কর্ণফুলী নদীর ওপর নির্মিত তৃতীয় কর্ণফুলী সেতু (শাহ আমানত সেতু) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এক বছর আগের এই দিনে। নতুন সেতু চালুর সঙ্গে সঙ্গে লোহার কাঠামোর পুরোনো সেতু অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছিল। কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে পুরোনো কর্ণফুলী সেতু অপসারণের কাজ শুরু করেও তা অব্যাহত রাখা সম্ভব হয়নি। তিন মাস ধরে পুরোনো সেতুর অপসারণের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে দ্রুত পলি জমছে বলে জানা যায়।এ প্রসঙ্গে পুরোনো সেতু অপসারণের দায়িত্বে নিয়োজিত আল-আমিন কন্সট্রাকশন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কিছু অংশ ভাঙার পর আমরা বুঝতে পেরেছি শ্রমিক দিয়ে এই সেতু ভাঙা সম্ভব নয়, ভাঙতে গেলে বড় দুর্ঘটনার আশঙ্কা আছে। এ কারণে সেতু ভাঙার কাজ গত এপ্রিল থেকে বন্ধ রেখেছি।’সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সূত্রমতে, নতুন কর্ণফুলী সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান চীনের মেজর ব্রিজ কোম্পানি ও তাদের অংশীদার আল-আমিন কন্সট্রাকশন লিমিটেডকে পুরোনো সেতু ভাঙা ও পুরোপুরি অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ জন্য সওজের সঙ্গে মেজর ব্রিজ কোম্পানির গুচ্ছ চুক্তি (প্যাকেজ ডিল) ছিল। চুক্তির শর্তমতে, গত ৩০ মের মধ্যেই পুরোনো সেতু সম্পূর্ণ অপসারণের কথা। এর ব্যয় ধরা হয়েছিল পাঁচ কোটি টাকা।কিন্তু পরবর্তী সময়ে মেজর ব্রিজ কোম্পানি আলাদা উপচুক্তি করে আল-আমিন কন্সট্রাকশন কোম্পানিকে সেতু অপসারণের দায়িত্ব দেয়। চুক্তির শর্তমতো আল-আমিন কন্সট্রাকশন গত মার্চ মাসে সেতু ভাঙার কাজ শুরু করে। সনাতনী পদ্ধতির হাতুড়ি-শাবল দিয়ে ভাঙার কাজ শুরুর পর কর্মকর্তারা বুঝতে পারেন, এভাবে এক বছরেও সেতুটি অপসারণ সম্ভব নয়। এ ছাড়া এই পদ্ধতিতে কাজ করতে গেলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। এসব বিবেচনা করে গত এপ্রিল মাস থেকে ওই সেতু অপসারণের কাজ পুরোদমে বন্ধ করে দেওয়া হয়।এ প্রসঙ্গে মো. সাহাবুদ্দিন বলেন, ‘প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে আমরা সেতু অপসারণের কাজ অব্যাহত রাখতে পারিনি, কাজটি এখন আমরা মেজর ব্রিজ কোম্পানিকে দিয়ে দিয়েছি। তারা চীন থেকে প্রকৌশলী এনে এবং নতুন ডিজাইন করে সেতু ভাঙবে। তবে নভেম্বর-ডিসেম্বরের আগে ভাঙার কাজ শুরু হবে বলে মনে হয় না।’সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কর্ণফুলী তৃতীয় সেতু প্রকল্পের পরিচালক মো. মাঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গত ৩০ মের মধ্যে পুরোনো সেতুর সম্পূর্ণ কাঠামো অপসারণের সময়সীমা নির্ধারিত ছিল। সময়মতো কাজ সম্পাদন করতে না পারলে আমরা ওই প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করব।’সওজ সূত্র জানায়, প্রায় এক কিলোমিটার দীর্ঘ লোহার কাঠামোর পুরোনো সেতুটি বসানো হয়েছিল ১৯৮৯ সালের ডিসেম্বরে। নেদারল্যান্ডের একটি পরিত্যক্ত সেতু এনে কর্ণফুলী নদীর ওপর বসিয়ে দিয়ে সস্তা বাহাবা নিতে চেয়েছিলেন সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ। এই সেতু স্থাপনের সময় কর্ণফুলী নদীর মূল প্রবাহের মাঝখানে ছয়টি আলাদা গুচ্ছে (রিয়ার) মোট ২৪টি পিলার (পাইল) বসাতে হয়। এ কারণে কর্ণফুলী নদীতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে ব্যাপক হারে পলি জমতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকে, এই পলি জমার কারণে নদীর উত্তর পাড়ের সরকারি মৎস্য অবতরণকেন্দ্রসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা পরিত্যক্ত ঘোষণা করতে হয়। ক্রমাগত বালু অপসারণ (ড্রেজিং) করে কোনোমতে ধরে রাখা হয় চট্টগ্রাম বন্দর চ্যানেলের নাব্যতা।বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, কর্ণফুলী নদীর মূল পানিপ্রবাহের স্থানে এভাবে পিলারের কারণে পলি জমা অব্যাহত থাকলে বন্দরে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এ কারণে বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি লিখে দ্রুত কর্ণফুলী সেতুর পিলার অপসারণের দাবি জানায়।পুরোনো কর্ণফুলী সেতুর কাঠামো লোহার হলেও এই সেতুর পাটাতন ছিল কাঠের। ঝড়-বৃষ্টিতে এই কাঠামো নষ্ট হওয়ায় প্রতিবছরই সেতুর কাঠের পাটাতন পাল্টাতে হতো। শেষের দিকে পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায়, দেশে উপযুক্ত কাঠ না পাওয়ার কারণে ব্রাজিল থেকে দামি কাঠ আমদানি করে সেতুটি চালু রাখতে হয়েছিল। এ ছাড়া সেতুর ভারবহন ক্ষমতার সীমাবদ্ধতার কারণে পুরোনো ওই সেতুর ওপর দিয়ে মাঝারি ও ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল। গত বছরের আগস্ট পর্যন্ত পুরোনো সেতু দিয়ে হালকা যানবাহন চালু ছিল। গত বছরের ৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৃতীয় কর্ণফুলী সেতু। এরপর পুরোনো সেতুতে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।