মাঝ বয়সীদের ডায়েট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজের চাপের ওপর নির্ভর করে মাঝ বয়সীদের খাওয়াদাওয়াতে কিছু পরিবর্তন আনা উচিত। মডেল: নার্গিস, ছবি: অধুনা
কাজের চাপের ওপর নির্ভর করে মাঝ বয়সীদের খাওয়াদাওয়াতে কিছু পরিবর্তন আনা উচিত। মডেল: নার্গিস, ছবি: অধুনা

শরীর সুস্থ রাখতে এবং ওজন ধরে রাখতে সব বয়সের মানুষ বিভিন্ন সময়ে ডায়েট করে থাকে। বয়স আর নারী-পুরুষ ভেদে ডায়েট বিভিন্ন রকমের হয়। তবে মাঝ বয়সীদের ডায়েটটা কেমন হবে? কারণ, মাঝ বয়সে কাজের চাপ অনেক থাকে। সেই অনুযায়ী খাবার ঠিক করতে হবে, যা ওজন ধরে রাখতে এবং কাজের চাপ অনুযায়ী শক্তি জোগাতে সাহায্য করে।
কর্মজীবী নারীদের ক্ষেত্রে ডায়েট এক রকম আবার গৃহিণীদের ক্ষেত্রে অন্য রকম। একজন কর্মজীবী নারী যত বেশি শারীরিক পরিশ্রম করবেন, তাঁর খাবার নির্ধারিত হবে কতটুকু ক্যালরি খরচ হলো এর ওপর নির্ভর করে। আবার একজন গৃহিণী যিনি অনেক কাজ করছেন, তাঁর এক রকম ডায়েট হবে, আবার যিনি তুলনামূলক কম কাজ করেন, তাঁর আরেক রকম ডায়েট হবে। আবার পুরুষদের ক্ষেত্রেও তাই, যাঁরা অফিসে ডেস্কে বসে কাজ করেন অথবা কাজের চাপ বেশি থাকে, সেটার ওপর নির্ভর করে তাঁদের ডায়েট হবে।
মাঝ বয়সে ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয়। এ বয়সে খাদ্যতালিকায় দুধ, ডিম, বিভিন্ন রকমের শাক, সামুদ্রিক মাছ, ছোট মাছ ইত্যাদি খেতে হবে। নারীদের ক্যালসিয়াম ও আয়রনের ঘাটতি দেখা দেয়। তাদের খাবারের তালিকায় ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ বেশি থাকতে হবে—বলেন বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো।
এ ছাড়া দুধ ও দুধের তৈরি খাবার বেশি করে খেতে হবে। যেন ওজন বেড়ে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। খাবারের তালিকায় সবকিছু পরিমাণমতো থাকতে হবে, মাছ-মাংস, ডিম, সবজি ইত্যাদি অর্থাৎ যেসব খাবার শরীরে শক্তি জোগাবে। এসব খাবারের সঙ্গে সঙ্গে ভিটামিন সি খেতে হবে ত্বক ও চুলের জন্য। তা ছাড়া নিয়মিত শরীরচর্চা করতে হবে।