মাঝপথে আটকে আছে সৈকতে গণশৌচাগার নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝপথে আটকে আছে কক্সবাজার সমুদ্রসৈকতে গণশৌচারগার নির্মাণকাজ। সাত বছর আগে সৈকতের লাবণী পয়েন্টে পৌরসভা কর্তৃপক্ষ গণশৌচাগারের নির্মাণকাজ শুরু করে। কিন্তু মাঝপথে কাজ বন্ধ রেখে ঠিকাদার উধাও হয়ে যায়। এর পর থেকে অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে গণশৌচাগারটি।
এদিকে গণশৌচাগার না থাকার সৈকত ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকসহ স্থানীয় ব্যবসায়ীরা পড়ছেন বিপাকে।
সরেজমিনে দেখা গেছে, সৈকতের লাবণী পয়েন্টের মসজিদ ও ঝিনুক মার্কেটের মাঝামাঝি স্থানে শৌচাগারের অবস্থান। দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ থাকায় দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। সন্ধ্যার পর ওই ঘরে মাদকসেবী ও বখাটে যুবকদের আড্ডা চলে বলে অভিযোগ রয়েছে।
সৈকতপাড়ের ব্যবসায়ীরা জানান, এখানে অন্তত চার শতাধিক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। শৌচাগার না থাকায় অনেকে বালুচরে বসে কিংবা ঝাউবাগানের ভেতর গিয়ে প্রাকৃতিক কাজ সারছে। এ কারণে সৈকতের পরিবেশ নষ্ট হচ্ছে।
পৌরসভা সূত্র জানায়, ২০০৭ সালে সৈকত ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তমতে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে আধুনিক মানের গণশৗচাগারটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। শৌচাগারটি নির্মাণের দায়িত্ব পান পৌরসভার ঠিকাদার জয়নাল আবেদিন। কিন্তু তিনি কয়েক মাসের মাথায় অর্ধেক কাজ করে উধাও হয়ে যান।
হোটেলমালিকেরা জানান, শৌচাগার না থাকায় অনেকে সৈকতে এসে ভ্রমণ সংক্ষিপ্ত করে হোটেলে ফিরে আসতে বাধ্য হন। সৈকতের ডায়াবেটিক হাসপাতাল, শৈবাল, লাবণী ও কলাতলী পয়েন্টেও পৌরসভার উদ্যোগে গণশৌচাগার নির্মাণ জরুরি। কিন্তু এ ব্যাপারে কারও উদ্যোগ নেই।
কক্সবাজার সৈকত হকার লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে গণশৌচাগারটি অর্ধনির্মিত অবস্থায় পড়ে থাকায় পর্যটকসহ স্থানীয় হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
এ প্রসঙ্গে পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, ঠিকাদারের গাফিলাতির কারণে গণশৌচাগারটি অর্ধেক অবস্থায় পড়ে রয়েছে। গত জুন মাসে ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়েছে। এখন নতুন করে দরপত্র আহ্বান করে এটির বাকি কাজ শেষ করার প্রস্তুতি চলছে।