মাছ-সবজিতে ঈদের আপ্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাংসের নানা পদ তো আছেই; মাছ আর সবজিতেও বৈচিত্র্য আনতে পারেন ঈদের আপ্যায়নে। নাশতা, মূল খাবার—সবই হতে পারে মাংস ছাড়াই। দেখুন ফাতিমা আজিজের দেওয়া রেসিপিগুলো।

জাফরানি পোলাও
জাফরানি পোলাও

জাফরানি পোলাও
উপকরণ: বাসমতী চাল ২ কাপ, ঘি সিকি কাপ ও ২ টেবিল চামচ, বড় এলাচি ১টি, তেজপাতা ১টি, দারুচিনি ২টি, ছোট এলাচি ২টি, লবণ স্বাদ অনুযায়ী, পেঁয়াজ (মিহি স্লাইস) ২টি, কাজুবাদাম ও কিশমিশ ২ টেবিল চামচ, জাফরান আধা চা–চামচ ও সিকি চা–চামচ, কেওড়া আধা টেবিল চামচ, আদাবাটা ১ চা–চামচ, ঘন দুধ সিকি কাপ, চিনি (ঐচ্ছিক) ১ চা–চামচ, গরম পানি আড়াই কাপ বা প্রয়োজনমতো।
প্রণালি: চাল ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর পানি ঝরিয়ে নিন। কেওড়া জলে সিকি চা–চামচ জাফরান এবং বাকি জাফরান ঘন দুধে ভিজিয়ে রাখুন। হাঁড়িতে ঘি গরম করে কাজুবাদাম ও কিশমিশ ভেজে উঠিয়ে একটি আলাদা পাত্রে রাখুন। এবারে একই ঘিয়ে গরমমসলা ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি হালকা সোনালি করে ভেজে নিন। এতে আদাবাটা দিয়ে নেড়ে চাল দিয়ে লবণ ও চিনি দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিন। সাবধানে ভাজুন যেন চাল না ভাঙে। এবারে গরম পানি এবং দুধে ভেজানো জাফরান দিয়ে আলতোভাবে নেড়ে ঢেকে দিন যেন ভেতরের বাষ্প বের না হয়। অল্প আঁচে ১৫ মিনিট রান্না করুন। ঢাকনা খুলে ওপরে জায়ফল গুঁড়া ছিটিয়ে কেওড়া জলে ভেজানো জাফরান এবং ভেজে রাখা কাজুবাদাম ও কিশমিশ বিছিয়ে চারপাশে ২ টেবিল চামচ ঘি দিয়ে ঢেকে দিন। চুলা বন্ধ করে ১০ মিনিট দমে রাখুন। পাত্রে বেড়ে পরিবেশন করুন।

