মাঝেমধ্যে ছিঁড়ে পড়ে ১১ হাজার কিলোভোল্টের বৈদ্যুতিক তার!
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারের ওপর দিয়ে যাওয়া ১১ হাজার কিলোভোল্টের (কেভি) বৈদ্যুতিক তার ছিঁড়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি বাজারটিতে পরপর দুদিন এমন দুর্ঘটনা ঘটেছে। এতে একজন বিদ্যুৎস্পৃষ্টও হয়েছেন। বাজারের ক্ষুব্ধ ব্যবসায়ীরা এই সমস্যার দ্রুত অবসান চান।
বোয়ালখালী বাজারের ব্যবসায়ীরা জানান, প্রায় সময় বোয়ালখালী নতুন বাজারের বৈদ্যুতিক লাইনের খুঁটি ও ট্রান্সফরমারে আগুন লাগে। সম্প্রতি বৈদ্যুতিক গোলযোগের কারণে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুতের মিটার, পানির মোটরসহ বেশ কিছু বৈদ্যুতিক যন্ত্র বিকল হয়ে যায়। ৫ জুলাই রাতে বাজারের ক্ষুব্ধ ব্যবসায়ীরা দীঘিনালা বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্র ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়।
এ বিষয়ে জানতে চাইলে দীঘিনালা বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা বলেন, ১১ হাজার কেভি ক্ষমতার সঞ্চালন তার পুরোনো হয়ে পড়ায় সেটি ছিঁড়ে এমন দুর্ঘটনা ঘটছে। এ জন্য দ্রুত সঞ্চালন তার বদলানো প্রয়োজন।
সরেজমিনে দেখা যায়, বাজারের ওপর দিয়ে যাওয়া সঞ্চলন তারের পাশাপাশি গাছপালা ও বাঁশঝাড় রয়েছে। বিদ্যুতের খুঁটিগুলোও অনেক পুরোনো হয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানান, বাতাস বইলে বৈদ্যুতিক তার গাছের ডালের সঙ্গে লাগে। ফলে বৈদ্যুতিক শর্টসার্কিটের মতো দুর্ঘটনা ঘটে প্রায়ই। ৪ জুলাই দিবাগত রাত দেড়টায় বোয়ালখালী কালীমন্দিরের পাশে তার ছিঁড়ে পড়লে বিভিন্ন দোকানে আগুন ধরে যায়। পরে ব্যবসায়ীরা বিভিন্ন দোকানের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন। ৫ জুলাই রাত সাড়ে আটটায় বিদ্যুতের তারে আবারও আগুন লাগে। এ সময় কয়েকটি দোকানের বৈদ্যুতিক মিটারে আগুন ধরে যায়। ক্ষুব্ধ ব্যবসায়ীরা বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্র ঘেরাও করার চেষ্টা করলে লারমা স্কয়ারে পুলিশ তাঁদের বাধা দেয়। নিউটন মহাজন, স্বপন বিশ্বাস, আতিক রহমানসহ কয়েকজন ব্যবসায়ী জানান, প্রায় সময় বাজারের বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারে আগুন লাগে। সঞ্চালন তার বাজার এলাকা থেকে সরানো না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাঁদের।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘৫ জুলাই রাতে বোয়ালখালী বাজার থেকে কয়েক শ ব্যবসায়ী বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্র ঘেরাও করতে গেলে আমরা তাঁদের বুঝিয়ে ফেরত পাঠাই। ব্যবসায়ীরা বিদ্যুৎ বিভাগের ওপর অনেক দিন ধরেই ক্ষুব্ধ।’
দীঘিনালা বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী বলেন, ‘বাজারে ওপর দিয়ে রাঙামাটি জেলার লংগদু উপজেলা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে সঞ্চালন তার। এটি পুরোনো হওয়ায় এমন দুর্ঘটনা ঘটছে। ব্যবসায়ীরা আমার কাছে সঞ্চালন তার সরিয়ে নেয়ার দাবি করেছেন। আমি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’