মাঝপথেই থেমে যায় তাদের পড়ালেখা
‘আগে ব্র্যাক ইশকুলে পড়তাম। গত দুর্গাপূজার সময় এই ইশকুলে ভর্তি হইছি। এখন থ্রিতে পড়ি। আর আমার ছোট ভাইও এই স্কুলে পড়ে।’ কথাগুলো বলছিল মিতু বাড়ৈ। বয়স আট বছর। সে আঙুল তুলে দেখিয়ে দিল একটা স্কুলঘর। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা-বাগান প্রাথমিক বিদ্যালয়। স্কুলটা কিছুদিন আগেই এখানে গড়ে উঠেছে।এই স্কুলেই পড়ছে সঞ্জয় বাড়ৈ। দৌড়ে এসে বলে, ‘আমি ইশকুলে একটা কবিতা শিখেছি, “এসো এসো ছুটে এসো...”।’পড়ালেখা শিখে তুমি কী হবে?সঞ্জয়ের সহজ উত্তর, ‘ইঞ্জিনিয়ার হব।’ তারপর গাইতে গাইতে সহপাঠীদের সঙ্গে আবারও খেলায় মন দেয়।পাশেই দাঁড়িয়ে ছিল রিতম বাড়ৈ। সে বলে, ‘আমিও এই স্কুলেই পড়ি। আমার বোন ক্লাস এইটে পড়ে।’ তারপর খানিকক্ষণ থেমে বলে, তবে বড় বোন আর স্কুলে যাইব না। অনেক দূরে স্কুল।’খাইছড়া চা-বাগানে একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। তাই যারা প্রাথমিক পাস করছে, তাদের মাধ্যমিক শ্রেণীতে পড়ার জন্য শ্রীমঙ্গল শহরের উচ্চবিদ্যালয়গুলোই একমাত্র ভরসা। আর সেখানে যাওয়ার জন্য তারা হাঁটাপথই বেছে নেয়। তেমনই একজন রিছেল বাড়ৈ। সে বলে, ‘আমি ক্লাস সেভেনে পড়ি। প্রতিদিন এক মাইল হাঁইট্যা স্কুলে যাইতে হয়। এই কারণে মাঝেমধ্যে স্কুল ফাঁকিও দিই।’ ওর সঙ্গে দাঁড়িয়ে ছিল সহপাঠী রিপন ও তাপস। তারাও সমর্থন করে রিছেলকে।শাওন তাঁতি পড়ছে ষষ্ঠ শ্রেণীতে। কোন স্কুলে পড়ছ, প্রশ্ন করতেই বলল, ‘বাগানের বাইরের এক ইশকুলে পড়ি। নাম ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়। হাঁইট্যা যাইতে প্রায় তিরিশ মিনিট সময় লাগে।’পাশেই দাঁড়িয়ে ওদের কথা শুনছিল সাগর কর্মকার। জিগ্যেস করলাম, তুমি পড়ো কোথায়?দুই পাশে ঘাড় নাড়ল, ‘পড়ি না। আগে ভর্তি হইছিলাম। ব্র্যাক ইশকুলে। টু পর্যন্ত পইড়া আর পড়ি নাই অভাবের কারণে। এহন বাবার লগে আমিও বাগানে কাজ করি।’কথায় কথায় জানিয়ে দেয়, বড় হয়ে সে গাড়িচালক হবে। ‘বাগানের মালিকের গাড়ি চালামু। তারে গাড়ি চালাইয়া ঢাকায় নিয়া যামু।’ ভবিষ্যৎকে চিনে নিয়ে এভাবেই নিজের গন্তব্য ঠিক করে নেয় সে।আরেকটু দূরে দেখা গেল বোনকে নিয়ে খেলছে বিশাল লালা। সেও অন্যদের সঙ্গে ভিক্টোরিয়া স্কুলে পড়ে। কথায় কথায় ও জানাল, খুব বেশি দিন পড়তে পারবে না। কারণ, পড়ার খরচ অনেক।রবি ভূঁইয়ার বয়স সাত বছর। কিন্তু সে এখনো স্কুলে ভর্তি হয়নি। কথা হলো তার বাবা অতুল ভূঁইয়ার সঙ্গে। তিনি বলেন, ‘আর কইয়েন না। গরিব মানুষ কেমনে পড়াই। বউ বাগানে কাজ করে। আমি সময়ে সময়ে লাকড়ি কাটি, ধান কাটি। রোজ পাই ১৫০ টাকা। আবার মাসের ১৫ দিন কোনো কাজ থাকে না। তা খাইব, না ওগোরে পড়াইব। মেয়েরে ব্র্যাক ইশকুলে দিছিলাম। এখন ছাড়ি দিছে। টাকাপয়সার অভাবে পড়াইতে পারতেছি না।’দূরের ছড়া থেকে পানি নিয়ে ফিরছিলেন মলিনা বাড়ৈ। তাঁর দুই ছেলে। তাদের স্কুলে পাঠানো হয়েছে কি না, জিগ্যেস করায় তিনি বলেন, ‘না, দেই নাই। পইড়া কী হইবেক। তারা বড় হইলেই তো বাগানে কাজ করবেক।’