ইলিশ কাবাব
ইলিশ কাবাব

ইলিশ কাবাব
উপকরণ: ইলিশ মাছ ১টি, আলু (মাঝারি) ৪টি, কাঁচা মরিচ (মিহি কুচি) ৪টি, লেবু (সবুজ রং) ১টি, বিস্কুটের গুঁড়া ১ কাপ, লেবুর খোসা কুচি ১ চা–চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, লবণ ২ চা–চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা–চামচ, পেঁয়াজ (মিহি কুচি) ১ কাপ, সাদা সস (মাঝারি ঘন) ১ কাপ, আদার রস ১ টেবিল চামচ।
প্রণালি: ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে পেট চিরে নাড়ি-ভুঁড়ি বের করে পরিষ্কার মাছ ধুয়ে নিন। ডুবো পানিতে গোটা মাছ সেদ্ধ করে নিন। এবারে মাথা ও লেজ না ভেঙে মাঝের কাঁটা থেকে দুপিঠের মাছ ছাড়িয়ে কাঁটা বেছে নিন। কাঁটাসহ লেজ ও মাথা আস্ত থাকবে। আলু সেদ্ধ করে মসৃণ করে চটকে নিন। সবুজ রঙের একটি লেবু পাতলা গোল গোল টুকরা করে কেটে রাখুন। বাটিতে পেঁয়াজ, কাঁচা মরিচ, লেবুর রস, আদার রস ও লবণ দিয়ে কচলে নিন। এবারে এই মিশ্রণে সাদা সস, বিস্কুটের গুঁড়া এবং পাতলা গোল করে কাটা লেবু বাদ দিয়ে অন্যান্য বাকি উপকরণ মিশিয়ে ভালো করে মেখে নিন।
বেকিং ট্রেতে তেল ব্রাশ করে মাথা ও লেজসহ মাছের কাঁটা লম্বা করে বিছিয়ে নিন। তার ওপর আলু এবং মাছের মিশ্রণ সুন্দর করে বিছিয়ে চেপে চেপে মাছের আকারে তৈরি করুন একটি আস্ত ইলিশ মাছ। এর ওপর সাদা সসের প্রলেপ দিয়ে বিস্কুটের গুঁড়া ছিটিয়ে আবারও হাত দিয়ে আলতোভাবে চেপে দিন। মাছের ওপরে ছুরি বা চামচের ডগা দিয়ে আঁশের মতো আঁক কাটুন। প্রি–হিটেড ওভেনে ১৯০ ডিগ্রি সেলসিয়াসে ২৫ থেকে ৩০ মিনিট বেক করুন। পরিবেশনের আগে মাছের ওপরে মাঝখানে লম্বা করে লেবুর স্লাইসগুলো বিছিয়ে দিন। মাছের দুপাশের খালি জায়গায় আলু ভাজা, মাখনে ঝলসে নেওয়া গাজর এবং ইচ্ছে হলে অন্যান্য সবজিও মাখনে ঝলসে নিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ভেটকি ফিলে
ভেটকি ফিলে

ভেটকি ফিলে
উপকরণ: ভেটকি মাছ ১ কেজি, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ ২ চা–চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা–চামচ, রেড চিলি ফ্লেকস (আধা ভাঙা ও গুঁড়া শুকনা মরিচ) আধা টেবিল চামচ, আদার রস ২ টেবিল চামচ, ব্রেড ক্রাম্ব ২ কাপ, ডিম ২টি, সরিষা গুঁড়া আধা চা–চামচ গোল মরিচ গুঁড়া আধা চা–চামচ, কাঁচা মরিচ (মিহি কুচি) ৪টি ও তেল ভাজার জন্য।
প্রণালি: ভেটকি মাছের পিঠের অংশ চামড়া ছাড়িয়ে নিয়ে মাছ আধা সেন্টিমিটার পুরু করে ফিলের আকারে বড় বড় টুকরা করুন। মাছ ধুয়ে পানি ঝরিয়ে লেবুর রস, দেড় চা–চামচ লবণ, আদার রস, কাঁচা মরিচ কুচি, লাল মরিচের গুঁড়া ও গোল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে সারা রাত ফ্রিজে ঢেকে রেখে দিন। রান্নার আগে একটি বাটিতে আধা চা–চামচ লবণ দিয়ে ডিম ফেটে নিন। অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্বের সঙ্গে চিলি ফ্লেক্স মিশিয়ে রাখুন। মাছ বের করে একটি একটি করে ফিলে হাতে নিয়ে প্রথমে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে আবার ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন। একটি ট্রেতে পাতলা কাগজ বিছিয়ে তার ওপর ফিলে গুলো দুই হাত দিয়ে চেপে রাখুন। ঘণ্টা খানেক ট্রেসহ ফিলেগুলো ডিপ ফ্রিজে রাখুন। বের করে কড়াইয়ে তেল গরম করে ফিলেগুলো ডুবো তেলে মচমচে সোনালি করে ভেজে নিন। তেল ছেঁকে উঠিয়ে মেয়োনেজ টমেটো সস অথবা রসুন–মরিচ সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

