চন্দনাইশ উপজেলার শঙ্খ নদের ধোপাছড়ি, চৌকিদার ফাঁড়ি, বাজালিয়া, বিশ্বহাট, লালুটিয়া, দিয়ারকুল, দোহাজারী, চাগাচর ও খোদারহাটের বিস্তীর্ণ এলাকায় চর জেগে উঠেছে। নদের পানি কমে যাওয়ায় চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সহস্রাধিক মাঝি ও জেলের আয়ের পথ বন্ধ হয়ে গেছে; ব্যাহত হচ্ছে বোরো চাষে পানি সরবরাহ। পণ্য পরিবহনে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। এলাকাবাসী ও জেলেরা জানান, প্রতিবছর শুকনো মৌসুমে শঙ্খ নদে এ অবস্থার সৃষ্টি হয়। পলি জমে নদ ভরাট হলেও তা খনন কিংবা সংস্কার করা হচ্ছে না। অপর দিকে বর্ষাকালে পাহাড়ি ঢলের পানি দ্রুত সরে না যাওয়ায় নদের দুই পারের এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। চাগাচর গ্রামের চাষি মোহাম্মদ আলী জানান, বর্তমানে নদের পানি এতই কমে গেছে যে অনেক জায়গায় হেঁটেই পার হওয়া যায়। এ অবস্থায় নদের দুই তীরে বসানো সেচযন্ত্র চালু করার জন্য সংশ্লিষ্ট ব্যবস্থাপকদের জোয়ারের অপেক্ষায় বসে থাকতে হয়। এতে খেতে পানি সরবরাহের অভাবে চাষাবাদ ব্যাহত হচ্ছে। সাতকানিয়ার কাঠগড় গ্রামের সৌরভ জলদাস ও ননাই জলদাস জানান, নদের পানি কমে যাওয়ায় বর্তমানে তাঁদের মাছ ধরা প্রায় বন্ধ হয়ে গেছে।স্থানীয় নৌকার মাঝি নূর আহমদ জানান, পানি কমে গিয়ে নৌকা চলাচল বন্ধ থাকার কারণে পরিবার-পরিজন নিয়ে তাঁর মতো অনেকের সংসার চালানো দুঃসাধ্য হয়ে উঠেছে। ব্যবসায়ীরা জানান, চর জেগে ওঠায় নৌপথে পণ্য পরিবহনে সমস্যা দেখা দিয়েছে। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় উৎপাদিত সবজি ও অন্যান্য মালামাল এখন নৌপথের পরিবর্তে সড়কপথে আনা-নেওয়া করতে হচ্ছে। এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা। দোহাজারী বাজারের কলার আড়তদার জয়নাল আবেদীন বলেন, ‘আগে আমি ধোপাছড়ি থেকে নৌকায় করে এখানে কলা আনতাম। এখন সড়কপথে সাতকানিয়ার বাজালিয়া হয়ে ট্রাকে করে কলা আনতে হচ্ছে। এতে খরচ প্রায় দ্বিগুণ পড়ায় ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে।’ এলাকাবাসী জানান, মাত্র এক যুগ আগেও দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়ীরা শুকনো মৌসুমে শঙ্খ নদ দিয়ে নৌকা, সাম্পান ও ইঞ্জিনচালিত বোটে করে মালামাল আনা নেওয়া করতেন। বর্তমানে নদীতে বড় নৌকা চলাচল বন্ধ থাকায় নৌপথে পণ্য পরিবহনের সঙ্গে জড়িত অনেক লোক বেকার হয়ে পড়েছেন।