মাছের পোনা উৎপাদনকেন্দ্রে ব্যাঙ ও মশার বংশবিস্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত বান্দরবান জেলার একমাত্র মাছের পোনা উৎপাদনকেন্দ্রটি (হ্যাচারি) পরিত্যক্ত পড়ে আছে নির্মাণের পর থেকেই। পার্বত্য চট্টগ্রাম মৎস্য উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের অধীনে ২০১০ সালের ২৫ জুন এই কেন্দ্র নির্মিত হয়। কিন্তু উদ্বোধনের পাঁচ দিনের মাথায় প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়।বান্দরবানের সুয়ালক এলাকায় সাড়ে পাঁচ একর জমির ওপর নির্মিত এই পোনা উৎপাদন কেন্দ্রের সাতটি পুকুরে ময়লা আবর্জনা ও শেওলার রাজত্ব। এসব মজা পুকুরে মশা ও ব্যাঙ বংশ বিস্তার করছে।উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন জানান, জেলার জেলেদের সুলভে মানসম্মত মাছের পোনা সরবরাহ করার লক্ষ্যে এটি নির্মাণ করা হলেও প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় হ্যাচারিটি চালু হয়নি।প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পার্বত্য অঞ্চলের মৎস্য উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের পাঁচ বছরমেয়াদি তৃতীয় পর্যায়ের কাজ গত বছর থেকে শুরু হয়েছে। এ বছর তিন পার্বত্য জেলার জন্য ২৫ লাখ টাকা বরাদ্দও দেওয়া হয়, যার মধ্যে ১৮ লাখ টাকা পাওয়া গেছে। কিন্তু এত কম টাকায় পোনা উৎপাদনকেন্দ্র চালানো সম্ভব নয় বলে তাঁরা জানান। এ বিষয়ে প্রশ্ন করা হলে, প্রকল্পের পরিচালক আবদুল হান্নান মিয়া জানান, বাজেট না থাকায় কাজ করা যাচ্ছে না। কর্মকর্তা-কর্মচারীও নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তবে এবার তিন লাখ মাছের পোনা উৎপাদনের জন্য দুই কেজি রেণু পোনা পুকুরগুলোতে ছাড়া হয়েছে। আগামী অর্থবছরে লোকবল নিয়োগ দেওয়া সম্ভব হতে পারে। সরেজমিনে দেখা যায়, হ্যাচারি ভবন, পরীক্ষাগার ও গুদাম, প্রশাসনিক ভবন, কর্মচারী বাসভবন ও পুকুরগুলো পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। কেন্দ্রের তত্ত্বাবধানকারী (কেয়ারটেকার) আলতাফ মিয়া জানান, তিনি প্রতিবছর জঙ্গল পরিষ্কার করে উৎপাদনকেন্দ্রের এলাকা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। বান্দরবানের সুয়ালকের বাসিন্দারা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। দ্রুত এই পোনা উৎপাদনকেন্দ্রটি চালু করার দাবিও জানান তাঁরা।