মাটি ও মানুষের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখনো শীত এসে জেঁকে বসেনি। ভরদুপুর পেরিয়ে বিকেলের শেষ ভাগ। টিএসসির মিলনায়তনে পিনপতন নীরবতা। দেশের কৃষি ও কৃষকদের নিয়ে কাজ করার স্বপ্ন নিয়ে উপস্থিত শিক্ষার্থীরা। নগরের যান্ত্রিকতার ভেতরে থেকেও তাঁরা যেন অনুভব করছেন অনেক দূরের গ্রামের মাটি ও মানুষের ঘ্রাণ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্দশ ব্যাচ কর্তৃক আয়োজিত ‘সামাজিক অর্থনীতিতে কৃষি বিপণনের ভূমিকা’ শীর্ষক সেমিনারটি ছিল সবার জন্য উন্মুক্ত। ১৪ নভেম্বর অনুষ্ঠান শুরুর আগেই মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠেছিল পুরো মিলনায়তন। চতুর্দশ বিভাগের বিবিএ সমাপনী দিনের এ আয়োজনে প্রধান বক্তা হিসেবে হাজির হয়েছিলেন চ্যানেল আইয়ের ‘হূদয়ে মাটি ও মানুষ’খ্যাত অনুষ্ঠানের সঞ্চালক শাইখ সিরাজ। আয়োজনের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক কৃষির ওপর ভর করে দাঁড়ানো দেশের অর্থনীতিতে কৃষি ও কৃষকদের প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন, কৃষকদের দুরবস্থা দূর করার জন্য এগিয়ে আসা উচিত সবার।মার্কেটিং বিভাগের চেয়ারম্যান রাজিয়া বেগম কৃষকদের আর্থিক দুরবস্থা এবং এর সমাধানে নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।অনুষ্ঠানে উপস্থিত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মিনহাজ উদ্দিন বলেন, ‘কৃষি বিষয়ে আমার দারুণ আগ্রহ। নিজ দেশের কৃষি নিয়ে জানার খুব একটা সুযোগ নেই আমাদের। আমি এ বিষয় নিয়ে কাজ করতে চাই।’তরুণদের আগ্রহ ও উদ্দীপনায় কেটে যায় অনুষ্ঠানের পুরো সময়টা। বিষয়টা দারুণ উপভোগ্য হয়ে ওঠে সবার কাছে। ‘এ দেশের বেশির ভাগ মানুষই কৃষিজীবী। দেশের উন্নতির জন্য আমাদের সবার আগে তাদের দিকেই নজর দেওয়া উচিত।’ বলছিলেন আরেক শিক্ষার্থী ফারহানা আখতার।এমন তরুণদেরই আমরা বিশ্বাস করি। তাই তো নির্ভার হয়ে দিব্যি বলে দেওয়া যায়, ‘বদলে যাবে দেশ, বদলে দেবে তরুণেরাই।’