্বনি শুনতে পেলাম। কী ঘটছে জানার জন্য পুকুরপাড়ের দিকে যাচ্ছিলাম। এমন সময় দেখলাম পুকুরের মধ্যে কয়েকজন মানুষ ডুবন্ত অবস্থায় চুপ করে আছে। কেবল তাদের নাকটা ওপরে, তাও কচুরিপানার মধ্যে লুকানো। অর্থাৎ নাকটা ওপরে রেখে শ্বাস টেনে কোনোমতে প্রাণটা বাঁচাচ্ছে। বুঝলাম, ওরা কোনো বিপদে পড়ে আমাদের পুকুরে আশ্রয় নিয়েছে। আর পুকুরের পাড় দিয়ে যারা দৌড়াচ্ছে, বুঝলাম, তাদের ভয়েই লোকগুলো আত্মগোপন করে আছে। তখন আমরা আশ্রিতকে আশ্রয় দেওয়া উচিত, এই ভেবে তাদের ডিস্টার্ব না করে মাঝখানে চলে এলাম। কিছুক্ষণ পর যখন পুকুরপাড়ের সে পদধ্বনি মিলিয়ে গেল, পুকুরের ডুবন্ত লোকগুলো উঠে চলে যাওয়ার সময় দুর্ভাগ্যক্রমে আমাদের এক রুই বন্ধু তাদের একজনের পায়ের নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই লোকগুলোর আচরণ দেখে আমরা সবাই হতবাক হয়ে গেলাম। দেখলাম, ওই লোকটি আমাদের রুই বন্ধুর মাথাটা সজোরে টিপে ধরে ওপরে নিয়ে যাচ্ছে এবং আমাদের সেই বন্ধু ব্যথায় তীব্র চিৎকার করে আমাদের ডেকে বলছে, ‘বন্ধুরা, তোমরা আমায় রক্ষা করো। দেখো, এই অকৃতজ্ঞ লোকগুলো আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচাও বন্ধুরা।’ কিন্তু আমরা এতগুলো মাছ, কিছুই করার ছিল না আমাদের। আমরা মেডিটেশনের মাধ্যমে জানতে পারলাম, আমাদের সে বন্ধুকে ওরা দা দিয়ে খণ্ড খণ্ড করে কেটে গরম তেলের মধ্যে ভেজে তাদের উদরপূর্তি করেছে। আর আমাদের বন্ধুর সে কী করুণ আর্তনাদ! কিন্তু সে আর্তনাদে ওদের সামান্যও মন গলেনি, ওরা বাঁচতে দেয়নি আমাদের বন্ধুকে। তখন আমরা ভাবতে লাগলাম, এরা তো আবারও আসতে পারে এবং আমাদের অন্য বন্ধুরও এমন অবস্থা হতে পারে। সুতরাং আমাদের আগাম একটি পরিকল্পনা থাকা উচিত। তাই আমরা এক জরুরি সভা আহ্বান করলাম। সভার প্রধান অতিথি রাখলাম আমাদের সবচেয়ে জ্ঞানী মাছ পাঙাশকে। কারণ ওর পূর্বপুরুষ নদী ও সাগরে বসবাস করত। তাই তার জ্ঞানের পরিধি ব্যাপক। পাঙাশ ছাড়াও আমাদের মিটিংয়ে উপস্থিত হলো রুই, কাতলা, মৃগেল, শিং, মাগুর, কই, তেলাপিয়া, শোল, গড়ই, আরও অনেক মাছ।নির্ধারিত সময়ে সভা শুরু হলো। অনেকে বক্তব্য দিল। সবশেষে আমরা আমাদের প্রধান অতিথি পাঙাশকে প্রশ্ন করলাম, ‘নেতাজি, ওরা কেন আমাদের পুকুরে এসেছিল এবং কেন এই হূদয়বিদারক ঘটনা ঘটাল?’ তার উত্তরে প্রধান অতিথি বলল, ‘আমাদের পুকুরে যারা আশ্রয় নিয়েছিল তারা হলো সমাজের ত্রাস সৃষ্টিকারী অপরাধী। ওরা অনেক মানুষকে খুন করেছে। এখন তাদের ধরার জন্য সরকার আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করেছে। তোমরা কালো পোশাক পরা যেসব লোকের পদধ্বনি শুনেছিলে, ওরা হলো আইনের লোক। তাদের র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলে। ওরা ওই সব সন্ত্রাসীকে ধরার জন্য এসেছে। কিন্তু শেষ পর্যন্ত সন্ত্রাসীরা পুকুরে আশ্রয় নিয়ে এবারের মতো বেঁচে গেল। তবে আমাদের অপূরণীয় ক্ষতি করে গেল। আমরা হারালাম আমাদের এক প্রিয়জনকে। কথায় আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তেমনি ওরাও ধ্বংসাত্মক প্রক্রিয়া পুকুরে এসে আমাদের ওপর প্রয়োগ করল। ওরা আবারও আসতে পারে, সুতরাং সবার প্রস্তুত থাকা উচিত।’এ কথা শোনার পর আমাদের অনেকে প্রশ্ন করল, ‘কিন্তু আমরা তো ক্ষুদ্র জীব। ওদের আমরা কীভাবে ধরিয়ে দেব? অর্থাৎ কীভাবে প্রতিশোধ নেব?’ তখন পাঙাস শোনাল, ‘ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে সাগর আর মহাদেশ অতল।’ এই প্রবাদবাক্যটি আমরা কখনো শুনিনি। শুনে আমাদের উৎসাহ বেড়ে গেল। ‘তোমরা সবাই প্রস্তুত থাকো। দেখো ওরা কখন আসে। আর আমাদের সব অস্ত্রধারী বন্ধু অর্থাৎ সব শিং মাছকে বলো ওরা যেন প্রস্তুত থাকে এবং ওই সব সন্ত্রাসী আসার সঙ্গে সঙ্গে যাতে একত্রে কাঁটা মরতে শুরু করে।’তখন সবাই প্রস্তুত হয়ে অপেক্ষা করতে লাগলাম, কখন আসে ওই মানুষরূপী জানোয়ারগুলো। অপেক্ষা করতে করতে একদিন দেখলাম হঠাৎ এসে ওরা কয়েকজন ঝুপ করে পুকুরে নেমে পড়ল। আর ওপর দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকগুলো তাদের খুঁজছে। তখন আমরা ভাবলাম, এই তো সুযোগ এসেছে, এখনই প্রতিশোধ নেওয়ার শ্রেষ্ঠ সময়। সব শিং মাছকে নির্দেশ দেওয়া হলো দৃপ্ত পায়ে এগিয়ে গিয়ে ওদের কাঁটা মারার জন্য। আমাদের সব বন্ধু বেপরোয়া হয়ে ছুটল তাদের দিকে। সঙ্গে অন্য মাছও (টেংরা মাছ) একত্র হলো। সবাই দৃপ্ত পায়ে এগিয়ে গিয়ে কাঁটা মারা শুরু করল সন্ত্রাসীদের। সন্ত্রাসীরা বিকট চিৎকার দিয়ে উঠল। আর সম্ভব হলো না তাদের পুকুরে ডুবে থাকা। ওরা কাঁটার বিষে চিৎকার দিয়ে পুকুর থেকে লাফিয়ে উঠল। তখন তাদের সে চিৎকার শুনে আইনশৃঙ্খলা বাহিনী দৌড়ে এসে তাদের সবাইকে ধরে নিয়ে গেল জেলখানায়। অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হলো। অনেকের হলো যাবজ্জীবন কারাদণ্ড। আর বেঁচে গেল সমাজের ভালো মানুষগুলো। তাদের আর সন্ত্রাসীদের ভয়ে রাত কাটাতে হবে না। আমরা তাদের অনেক উপকার করেছি। তাই মানুষের প্রতি আমাদের মানবিক আবেদন থাকবে, আপনারা আমাদের কোনো মাছ বন্ধুকে খাবেন না এবং তা করে আমাদের উপকারের প্রতিদান দিন। আমাদেরও তো পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। পৃথিবীটাকে আমাদের বসবাসের অযোগ্য করে তুলবেন না।বাদল রায়ঠিকানা পাওয়া যায়নি