মাছি তাড়াতে জেব্রার সাজ!

জেব্রার সাদা-কালো ডোরাকাটা সাজের রহস্য সমাধানের দাবি করেছেন বিজ্ঞানীরা। গবেষকেরা মনে করছেন, তৃণভূমিগুলোতে নানান জাতের বিপজ্জনক রোগসঞ্চারী মাছির হাত থেকে রক্ষা পেতেই নাকি জেব্রার শরীরজুড়ে এমন চোখ ধাঁধানো ডোরাকাটা থাকে। বিপজ্জনক মাছির প্রকোপ আছে, এমন এলাকাগুলোতে বেড়াতে গেলে আপনিও জেব্রার মতো এমন ডোরাকাটা পোশাক পরে রেহাই পেতে পারেন মাছির হাত থেকে! যুক্তরাজ্যের মেইল অনলাইন এ খবর জানিয়েছে।
সাধারণভাবে মনে করা হতো, শিকারি প্রাণীর হাত থেকে বাঁচতে বা নিজেকে লুকিয়ে রাখার জন্যই সারা শরীরে এমন ডোরাকাটা দাগ পেয়েছে জেব্রা। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, নিজেকে লুকিয়ে রাখার চেয়ে জরুরি প্রয়োজনেই এই বিবর্তন হয়েছে জেব্রার। আর তা হলো রোগ-বালাই থেকে রক্ষা পাওয়া। নানান জাতের বিপজ্জনক রোগসঞ্চারী মাছির হাত থেকে রক্ষা পেতেই এই সাজ জেব্রার।
জেব্রার শরীরের সাদা-কালো ডোরার কারণে চোখে ধন্ধ লেগে মাছিরা ওর গায়ে বসতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে। বিশেষত জেব্রার মাথা এবং পায়ের নীচের অংশে এই সাদা-কালো ডোরাগুলো খুবই ঘন থাকে। কেননা উবু হয়ে ঘাস খাওয়ার সময় পায়ের নিচের অংশ এবং মাথাই সবচেয়ে বেশি আক্রমণের শিকার হতে পারে মাছির। এ ছাড়া শীত থেকে রক্ষা পেতে জেব্রার শরীরে বিশেষ কোনো ব্যবস্থা না থাকায় এবং গায়ের পশম ছোট হওয়ায় মাছির আক্রমণে নাকাল হওয়ার আশঙ্কা বেশি থাকে জেব্রার।
শুনতে অদ্ভুত লাগলেও গবেষকেরা বলছেন, অনেক জাতের মাছিরই ‘স্ট্রাইপ’ বা ডোরা-কাটা কোনো কিছুর ওপর বসতে কষ্ট হয়। বিশেষত জেব্রার মতো ডোরা-কাটা কোনোকিছুতে বসতে খুবই বেগ পেতে হয় মাছিকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জেব্রার জীবনযাপনের ধরন, যেসব তৃণভূমি বন এলাকায় জেব্রার বসবাস, সেখানকার পরিবেশ প্রকৃতি এবং মাংসাশী শিকারি প্রাণীদের নিয়ে নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর এ সিদ্ধান্তে পৌঁছেছেন। এ-বিষয়ক গবেষণাপত্রটি ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে প্রকাশ হয়েছে।