মাছের ডিমের নানা পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিমে ভরা বড় মাছ বাজারে এখন অনেক। মাছ তো খাবেনই, ডিমটাও রাঁধতে পারেন আলাদাভাবে। দেখুন ফাতিমা আজিজের দেওয়া রেসিপিগুলো।সবজি-মাছের ডিমের কাটলেটউপকরণ: যেকোনো বড় মাছের ডিম দেড় কাপ। লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। বড় আলু সিদ্ধ একটি। কাঁচা কলা সিদ্ধ দুটি ২৫০ গ্রাম। সয়াসস এক টেবিল চামচ। সিজনিং সস (যেকোনো শপিংমলে পাওয়া যাবে) সিকি চামচ। কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ। লবণ দুই চা-চামচ। মরিচ গুঁড়া আধা চা-চামচ। গোলমরিচ ফাঁকি আধা চামচ। গরম মসলার ফাঁকি আধা চামচ। পেঁয়াজ মিহি কুচি দুই টেবিল চামচ। পুদিনা পাতা কুচি দুই টেবিল চামচ। ডিমের সাদা অংশ একটি। বিস্কুটের গুঁড়া এক কাপ। লেবুর রস এক টেবিল চামচ। চিনি দুই চা-চামচ। তেল ভাজার জন্য।প্রণালি: আলু ও কাঁচা কলা খোসা ছাড়িয়ে আধা ভাঙা করে নিন। তেল, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ ও পুদিনা পাতা কুচি, কর্নফ্লাওয়ার, মুরগির ডিম ও বিস্কুটের গুঁড়া বাদে বাকি সব উপকরণ কাঁচা কলা ও আলুর সঙ্গে মিশিয়ে পাটায় মসৃণ করে বেটে নিন। একটি বাটিতে ডিমের সাদা অংশের সঙ্গে এক চিমটি লবণ মিশিয়ে ফেটে নিন। অন্য একটি সমতল প্লেটে টোস্ট বিস্কুটের গুঁড়া রাখুন। পেঁয়াজ, কাঁচা মরিচ ও পুদিনা পাতা কুচি কচলে নিন। তারপর কাঁচা কলা, আলু ও মাছের ডিমের মিশ্রণ, পেঁয়াজ, কাঁচা মরিচ ও পুদিনা পাতা কুচি এবং কর্নফ্লাওয়ার—সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে মেখে ৮-১০টি গোলা আলাদাভাবে ভাগ করে নিন। হাতের তালুতে সামান্য করে তেল মেখে নিয়ে একেকটি গোলা দিয়ে চেপে কাটলেটের আকারে তৈরি করে নিন। এটি গোলানো ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে একটি ট্রেতে সাজিয়ে ফ্রিজে দুই ঘণ্টা রেখে দিন। ফ্রাই প্যানে তেল গরম করে দুই পিঠ লাল করে ভেজে যেকোনো সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।মাছের ডিম দিয়ে করলা ভাজিউপকরণ: করলা পাতলা গোল গোল করে কেটে বিচি পরিষ্কার করে নেওয়া দুই কাপ। আলু পাতলা করে কাটা আধা কাপ। যেকোনো বড় মাছের ডিম সিদ্ধ আধা কাপ। পেঁয়াজ গোল পাতলা করে কাটা এক কাপ। হলুদ গুঁড়া আধা চা-চামচ। মরিচ গুঁড়া আধা চা-চামচ। তেল সিকি কাপ। কাঁচা ও পাকা মরিচ ফালি এক চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী। লবণ স্বাদ অনুযায়ী।