ডাব-চিংড়ি
ডাব-চিংড়ি

ডাব-চিংড়ি
উপকরণ: বড় চিংড়ি (বেছে নেওয়া) ৫০০ গ্রাম, শাঁসসহ বড় ডাব ১টি, সরিষার তেল ১ কাপ, সাদা সরিষাবাটা (ঐচ্ছিক) ১ চা–চামচ, পেঁয়াজবাটা ৪ টেবিল চামচ, রসুনবাটা ১ চা–চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা ৬টি, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ চা–চামচ, ডাবের শাঁস দেড় কাপ, চার মগজবাটা (শসা, কুমড়া, তরমুজ ইত্যাদির শুকনা বিচি) আধা কাপ, চিনি ১ চা–চামচ, লবণ আধা চা–চামচ, ময়দা (ছেনে নেওয়া) পরিমাণমতো।
প্রণালি: ডাবের মুখ বেশ খানিকটা গভীর করে কেটে পানি বের করে শাঁস কুরিয়ে একটি আলাদা পাত্রে রাখুন। ডাবের নরম শাঁস ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। চিংড়ি সিকি চা–চামচ লবণ মেখে আধা ঘণ্টা রেখে দিন। ফ্রাইপ্যানে আধা কাপ সরিষার তেল গরম করে পেঁয়াজবাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে হলুদ গুঁড়া, আদা-রসুনবাটা ও পোস্তদানাবাটা দিয়ে সামান্য হাত–ধোয়া পানি দিয়ে নেড়ে আঁচ কমিয়ে দিন। কাঁচা মরিচবাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এবার চার মগজবাটা এবং ডাবের শাঁসের পেস্ট দিয়ে নাড়ুন। চিংড়ি দিয়ে নেড়ে চিনি দিয়ে এমনভাবে রান্না করুন যেন ঘন মসলার মিশ্রণ চিংড়ির গায়ে লেগে পুরো চিংড়ি প্রায় ঢেকে যায়। এবারে মসলাসহ রান্না করা চিংড়ি ডাবের ভেতরে ঢেলে দিন। ডাবের কাটা অংশটি দিয়ে মুখ ঢেকে ঢেকে আটা বা ময়দা দিয়ে এমনভাবে মুখ বন্ধ করে দিন যেন ভেতরে থেকে বাষ্প বের হতে না পারে। গোটা ডাবটি
প্রি-হিটেড ওভেনে ২৫০ ডিগ্রি ফারেনহাইটে বেক করুন। এবারে নামিয়ে ডাবের মুখ খুলে জাফরানি পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন ডাব-চিংড়ি।

সেমাইয়ের লাড্ডু
সেমাইয়ের লাড্ডু

সেমাইয়ের লাড্ডু
উপকরণ: ভাজা লাচ্ছা সেমাই ২০০ গ্রাম, কনডেন্সড মিল্ক ১ কাপ (প্রয়োজন হলে আরও সিকি কাপ দেওয়া যেতে পারে)। গোলাপজল ২ চা–চামচ, জাফরান আধা চা–চামচ, বাদাম ও পেস্তা কুচি আড়াই টেবিল চামচ, গুঁড়ো দুধ ৪ টেবিল চামচ।
প্রণালি: সেমাই হাত দিয়ে হালকা গুঁড়া করে নিন। ননস্টিক ফ্রাইপ্যানে সেমাই অল্প আঁচে ১০-১৫ মিনিট ভেজে নিন। এবার কনডেন্সড মিল্ক, আধা টেবিল চামচ বাদাম ও পেস্তা কুচি দিয়ে নাড়ুন। আঠালো হয়ে এলে গোলাপজলে ভিজিয়ে রাখা জাফরান দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবারে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে একটি বাটিতে নিন। এবারে অল্প অল্প করে লাড্ডুর আন্দাজে হাতের তালুতে নিয়ে গোলাকৃতি লাড্ডু তৈরি করে বাদাম ও পেস্তায় গড়িয়ে নিয়ে পরিবেশন করুন।

