ছেলেটিকে গ্রামের সবাই বলত, ‘এত কষ্ট করে কী হবে? তুই কি পারবি? বিশ্ববিদ্যালয়ে পড়ার যে খরচ, তা কি তোর বাবা-মা দিতে পারবেন? বাদ দে এসব পড়াশোনা।’ কিন্তু দমে যাননি ছেলেটি। আত্মবিশ্বাসে বুক বেঁধে পড়াশোনায় মনোনিবেশ করলেন। বাবার খরচের কথা চিন্তা করে কখনো গৃহশিক্ষকও নেননি বরং সেই ছোট্ট বয়স থেকেই নিজের সমবয়সীদের পড়িয়ে জুটিয়েছেন নিজের পড়ার খরচ। ‘বাবা-মা আমার তেমন শিক্ষিত নন, কিন্তু তাঁরা পড়াশোনার বিষয়ে এক অদম্য টান অনুভব করেছিলেন। সব সময় আমাদের পড়াশোনার ব্যাপারে উৎসাহ-অনুপ্রেরণা দিতেন।’ বলছিলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক রত্ন বেলাল হোসেন।২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বেলাল হোসেন কৃষি বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে অনার্স চূড়ান্ত পরীক্ষা শেষ করেছেন। চারের স্কেলে তাঁর স্কোর ৩ দশমিক ৭৮। রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর জোতপাড়া নামের এক গ্রামে বেড়ে ওঠা বলাল হোসেনের। বাবা আবদুল করিমের পেশা টুকটাক ব্যবসা। মা বেগম মাই গৃহিণী। পাঁচ ভাইবোনের মধ্যে বেলাল হোসেন চতুর্থ। এই পাঁচজনের পড়াশোনার খরচ বহন করতে গিয়ে মোটামুটি হিমশিম খেতে হয় বেলাল হোসেনের মা-বাবাকে। কিন্তু তার পরও না তাঁরা দমে গেছেন, না দমে যেতে দিয়েছেন বেলাল হোসেনকে। শত কষ্টের মধ্যেও তাঁরা বেলাল হোসেনকে উৎসাহ আর অনুপ্রেরণা জুগিয়ে গেছেন ভালোভাবে পড়াশোনা করার জন্য।দেশকে নিয়ে বেলাল হোসেনের ভাবনার শেষ নেই। নিজের দেশকে নিজের সর্বোচ্চটা দিতে চান বেলাল হোসেন। তাই কাজ করতে চান নিজের ক্ষেত্র থেকেই। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘কৃষির প্রতি আমার একটা টান রয়েছে। জমিতে কাজ করতে আমি আগে থেকেই পছন্দ করি। এখন যেহেতু কৃষি বিষয়ে অনার্স শেষ করলাম এবং মাস্টার্স করব মৃত্তিকাবিজ্ঞানে, তাই চাই কৃষি এবং মাটি নিয়ে গবেষণা করতে। মাটির বিভিন্ন উপাদান গবেষণা করে কীভাবে মাটির উর্বরতা আরও বাড়ানো যায়, সেটা নির্ণয় করতে চাই।’‘বন্ধুবান্ধব তো অনেক হয় কিন্তু মনের মতো বন্ধু খুব কম পাওয়া যায়। আর শাহীন, দেবদাস বা ফজলার—ওরা তো বন্ধু হিসেবে ব্যতিক্রম। আমাকে অর্থনৈতিক ও মানসিকভাবে অনেক সহায়তা করেছে ওরা। আর যেদিন আমার রেজাল্ট ঘোষণা হলো, সেদিন তো আমার চেয়ে ওরাই বেশি খুশি ছিল। আমার সঙ্গে সঙ্গে সেদিন ওদের চোখের জলও ঝরেছিল।’ বলেই চলেছেন বেলাল হোসেন, ‘আর স্যারদের কথা বলতে হলে বলতে হবে মোশাররফ হোসেন এবং মিজানুর রহমান স্যারের কথা। ওনারা আমাকে অনেক সহায়তা করেছেন। আর বাবার মতোই আমাকে ছায়া দিয়েছেন আমার খালু আবুল কালাম আজাদ।’ শখ কী? বেলাল হোসেন বললেন, ‘সময় পেলেই বিভিন্ন বই পড়ি। তবে ঘুরে বেড়াতেও ভালো লাগে।’ যে কথাটি তিনি মনে-প্রাণে বিশ্বাস করেন তা হলো, ‘হতাশা নয়, আত্মবিশ্বাসই একজনকে পৌঁছে দিতে পারে তার লক্ষ্যে।’