মাটি ও মানুষের গানে
টিএসসি সব সময়ই শিক্ষার্থীদের ভিড়ে জমজমাট হয়ে থাকে। ছুটির দিনে সে ভিড়টা বেড়ে যায় আরও। আর যদি টিএসসি মিলনায়তনে আয়োজন করা হয় কোনো উৎসবের, তবে তো কথাই নেই! ভিড়ের চাপে সেদিন ঠিকমতো চলাফেরা করাই কঠিন হয়ে পড়ে। ছুটির দিনে সংগীত উৎসবে গান শুনতে গিয়ে দেখলাম এমনই ভিড়। গানের টানে ছুটে এসেছেন সবাই। তরুণ-প্রবীণ দর্শকে কানায় কানায় ভরে আছে পুরো মিলনায়তন। মঞ্চে শিল্পীরা গাইছেন গান আর মুগ্ধ হয়ে শুনছেন শ্রোতারা।গত ২৯ ও ৩০ জুলাই টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংগীত উৎসব-২০১১। কয়েক বছর ধরে পালন করা হচ্ছে গানের এ অনুষ্ঠান। এ দেশের গানের কথা, সুর, শিল্পীদের জীবনের গল্প—এসব বিষয়ে শ্রোতাদের জানানোর জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা নিয়েছেন ভিন্ন এ উদ্যোগ। ‘ঐতিহ্যের অঙ্গীকার’ এ স্লোগান সামনে রেখে দেশের গান ও সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছেন তাঁরা সবার সামনে। প্রথম দিন ছিল চলচ্চিত্রের গান আর দ্বিতীয় দিন লোকসংগীত।ষাট ও সত্তরের দশকের সুস্থ ধারার চলচ্চিত্রের গানগুলো গাওয়া হয় এখানে। আলোচনা করা হয় গানের উৎস, সুর, গীতিকার, সুরকার ও গানের পেছনের গল্পগুলো নিয়ে। শেখ সাদী খান, খুরশীদ আলমের মতো খ্যাতিমান শিল্পীরাও গান পরিবেশন করেন এ অনুষ্ঠানে। তরুণ শিল্পীদের সঙ্গে গান নিয়ে চলে তাঁদের আড্ডা। ভালো গান মানুষকে বদলে দিতে পারে। ভুলিয়ে দিতে পারে সব কষ্ট। ভালো কথা আর সুরই পারে দারুণ সব গান তৈরি করতে। এর জন্য প্রয়োজন সাধনা আর কঠোর পরিশ্রমের।‘গান আমাদের আশাবাদী করে তোলে। একটা ভালো গান বদলে দিতে পারে মানুষের জীবন। শিক্ষার্থীদের ভালো ভালো গানের প্রতি আগ্রহী করে তোলার জন্যই আমাদের এ আয়োজন।’ বলছিলেন বিভাগীয় চেয়ারপারসন কুহেলী ইসলাম। এই আয়োজনকে সফল করে তুলতে সংগীত বিভাগের শিক্ষার্থীরা ক্লাসের পর নিয়মিত গানের অনুশীলন করেছেন। তাঁদের চর্চায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেসব বিষয়ে শিক্ষকদের ছিল কড়া নজর। তাঁদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের চেষ্টায় শ্রোতাদের আগ্রহী করে তোলা সম্ভব হয়েছে এ অনুষ্ঠানের প্রতি। আগত দর্শকের অধিকাংশই ছিলেন তরুণ। পুরোনো দিনের চলচ্চিত্রের অসাধারণ সব গান তাঁরা উপভোগ করেছেন দারুণভাবে।‘শুরুতে আগ্রহ না থাকলেও শিল্পীদের গাওয়া গানগুলো শুনে পুরোনো দিনের গান সম্পর্কে ধারণাই পাল্টে গেছে আমার। মানসিক অবসাদ, জীবনের দুঃখ-কষ্ট ভুলে যাওয়ার জন্য এমন আয়োজনের তুলনা হয় না।’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহাদাৎ হোসেন।অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিন পরিবেশন করা হয় লোকসংগীত। সংগীত বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি এতে গান পরিবেশন করেন চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়সহ স্বনামধন্য শিল্পীরা। এ দেশের মাটি ও মানুষের গল্প উঠে এসেছে এসব গানের কথায়।খুব শিগগিরই নিজেদের গান নিয়ে দেশের বাইরে যাবেন সংগীত বিভাগের শিক্ষার্থীরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণে কলকাতা, দিল্লি, শান্তিনিকেতনসহ আরও কয়েকটি জায়গায় গান গাইবেন তাঁরা।গান শুনতে শুনতে সময় ফুরিয়ে যায় একসময়। অনুষ্ঠান শেষে সবাই বাড়ির পথ ধরেন। তবে গানের কথা আর সুরের আঁচ টের পাওয়া যায় শ্রোতাদের কণ্ঠে। গানের দু-এক কলি ঠিকঠাক সুরে গাওয়ার চেষ্টা করে নিজেরাই শিল্পী বনে যান সবাই। বোঝা যায় সংগীত বিভাগের শিক্ষার্থীদের পরিশ্রম বিফলে যায়নি। তাঁদের গাওয়া গানে এভাবেই প্রাণময়, সতেজ হয়ে ওঠে মানুষগুলো।