ফল–সবজি সালাদ
ফল–সবজি সালাদ

ফল–সবজি সালাদ
উপকরণ: চিংড়ি (মাঝারি) ১ কাপ, শসা আধা কাপ, আলু (সেদ্ধ করে নেওয়া) আধা কাপ (২ সেন্টিমিটার লম্বা করে কাটা), গাজর এক কাপের তিন ভাগের এক ভাগ,
আপেল কুচি অর্ধেকটি, আনার দানা ৩ টেবিল চামচ, পেঁয়াজ (মাঝারি) ২টি, বাঁধাকপি ঝুরি করা আধা কাপ, মেেয়ানেজ আধা কাপ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা–চামচ, সরিষা গুঁড়া আধা চা–চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি ২ চা–চামচ, লবণ আধা চা–চামচ, মাখন ২ টেবিল চামচ, কাঁচা মরিচ (মিহিকুচি) ২টি, ক্যাপসিকাম সিকি কাপ, চিলি ফ্লেক্স (যদি কেউ ঝাল খেতে চান) ১ চা–চামচ ও সেদ্ধ ডিম ১টি। 
প্রণালি: চিংড়ি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ মাখন গলিয়ে অল্প আঁচে ১০–১২ মিনিট ঢেকে রান্না করুন। হালকা ভাজা ভাজা হলে নামিয়ে রাখুন। শসা ও গাজর দিয়ে দুটো ফুল তৈরি করে পানিতে রাখুন। শসা, গাজর, আপেল, ক্যাপসিকাম ও সেদ্ধ করা আলু ২ থেকে আড়াই

নারকেলের দুধের শরবত
নারকেলের দুধের শরবত

সেন্টিমিটার লম্বা করে কুচি করুন। পেঁয়াজ মিহি কুচি করুন। কাঁচা মরিচ কুচি করুন। গাজর পানিতে ভাপিয়ে নিন। ১ টেবিল চামচ মাখন চিংড়ি ভাজা ফ্রাইপ্যানে গলিয়ে নিয়ে তাতে আলু, গাজর ও ক্যাপসিকাম ঝলসে নিন। দুই টেবিল চামচ মেয়োনেজ দিয়ে রেখে একটি বোলে সালাদের সব উপকরণ একত্রে মিশিয়ে নিন।
পরিবেশনের পাত্রে সালাদ সাজিয়ে সেদ্ধ ডিম ফুলের মতো কেটে সালাদের মাঝখানে রাখুন। এর সঙ্গে গাজর ও শসার তৈরি ফুল দিয়ে সাজিয়ে চাইলে চিলি ফ্লেক্স ছিটিয়ে পরিবেশন করুন।
নারকেলের দুধের শরবত
উপকরণ: কোরানো নারকেল ২ কাপ, কনডেন্সড মিল্ক ১ টিন, পানি ৪ কাপ, চিনি আধা কাপ, ২টি লেবুর রস, ১টি লেবুর খোসা কুচি ও বরফ কুচি পরিমাণ মতো। 
প্রণালি: নারকেল আধা বাটা করে এক কাপ পানি মিশিয়ে কচলে দুধ বের করে ছেঁকে নিন। কচলানো নারকেলে আরও এক কাপ পানি মিশিয়ে আবার কচলে দুধ বের করে নিন।
এবারে বাকি দুই কাপ পানিতে কনডেন্সড মিল্ক ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন যেন চিনি গলে যায়। এবার এই মিশ্রণে নারকেলের দুধ ও লেবুর রস মিশিয়ে ভালো করে নাড়ুন এবং ফ্রিজে রেখে দিন।
লেবুর খোসা কুচি ও বরফ কুচি দিয়ে পরিবেশন করুণ ঠান্ডা ঠান্ডা নারকেলের শরবত।