কথা হয় হোসেনাবাদ চা-বাগানের শিউলি তাঁতির সঙ্গে। সে হোসেনাবাদ রেজি. প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। হাতে একগাদা বই। বইগুলো দেখিয়ে বলে, ‘পড়তে ভালো লাগে। কিন্তু সিক্সে আর পড়তে পারুম না।’কেন, জিগ্যেস করতেই ওর উত্তর, ‘হাইস্কুল এক মাইল দূরে মহাজেরাবাদে। সেই খানে গিয়া পড়তে দিব না বাবায়।’পাশের একজনের গায়ে লাল একটা শার্ট। নাম আকাশ তাঁতি। চতুর্থ শ্রেণীতে পড়ে। জিগ্যেস করলাম, তোমার স্কুলড্রেস নেই?ও মাথা নিচু করে। তারপর বলে, ‘নাই। বাবা চা-বাগানের ফেকটরিতে কাম করে। খুব কম টেকা পায়। টেকার অভাবে বানাইয়া দিতে পারে নাই।’কথায় কথায় ও জানিয়ে দেয়, বড় হয়ে সে শিক্ষক হতে চায়। কী একটা মনে পড়তেই আবার বলে, ‘তয় বাবায় কইছে, আর এক কেলাস পইড়া বাগানের কাজে ঢুকতে।’ওদের সঙ্গে স্কুলে হাজির হই। একটা ক্লাসে গিয়ে দেখা গেল ক্লাস চলছে।সবাইকে জিগ্যেস করা হলো, বড় হয়ে কী হতে চাও?সবাই একে অন্যের দিকে তাকাতে লাগল। এর মধ্যে নিলয় খত্রি বলে ওঠে, ‘ডাক্তার হবেক।’আকাল কালুয়ার বলে, ‘আমি ইঞ্জিনিয়ার হবেক।’ ওদের কথা শুনে অন্যরাও একই কথা বলতে শুরু করে।এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২৩৫ জন। আর পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ২০, যেখানে চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা ৬৬।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, ‘আসলে চা-বাগানের প্রায় সবাই দারিদ্র্যসীমার নিচে বাস করে। ওদের মজুরি দৈনিক ৫৫ টাকা। এই মজুরিতে ওদের সংসার চলে না। তাই তাদের সন্তানেরা একটু বড় হলেই চা-বাগানের কাজে লাগিয়ে দেওয়া হয়।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘তবে শিশুদের যদি বিভিন্ন ধরনের প্রণোদনার ব্যবস্থা দেওয়া হতো, তবে ঝরে পড়ার হার অনেক কমে যেত। যেমন: টিফিন ও শতভাগ উপবৃত্তির ব্যবস্থা। সরকার হাওর, বাঁওড় ও বনাঞ্চলে ১০০ শতাংশ উপবৃত্তির ব্যবস্থা করেছে। কিন্তু চা-বাগান এলাকায় দেয় মাত্র ৪৫ শতাংশ।কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, কানিহাটি, দেওছড়া, আলীনগর, মাধবপুর, পাত্রকলাসহ কয়েকটি চা-বাগান ঘুরে দেখা গেছে, কয়েকটি বাগানে সরকারি উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হলেও অধিকাংশ চা-বাগানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যেখানে এক থেকে দুজন শিক্ষক রয়েছেন। আর এসব শিক্ষককে দৈনিক মজুরির ভিত্তিতে সম্মানী দেওয়া হয়। এই উপজেলার নন্দরানী চা-বাগানে কোনো বিদ্যালয় নেই। তাই এখানকার ছেলেমেয়েরা মোহাজেরাবাদ উচ্চবিদ্যালয়ে যায়।কথা বলি কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তীর সঙ্গে। চা-বাগান এলাকায় শিশুদের কেন শতভাগ উপবৃত্তি দেওয়া হচ্ছে না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি এই এলাকার শিক্ষার্থীদের মধ্যে শতভাগ উপবৃত্তি দেওয়ার। আমরা চেষ্টা করছি, নিম্ন আয়ের লোকের তালিকা তৈরি করে নির্দিষ্ট করে তাদের বৃত্তি দিতে। একই সঙ্গে এ বিষয়ে আমরা বাগান কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছি।’