মাছের মুখে ব্যাঙের বাসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিকার করা মাছ আর মাছের মুখে ব্যাঙের সঙ্গে অস্ট্রেলিয়ার অ্যাঙ্গুজ জেমস।
শিকার করা মাছ আর মাছের মুখে ব্যাঙের সঙ্গে অস্ট্রেলিয়ার অ্যাঙ্গুজ জেমস।

বড়শি দিয়ে মাছটি ধরতে পেরে দারুণ উদ্বেলিত ছিলেন অস্ট্রেলিয়ার অ্যাঙ্গুজ জেমস। কিন্তু একটু পরই সত্যিকার চমকটি পান তিনি। বড়শি ছাড়াতে মিঠা পানির চকচকে মাছটির মুখ খুলতেই চোখ কপালে। ওমা, মাছের মুখের ভেতরে আরামে বসে আছে উজ্জ্বল সবুজ বর্ণের একটি জ্যান্ত ব্যাঙ! আর ব্যাঙের মুখে ফুটে উঠেছে মুচকি হাসি!

গতকাল সোমবার ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে উত্তর দিকের জলাভূমিতে সম্প্রতি জেমসের বড়শিতে মাছটি ধরা পড়ে। তারপর মাছের মুখে ব্যাঙ থাকার এই বিরল দৃশ্য ফেসবুকে পোস্ট করার পর রাতারাতিই ওই ছবিতে ৪০ হাজার লাইক পান জেমস। এ ছাড়া ছবিটিতে মন্তব্য পড়েছে দুই হাজার।

ঘটনা সম্পর্কে পেশাদার মাছ শিকারি জেমস বলেন, ‘দৃশ্যটি দেখে আমি তাজ্জব হয়ে যাই। প্রথমে ভেবেছিলাম, এটা হয়তো সবুজ ঘাস। কিন্তু তারপর দেখি মাছের মুখে সেটা নড়াচড়া করছে।’ জেমস জানান, তিনি সব সময়ই তাঁর সঙ্গে ক্যামেরা রাখেন। মাছের মুখে ব্যাঙ দেখার পর তিনি দ্রুত তাঁর ক্যামেরায় সেই দৃশ্য বন্দী করেন। ব্যাঙটির মুখমণ্ডলে তখনো যেন হাসির আভা লেগে ছিল।

একপর্যায়ে ব্যাঙটি বিরক্ত হয়। মাছের মুখ থেকে বেরিয়ে জেমসের মাথার ওপর দিয়ে দেয় লাফ। উজ্জ্বল সবুজ বর্ণের এই গেছো ব্যাঙের বাস অস্ট্রেলিয়া ও নিউগিনিতে। নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রেও এদের দেখা মেলে। এই ব্যাঙ লম্বায় চার ইঞ্চি পর্যন্ত হয়। বিপদে পড়লে শত্রুর হাত থেকে রক্ষা পেতে এরা জোরে ডাকাডাকি করে। স্পর্শ করলে ক্যাচ ক্যাচ শব্দ করে। তবে এমন কোনো শব্দ শোনেননি জেমস। তাই বোঝাই যাচ্ছে, ঘটনার সময় ব্যাঙটি ভীত ছিল না।