মাছে ভাগ্য ফেরালেন শাহজাহান
অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা ছিল দীঘিনালা উপজেলার মো. শাহজানের। নিজের কোনো বসতভিটাও ছিল না তাঁর। দিনমজুরি করে যা আয় হতো তা দিয়ে আধপেটা খেয়ে দিন কাটাতেন। তবে এসব এখন অতীত। মাছ চাষ তাঁর ভাগ্য বদলে দিয়েছে।
৪০ হাজার টাকা ঋণ নিয়ে শুরু করেছিলেন মাছের চাষ। এখন তিনি জেলার সফল মাছ ব্যবসায়ী। ১১টি পুকুরে মাছের চাষ করছেন তিনি। মাসিক আয় লাখ টাকা ছাড়িয়ে। উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষির পুরস্কার পেয়েছেন বেশ কয়েকবার। কেবল মাছ নয়, মাছের পোনাও উৎপাদন করেন তিনি। উপজেলার দেড় শতাধিক লোক শাহজাহানের কাছ থেকে পোনা ও পরামর্শ নিয়ে মাছ চাষ করছেন।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার মরিচা গ্রামের বাসিন্দা শাহজাহান ১৮ বছর বয়সে কাজের সন্ধানে ১৯৮৬ সালে দীঘিনালায় আসেন। সে সময় দীঘিনালার কবাখালী গ্রামে বসবাসরত এক আত্মীয়ের বাসায় দিনমজুরি করে দিন কাটছিল তাঁর। পরে বিয়ে করে উপজেলার কবাখালীর মুসলিমপাড়ায় সংসার পাতেন তিনি। অভাব তখন নিত্যসঙ্গী। কী করবেন, ভাবতে ভাবতে হঠাৎ মাছ চাষ করার সিদ্ধান্ত নেন। ২০০৪ সালে উপজেলা মৎস্য কার্যালয় থেকে মাছ চাষের ওপর প্রশিক্ষণ নেন। এরপর ৪০ হাজার টাকা ঋণ নিয়ে শুরু করেন মাছ চাষ।
সম্প্রতি কবাখালী গিয়ে দেখা যায়, শাহজাহান তাঁর কর্মচারীদের নিয়ে একটি বড় পুকুরে জাল টেনে মাছের আকার দেখছেন। তিনি জানান, প্রথমে একটি পুকুর ইজারা নিয়ে চাষ করলেও বর্তমানে পুকুরের সংখ্যা ১১টি। এর মধ্যে নিজের পুকুর রয়েছে ছয়টি। পুকুরগুলো জমি কিনে খনন করেছেন তিনি। মাছ চাষে বর্তমানে তাঁর মূলধন ৫০ লাখ টাকারও বেশি। গত বছর পাঁচটি পুকুরে নয় লাখ টাকার মাছের পোনা উৎপাদন হয়েছে। রুই, কাতলাসহ নানা প্রজাতির মাছ বিক্রি করেছেন ৫০ লাখ টাকার মতো। মাছ বিক্রি করে লাভ হয়েছে ১৫ লাখ টাকা। এ বছর ৬০ থেকে ৭০ লাখ টাকার মাছ বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে তাঁর। মাছ বিক্রি করে এ বছর ২০ লাখ টাকার মতো লাভ হবে বলে তিনি ধারণা করছেন। শাহজাহান জানান, মাছ চাষ করে তিনি কবাখালী বাজারে দোকান করেছেন। পাশাপাশি পাঁচ একর ধানি জমিও কিনেছেন। এ ছাড়া আধাপাকা বসতবাড়ি তৈরি করেছেন।
উপজেলা বোয়ালখালী এলাকার মাছচাষি সুনয়ন বড়ুয়া জানান, উপজেলার অনেক তরুণই শাহজাহানের দেখাদেখি মাছ চাষ করে নিজেদের ভাগ্য ফিরিয়েছেন। মাছ চাষে শাহজাহানের কাছ থেকে বুদ্ধি-পরামর্শ নেন এলাকার চাষিরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা শাহজাহান সম্পর্কে বলেন, শাহজাহান দারিদ্র্য জয় করেছেন। লেখাপড়া না জানলেও তিনি উপজেলার সবার কাছে অনুকরণীয়। এ বছর জাতীয় পুরস্কারের জন্য কেন্দ্রীয় দপ্তরে তাঁর নাম পাঠানো হবে। বেকার যুবকেরা তাঁর মতো প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করলে বেকারত্ব দূর হবে, পাশাপাশি দেশের অর্থনীতির জন্যও সুফল বয়ে আনবে।