তিন পার্বত্য জেলায় বেসরকারি সংস্থা পরিচালিত শিশু বিকাশমূলক প্রকল্পের কাজ বন্ধ হওয়ায় চার হাজার দরিদ্র শিশুশিক্ষার্থী শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। কমপ্যাশন ইন্টারন্যাশনাল নামের বেসরকারি সংস্থা দেশজুড়ে সাড়ে ৭০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে। তবে প্রকল্পের পার্বত্য চট্টগ্রাম অংশে এই উন্নয়ন কার্যক্রম পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেন।
বেসরকারি সংস্থা কমপ্যাশন সূত্রে জানা গেছে, এ প্রকল্পের অধীনে বিদ্যালয়গামী দরিদ্র শিশুদের পোশাক, বই, খাতাসহ শিক্ষা উপকরণ ও দুপুরের খাবার দেওয়া হয়। পাশাপাশি শিশুদের জন্য কোচিং ও চিকিৎসাসেবার ব্যবস্থাও রাখা হয়েছে। ২০১৮ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদে তিন পার্বত্য জেলায় চার হাজার শিশুকে এ সহযোগিতা দেওয়ার কথা। কিন্তু গত ১ মার্চ থেকে এনজিও ব্যুরোর নির্দেশে পার্বত্য মন্ত্রণালয় প্রকল্পগুলোর কাজ বন্ধ করে দেয়।
সম্প্রতি পার্বত্য এলাকায় সংস্থাটির কার্যক্রম পরিদর্শনে এসে ধর্মীয় স্পর্শকাতর কিছু বিষয় খুঁজে পাওয়ার দাবি করে এনজিও ব্যুরো। এরপর এনজিও ব্যুরোর নির্দেশে তিন পার্বত্য জেলায় কমপ্যাশনের কার্যক্রম স্থগিত করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।
এ বিষয়ে কমপ্যাশনের কান্ট্রি ডিরেক্টর কাজল সেনগুপ্ত বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে আমাদের চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রাম (সিএসপি) প্রকল্পের আওতায় শিশুদের জন্য উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিছু ভুল বোঝাবুঝির কারণে সমস্যা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে পার্বত্য মন্ত্রণালয় ও এনজিও ব্যুরোর সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আগামী মাসের মধ্যে এনজিও নীতিমালা মেনে আবার কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে।’
এ ব্যাপারে কমপ্যাশনের সহযোগী সংস্থা বান্দরবানের কমিউনিটি ডেভলপমেন্ট কনসার্নের (সিডিসি) কর্মসূচি সমন্বয়কারী লালচুনুং নাকো বম বলেন, স্থানীয় তিনটি এনজিও কমপ্যাশনের সিএসপি প্রকল্প বাস্তবায়ন করছে। ২০১৮ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদে তিন পার্বত্য জেলায় প্রকল্পে চার হাজার শিশুকে এ সহযোগিতা দেওয়ার কথা। প্রকল্পের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় উপকারভোগী দরিদ্র শিশুরা নানা সেবা থেকে বঞ্চিত হবে।
সিডিসির নির্বাহী পরিচালক জিরকুং সাহু ধর্মীয় স্পর্শকাতর কোনো বিষয়ের সঙ্গে সিএসপি প্রকল্পের সম্পর্ক নেই বলে দাবি করেন। তিনি জানান, কোনো তদন্ত প্রতিবেদন ছাড়া কেবল পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যা অযৌক্তিক। পরিদর্শন প্রতিবেদনের অভিযোগ তথ্যভিত্তিক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করা হলে আমরা কঠোর ব্যবস্থা নেব।’
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর হোসেন পরিদর্শন প্রতিবেদনের কথা স্বীকার করে বলেন, পরিদর্শনের সময় কিছু স্পর্শকাতর অসংগতি পাওয়া গেছে। এজন্য সিএসপি প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।