মাছে-ভাতে তৃপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চার আনায় যখন এখানে ভাত-মাংস খাওয়া যেত, তখন একটি চিতল মাছের পেটির দাম পড়ত পাঁচ টাকা। বোঝেন এবার মাছটা কত বড় ছিল, দাদা। তেমন মাছ এখন আর পাওয়া যায় না। তার পরও আমরা আমাদের খাবার মেন্যুতে চিতল মাছের পেটি আর কোপ্তার ঐতিহ্য এখনো ধরে রেখেছি।’ কথাগুলো বলছিলেন দীপক কুমার নাগ। আর যে হোটেল বা ব্যবসাপ্রতিষ্ঠানের কথা বলছিলেন তিনি, সেটা হচ্ছে পুরান ঢাকার শাঁখারীবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী খাবার ও থাকার হোটেল কল্পনা বোর্ডিং।বুড়িগঙ্গা নদীর ঠিক পেছনে। পোগোজ স্কুলের পাশ দিয়ে পুরান ঢাকার যে গলি সামনে এগিয়ে গেছে, তার নাম শাঁখারীবাজার। ইতিহাস আর ঐতিহ্যের এক মহাতীর্থ। যতীন অ্যান্ড কোং, বুদ্ধ অ্যান্ড কোংসহ গানের যন্ত্রপাতির দোকান, বিভিন্ন মিষ্টির দোকান, কাঁসা, শঙ্খ আর পূজামণ্ডপ পেছনে ফেলে সামনে পড়বে বিখ্যাত কালীমন্দির। এর পাশের গলিতেই দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী কল্পনা বোর্ডিং।সেই সরু গলি দিয়ে ভেতরে ঢোকার পর চোখে পড়বে পুরোনো আমলের চেয়ার-টেবিল আর তার ওপর স্টিলের থালা-গ্লাস সাজানো।একটি টেবিলে বসে পড়ুন। হাত ধোয়ানোর লোক চলে আসবে। তার কাছে শুনে খাওয়ার ফরমাশ দিন। শুরু হলো কল্পনা বোর্ডিংয়ের ১২ পদের ভর্তা, পাঁচ পদের সবজি আর নানা রকম মুখরোচক খাবার দিয়ে ভূরিভোজ।কল্পনা বোর্ডিংয়ে থাকা-খাওয়া—উভয় ব্যবস্থাই চালু আছে। একজনের ঘরভাড়া ১০০ টাকা। দুজনের ১৫০ থেকে ৩০০ টাকা। একটা শীতাতপনিয়ন্ত্রিত ঘর আছে; ভাড়া ৬০০ টাকা।এখানে সকালে নাশতার কোনো ব্যবস্থা নেই। সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ভাত, মাছ, মাংসসহ নানা পদের খাবার বিকিকিনি চলে। খাবারের মধ্যে অন্যতম চিতল মাছের পেটি, চিতল মাছের কোপ্তা আর পাঁচতরকারি। এখানকার পাঁচতরকারির খুব চাহিদা।বেগুন, কুমড়া, আলু, ডাল, শিম, কপিসহ বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করা হয় এই পাঁচতরকারি। চতল মাছের কোপ্তা ও চিতল মাছের পেটি দেশের বিভিন্ন বড় হোটেলে সরবরাহ করা হয়। এখানকার মুড়িঘন্টরও খুব সুনাম।আরও পাবেন ইলিশ মাছ, রুই মাছ, বোয়াল মাছ, আইড় মাছ, টাকি মাছের ভর্তা, শোল মাছের ভর্তা ইত্যাদি। কই মাছ এখানে ঝাল আর মিষ্টি—দুভাবে রান্না করা হয়। পাবেন মুরগি আর খাসির মাংস।শুধু খাবারের মানের জন্যই কল্পনা বোর্ডিং এতটা জনপ্রিয়তা নিয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে বলে মনে করেন দীপক কুমার নাগ। তিনি বলেন, ‘দাদা, খাবারের মান নিয়া আপস নেই। আমাদের খাবারের মানের জন্যই আজও টিকা আছি।’কল্পনা বোর্ডিংয়ে না এসে থাকলে কিংবা এখানকার খাবারের স্বাদ এখনো না নিলে সময়-সুযোগমতো চলে আসুন ৪৭/১ শাঁখারীবাজার। একেবারে কালীমন্দিরের পাশে।