প্রণালি: বাটিতে তেল, আধা কাপ পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি ও ডিম বাদে সব উপকরণ একত্রে মিশিয়ে আলতোভাবে মেখে নিন। অন্য একটি বাটিতে বাকি আধা কাপ পেঁয়াজ কুচির সঙ্গে মাছের ডিমগুলো মেখে ফালি করা কাঁচা মরিচ দিয়ে আলাদা রাখুন। কড়াইয়ে তেল গরম করে সব উপকরণ দিয়ে মাখা করলা ও আলু দিয়ে নেড়ে আঁচ কমিয়ে ঢেকে দিন। মাঝে ঢাকনা খুলে হালকাভাবে নাড়ুন। করলা ও আলু সিদ্ধ হয়ে এলে পেঁয়াজ ও কাঁচা মরিচ ফালিসহ মিশিয়ে রাখা মাছের ডিমগুলো ওপর থেকে ছিটিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে নেড়ে ঢেকে দিন। দু-তিনবার ঢাকনা খুলে নাড়ুন। বেশ ভাজা ভাজা হয়ে তেল ছাড়া শুরু করলে ঢেকে চুলা বন্ধ করে দিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। পটোলের দোলমায় মাছের ডিমউপকরণ: পুর বানানোর জন্য: লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা পানি ঝরানো মাছের ডিম পৌনে এক কাপ। পেঁয়াজ কুচি আধা কাপ। কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ। যেকোনো সস এক টেবিল চামচ। হলুদ গুঁড়া সিকি চামচ। তেল দুই টেবিল চামচ। লবণ আধা চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী।প্রণালি: ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে হলুদ ও দুই টেবিল চামচ পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। তাতে মাছের ডিম, লবণ ও কাঁচা মরিচ কুচি এবং সস দিয়ে কিছুক্ষণ নেড়ে আঁচ কমিয়ে ঢেকে দিন। দুই মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চুলা বন্ধ করে ঢেকে দিন। পাঁচ মিনিট পর একটি বাটিতে বেড়ে রাখুন।দোলমা রান্নার জন্য: উপকরণ: বড় বা মাঝারি পটোল ৮-১০টি। পেঁয়াজ কুচি সিকি কাপ। হলুদ গুঁড়া আধা চা-চামচ। মরিচ গুঁড়া সিকি চামচ। পেঁয়াজ বাটা সিকি কাপ। টক দই আধা কাপ। আদা বাটা এক চা-চামচ। রসুন বাটা আধা চা-চামচ। জিরা বাটা আধা চা-চামচ। কাঁচা মরিচ চেরা চারটি। তেজপাতা দুটি। লবণ এক চা- চামচ। গরম মসলার গুঁড়া আধা চামচ। চিনি দুই চা-চামচ। তেল তিন টেবিল চামচ। ঘি এক টেবিল চামচ। প্রণালি: পটোল ধুয়ে দুই ধারের মুখ কেটে ছিলে ভেতরের বিচি পরিষ্কার করে নিন। দুই পিঠে দু-তিনটি করে আঁক দিন। এবার প্রতিটি পটলের ভেতর ঠেসে পুর ভরে দিন। কর্নফ্লাওয়ার ঘন করে অল্প গুলে তা দিয়ে পটলের মুখ বন্ধ করে দিন। ফ্রাই প্যানে দুই টেবিল চামচ তেল নিয়ে তাতে অল্প জ্বালে ঢেকে পটোলের দুই পিঠ ভেজে নিয়ে উঠিয়ে রাখুন। একটি বাটিতে টক দইয়ের সঙ্গে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া, চিনি, আদা, রসুন ও জিরা বাটা মিশিয়ে ভালো করে ফেটে নিন। ফ্রাই প্যানে বাকি তেল গরম করে তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। বাদামি হয়ে এলে বাটা পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে দইয়ে মেশানো মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এতে মরিচ ও সিকি কাপ পানি দিয়ে পটোলগুলো ছেড়ে নেড়ে মাঝারি আঁচে ঢেকে দিন। ঝোল টেনে এলে গরম মসলার ফাঁকি ও ঘি দিয়ে নেড়ে আবারও কম আঁচে ঢেকে রাখুন পাঁচ মিনিট। তারপর চুলা বন্ধ করে দিন। ১০ মিনিট পর পরিবেশন করুন।