কমলগঞ্জ উপজেলার চা-বাগান এলাকায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৮টি। শ্রীমঙ্গলের চা-বাগান এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৪৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্মকর্তা ভারতী চক্রবর্তী বলেন, ‘বাগান এলাকায় পঞ্চম শ্রেণীর পর বেশির ভাগ শিশুরই পড়ালেখা বন্ধ হয়ে যায়। তবে আমরা চেষ্টা করছি ঝরে পড়ার হার কমিয়ে আনতে। তবে আশার কথা, আগের চেয়ে অনেক বেশিসংখ্যক শিশু বিদ্যালয়ে যাচ্ছে।’ এর ফলে বাগান এলাকায় শিক্ষার হার বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা-বাগানের অনেক শিশুর সঙ্গে কথা বলে জানা গেছে, ইদানীং তারা প্রায় সবাই প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে। তাদের অনেকেই প্রাথমিকে ঝরে না পড়লেও বাবা-মা দিনের বেলায় কাজে চলে গেলে গরু চরানো ও ঘরের কাজে অনেক দিনই অনেকে স্কুলে যেতে পারে না।অভিভাবক মঙ্গলা ভূমিজ (৪০) বলেন, ‘সন্তানরে লেখাপড়া তো করাই। কিন্তু বাগানে যে ব্যবস্থা আছে, এর বাইরে কিছু করাইতে পারি না।’ আরেক অভিভাবক জয় কুমার ভূমিজ (৪০) বলেন, ‘বাগানে লেখাপড়ার কিছু সুবিধা আছে, মানলাম। কিন্তু বড় ক্লাসে উঠলেই সমস্যা। বহু দূর যাইতে হয়। আর তো পড়ানো যায় না।’এ প্রসঙ্গে পার্শ্ববর্তী তারাপাশা চা-বাগানের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করুণ চন্দ্র ভৌমিক বলেন, ‘বাগানের ছেলেমেয়েদের প্রায় শতভাগই প্রাথমিক বিদ্যালয়ে যায়। কিন্তু এর পরই তারা ঝরে পড়ে। আট-নয় মাইল দূরে মাধ্যমিক বিদ্যালয়। এতটা দূরের স্কুলে যাওয়া শিশুদের পক্ষে সম্ভব হয় না।’ তিনি জানান, অধিকাংশ চা-বাগানেই সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। চা-বাগান কর্তৃপক্ষ পরিচালিত একটি স্কুল থাকার কথা থাকলেও সব বাগানে ভালো ব্যবস্থাপনার স্কুল দেখা যায় না। এনজিও চালিত বিদ্যালয়গুলোই এখানে ভরসা।সিলেট ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চা-বাগানগুলোতেও চলছে একই অবস্থা। সিলেট জেলার খাদিমনগর, ছড়াগাঙ, বড়জানসহ বিভিন্ন চা-বাগানের শিশুরা বিদ্যালয়ে না গিয়ে বাগানে কাজ করে। ছড়াগাঙে নয়টি চা-পল্লির জন্য চা-বাগান কর্তৃপক্ষের একটি মাত্র প্রাথমিক বিদ্যালয়। ছাত্রছাত্রীর সংখ্যা যতই থাকুক, শিক্ষক মাত্র একজনই। এভাবেই চলছে বাগানের শিশুদের পড়ালেখা। ফলে পড়াশোনাও ভালোভাবে হয় না।ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, বাগান এলাকায় ১০টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ ছাড়া বিভিন্ন এনজিও পরিচালিত প্রায় ২২টি বিদ্যালয় রয়েছে। তার পরও বাগানের প্রায় এক-তৃতীয়াংশ শিশু রয়েছে শিক্ষার বাইরে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান বলেন, বাগানের শিশুদের শিক্ষার দায়িত্ব হচ্ছে চা-বাগানের মালিকদের। তাঁরা নামমাত্র বিদ্যালয় চালু করে এক-দুজন শিক্ষক দিয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন।প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন উজ্জ্বল মেহেদী (নিজস্ব প্রতিবেদক, সিলেট), মজিবুর রহমান (কমলগঞ্জ প্রতিনিধি), আকমল হোসেন (মৌলভীবাজার প্রতিনিধি) ও এস এম আক্কাছ উদ্দিন (ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি)