মাঝে মাঝে তব দেখা পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাম্পত্যের এ প্রতীকী ছবিটি তুলেছেন খালেদ সরকার
দাম্পত্যের এ প্রতীকী ছবিটি তুলেছেন খালেদ সরকার

স্বামী-স্ত্রী এক বাড়িতে একসঙ্গে থাকবেন এটাই স্বাভাবিক। কিন্তু সম্প্রতি মার্কিন এক জরিপে দেখা গেছে, দাম্পত্য অটুট আর বন্ধন দৃঢ় করতেই আলাদা থাকছেন অনেক দম্পতি। কিন্তু আমাদের সংস্কৃতিতে এ চর্চা কতটা মানানসই?
যুক্তরাষ্ট্রের জরিপ ব্যুরোর দেওয়া সাম্প্রতিক তথ্যানুযায়ী দেশটির ৩৫ লাখ দম্পতি আলাদা বসবাস করছেন। কারণ হিসেবে অনেক দম্পতিই বলছেন, আলাদা থাকলেই নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো থাকছে এবং ভালোবাসা বাড়ছে। যাঁরা আলাদা থাকছেন তাঁদের দাবি একত্রে থাকা দম্পতিদের চেয়ে বোঝাপড়া বেশি তাঁদের।
আলাদা থাকা কী খারাপ কিছু?
মনোবিজ্ঞানী এবং দাম্পত্য পরামর্শকেরা বলে থাকেন, অনেক সময়ই আলাদা বসবাস সম্পর্ক তরতাজা রাখতে সহায়তা করে। এ ছাড়া স্বামী বা স্ত্রী একে অপরকে ‘আরে ও তো আছেই’ ধরনের চিরদিনের জন্যে নিশ্চিত ধরে নেওয়ার ফাঁদে পড়া থেকেও কখনো কখনো বাঁচিয়ে দিতে পারে এমন আলাদা থাকা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আলাদা থাকলে উভয়েই নিজের ইচ্ছেমতো সময় কাটানোর স্বাধীনতা পান।
আমাদের পরিবারের গঠনই আলাদা
আমাদের দেশেও অনেক দম্পতি নানান কারণে আলাদা বসবাস করেন। তবে তা দাম্পত্য সম্পর্কের বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গির কারণে নয়, কোনো না কোনো বাধ্যবাধকতার কারণে। চাকরি বা উচ্চশিক্ষার প্রয়োজনে সাময়িকভাবে আলাদা থাকার বিষয়টাকে মেনে নেয় আমাদের সমাজ। কিন্তু আমাদের পরিবারগুলোর গঠনই পাশ্চাত্য থেকে আলাদা। এখানে বেশির ভাগ দম্পতিই মা-বাবা, শ্বশুর-শাশুড়ি বা এমন অন্য বয়স্ক আত্মীয়দের নিয়ে একত্রে থাকেন। তাই বিয়ে নিয়ে কোনো সমস্যা না হলে আলাদা থাকার চিন্তা করার সুযোগও নেই তাঁদের। বিয়ের পর স্বামী-স্ত্রী একত্রে থাকবেন, একত্রে সন্তান লালন-পালন করবেন। আমাদের সংস্কৃতিতে বিয়ে-সংক্রান্ত ধারণার মূল কথাটা এমনই।

তবে, দিন দিন আমাদের দেশেও যৌথ পরিবার কমছে। একক পরিবার বাড়তে থাকা এবং সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে তরুণ প্রজন্মের বিয়ে ও সংসার-ভাবনাও আগের প্রজন্মের চেয়ে কিছুটা বদলেছে। দাম্পত্য সম্পর্কের মধ্যেও ব্যক্তিস্বাতন্ত্র্যের বোধকে অনেক বেশি গুরুত্ব দিতে চান তরুণেরা। অনেকেই মনে করেন বিয়ে দুজন মানুষের মধ্যে বন্ধন দৃঢ় করবে, পরস্পর পরস্পরের সম্পূরক-পরিপূরক হিসেবে কাজ করার ক্ষেত্র তৈরি করবে কিন্তু যার যার কাজের ক্ষেত্র বা পেশাকেও গুরুত্ব দিয়ে দেখতে হবে পরস্পরের। ফলে প্রয়োজনে আলাদা থাকতে হলে তা মেনে নিতে আপত্তি নেই তাঁদের।

দাম্পত্য-সংকট সমাধানে সহায়ক

আসলে আলাদা থাকার মানেই দুজনের সম্পর্কে বৈরিতা নয়; বরং যার যার নিজের জন্য একটু ব্যক্তিগত সময় পাওয়া। একটু দূর থেকে দুজন দুজনকে বুঝতে চেষ্টা করা, একঘেয়েমির হাত থেকে রেহাই পেয়ে পরস্পরের জন্য সত্যিকারের আকর্ষণ অনুভব করা। তাই আমাদের দেশেও বড় বাড়িতে বসবাস করেন এমন কিছু দম্পতিদের মধ্যে একই বাড়িতেই আলাদা আলাদা ঘরে থাকার চর্চা একেবারে বিরল নয়।

দাম্পত্য জীবনে কোনো সংকট থাকলে কিছুদিনের জন্য আলাদা বসবাস কার্যকর হতে পারে। এ অবস্থায় একে অন্যের অপরিহার্যতা বুঝতে পেরে আবার একত্র হতে পারেন। আর দাম্পত্যের সমস্যা যদি এতে আরও প্রকট হয় তাহলে হয়তো তাঁরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলবেন।

যে বিষয়গুলো অবশ্যই ভাবতে হবে

কোনো দম্পতি যদি কোনো কারণে আলাদা থাকতে চান তাহলে কিছু বিষয় তাঁদের অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমত ঠিক কী কী কারণে আলাদা থাকতে চাইছেন তা নিয়ে দুজনের মধ্যে খোলামেলা আলোচনা করা। আলাদা থাকার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা নিশ্চিত হওয়া। সঙ্গীকে  নিয়ে সন্দেহ থাকলে এমন সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। আলাদা থাকার আর্থিক সামর্থ্য না থাকলে এতে বিপর্যয় আরও বাড়বে। এই সাময়িক আলাদা থাকায় বিয়ে ভেঙে যেতে পারে বলে আশঙ্কা থাকলেও তা করা ঠিক হবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সন্তান বা বাবা-মায়ের দেখাশোনা করা নিয়ে কোনো সমস্যা তৈরি হলে এটা কোনোভাবেই সহায়ক হবে না বরং ক্ষতিকর হবে।