মাছের নানা রকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আস্ত রসুনে কই মাছের দোপেঁয়াজা [পাঁচজনের জন্য পরিবেশন]উপকরণ: কই মাছ ৫টি, আস্ত রসুনের কোয়া ২০-২২টি, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল-চামচ, কাঁচামরিচ (ফালি) ৩-৪টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, পানি অল্প। প্রণালি: মাছ কেটে ধুয়ে তাতে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও রসুন বাটা মেখে তেল দিয়ে লাল করে এপিঠ-ওপিঠ ভাজুন এবং তুলে রাখুন। কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা বাটা, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হলে ১ কাপ পানি দিন। আস্ত রসুনগুলো দিন। পানি ফুটে উঠলে ভাজা কই মাছগুলো দিন। ঝোল ঘন হয়ে এলে ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিন।মাছের ডিমের পুঁই খিলি[আটজনের জন্য পরিবেশন]উপকরণ: মাছের ডিম (যেকোনো) ১ কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, সরিষা বাটা আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, লবণ স্বাদমতো, পুঁইপাতা ১০-১২টি, টুথপিক ১০-১২টি, ময়দা ১ কাপ ও তেল ভাজার জন্য। প্রণালি: ডিম (মাছের) পরিষ্কার করে ধুয়ে তাতে হলুদ, মরিচ, সরিষা বাটা, লবণ ও লেবুর রস মাখিয়ে নিন। একেকটি পুঁইপাতা পানের খিলির মতো করে তাতে মাছের ডিম ভরে দিন এবং টুথপিক দিয়ে পাতার মুখ বন্ধ করে ময়দা, পানি ও লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে তাতে খিলিগুলো ডুবিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে তুলুন। পরিবেশনের সময় টুথপিকগুলো খুলে চায়ের সঙ্গেও পরিবেশন করা যায়।কলমি-চিংড়ি ভাজা [ছয়জনের জন্য পরিবেশন]উপকরণ: কচি কলমি শাক ৩ আঁটি, চিংড়ি মাছ ১০-১৫টি (মাঝারি), নারকেল বাটা ১ টেবিল-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, রসুন কুচি ২ কোয়া, কাঁচামরিচ ফালি ৩-৪টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো। প্রণালি: কলমি শাক ধুয়ে কুচি করে নিন। কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, নারকেল বাটা, হলুদ গুঁড়া, কাঁচামরিচ ও লবণ দিয়ে একটু কষিয়ে নিন। তারপর কলমি শাক দিয়ে ভাজুন। সব মসলা মিশে ভাজা ভাজা হলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।লাউ-টাকি-বড়ির ঝোল [ছয়জনের জন্য পরিবেশন]উপকরণ: লাউ ২ কাপ (ছোট ডুমো করে কাটা), ডালের বড়ি ৭-৮টি, টাকি মাছ ৪ টুকরা, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, রসুন কুচি ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ (ফালি) ৪-৫টি, তেজপাতা ২টি, ধনেপাতা কুচি ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো ও পানি ১ কাপ।প্রণালি: লাউ ধুয়ে কেটে নিন। বড়ি তেলে ভেজে তুলে রাখুন। টাকি মাছ হলুদ ও লবণ মাখিয়ে তেলে ভেজে কাঁটা বেছে রাখুন। এবার একটি হাঁড়িতে পরিমাণমতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, হলুদ গুঁড়া, টাকি মাছ, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হলে লাউ দিন। একটু কষিয়ে পানি দিয়ে ঢেকে দিন। লাউ সেদ্ধ হলে ধনেপাতা ও কাঁচামরিচ দিন। লাউ মাখা মাখা হলে ভাজা বড়িগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুুন। লাউ ঠান্ডা হলে ভাতের সঙ্গে পরিবেশন করুন।কাঁচকলা ও ইলিশ মাছের ভর্তা[ছয়জনের জন্য পরিবেশন]উপকরণ: কাঁচকলা ২টি (মাঝারি), ভাজা ইলিশ মাছ ২ টুকরা (কাঁটা ছাড়ানো), শুকনো মরিচ ভাজা ২টি, কাঁচামরিচ কুচি ২টি, পেঁয়াজ কুচি ১ টেবিল-চামচ, সরিষার তেল ২ চা-চামচ, লবণ স্বাদমতো।প্রণালি: কাঁচকলা ডুবো পানিতে সেদ্ধ করুন। কলার খোসা ছাড়িয়ে চটকে রাখুন। এবার ইলিশ মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ ও তেল একসঙ্গে মাখুন। মাখা হলে কাঁচকলা দিয়ে ভালো করে মেখে গরম গরম পরিবেশন করুন।শিং মাছে করলার চচ্চড়ি [ছয়জনের জন্য পরিবেশন]উপকরণ: মাঝারি আকারের করলা ২টি, আলু ১টি, শিং মাছ ৪-৫ টুকরা, পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, হলুদ গুঁড়া সামান্য, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ ফালি ৩-৪টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, পানি ১ কাপ। প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষাতে হবে। মসলা কষানো হলে শিং মাছ দিন। একে একে করলা ও আলু দিন। কিছুক্ষণ কষানো হলে ১ কাপ পানি দিন। করলা ও আলু সেদ্ধ হয়ে মাখা মাখা হলে তাতে কাঁচামরিচ ও ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করুন করলার চচ্চড়ি।ইলিশ মাছের মুড়িঘণ্ট[আটজনের জন্য পরিবেশন]উপকরণ: ইলিশ মাছের মাথা ১টি, ভাজা মুগডাল ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চা-চামচ, তেজপাতা ২টি, মরিচ গুঁড়া আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ (ফালি) ৫-৬টি, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল-চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, ঘি ১ টেবিল-চামচ।প্রণালি: মাছের মাথা কেটে টুকরো করে পরিষ্কার করে নিন। লবণ, হলুদ ও মরিচের গুঁড়া মেখে ভেজে রাখুন। সসপ্যানে তেল দিন, একে একে সব মসলা ও সামান্য পানি দিয়ে কষান। কষানো হলে মুগডাল দিন। একটু কষিয়ে পরিমাণমতো গরম পানি দিন এবং মাঝেমধ্যে নেড়ে দিন। ডাল সেদ্ধ ও ঘন হলে মাছের মাথা দিন। একটু নেড়ে ভাজা জিরার গুঁড়া ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের সময় ঘি দিয়ে পরিবেশন করুন।