মাটি কেটে রিকশা চালিয়ে জিপিএ-৫ পেয়েছে সাইফুল্লাহ খালেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসলি জমিতে হালচাষের জন্য মাটি কাটা, বেড়িবাঁধে দিনমজুরি এবং ছুটির দিনে শহরে রিকশা চালিয়ে লেখাপড়ার খরচ জুুগিয়েছে অদম্য মেধাবী এম সাইফুল্লাহ খালেদ (১৬)। খালেদ এবারের এসএসসি পরীক্ষায় কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাড়ি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পালালিয়াকাটা গ্রামে।তিন ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় সাইফুল্লাহ খালেদ হোয়ানক পালালিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে মেধা (ট্যালেন্টপুল) এবং হোয়ানক পানিরছড়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল।সাইফুল্লাহ খালেদ জানায়, ভালো ফলাফলের আশায় গ্রাম ছেড়ে শহরের ঐতিহ্যবাহী কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি হয়েছিল। শহরের নুনিয়াছটা এলাকায় এক বাড়িতে গৃহশিক্ষক হিসেবে থাকা-খাওয়ার ব্যবস্থা হয়। পাশাপাশি লেখাপড়ার খরচ জোগাতে দিনমজুরের কাজ করেছে। ছুটির দিন শুক্রবার শহরে রিকশা চালিয়েছে।বাবা মাওলানা আবদুস সালাম (৫৩) একসময় গ্রামের একটি মসজিদের ইমাম ছিলেন, অসুস্থতার কারণে ইমামতি চালিয়ে যেতে পারেননি। রাবেয়া খানম ঘরে কাপড় সেলাই করে বাড়তি কিছু টাকা আয় করতেন। কিন্তু চোখ নষ্ট হওয়ার কারণে তা-ও বন্ধ। ফলে দিনমজুরির টাকায় নিজের লেখাপড়ার পাশাপাশি পরিবারের দিকেও খালেদকে বিশেষ নজর রাখতে হয়। সাইফুদ্দিন খালেদ জানায়, ‘নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের ৭৪৫ টাকা রিকশা চালিয়ে সংগ্রহ করেছি। দশম শ্রেণীতে ফরম পূরণের সময় সাহায্য করেছে এক সহপাঠী। বন্ধুর টাকা না হলে এই জিপিএ-৫ পাওয়া হতো না। গত ১০ বছরে লেখাপড়ার জন্য বাবা এক টাকাও দিতে পারেননি। তাঁর ইমামতির টাকায় সংসার চলত না। শুধু নবম শ্রেণীতে ভর্তির সময় মায়ের কাছ থেকে ৬৫০ টাকা নিয়েছিলাম। শেষ সম্বল কানের একটি দুল বিক্রি করে মা ওই টাকা হাতে তুলে দিয়েছিলেন। মায়ের দোয়া নিয়ে লেখাপড়ার পাশাপাশি সংসার চালানোর জন্য প্রতিমাসে ৫০০-৭০০ টাকা করে দিতে পারছি।’ কয়েক বছর ধরে পরিবারকে সহযোগিতা করছে ছোট ভাই তারেকও। সে-ও লেখাপড়ার পাশাপাশি হালচাষ এবং মাটি কাটে। তারেক এবারের এসএসসি পরীক্ষায় গ্রামের বিদ্যালয় পানিরছড়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৪ পেয়েছে। সাইফুদ্দিন জানান, ‘ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য এসএসসি পরীক্ষার পর কয়েক মাস গ্রামে গিয়ে রোজগার করেছিলাম। দিনমজুরির পাশাপাশি একটি বাড়িতে গৃহশিক্ষকতা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকজন প্রার্থীর ভোটার কার্ড লিখে হাজার দুয়েক টাকা জমা করেছিলাম। কিন্তু অসুস্থ বাবার জন্য শেষ পর্যন্ত ওই টাকাও খরচ হয়ে গেল। এখন কলেজে ভর্তির কোনো উপায় দেখছি না।’সাইফুদ্দিনের ইচ্ছা—ভালো কোনো কলেজে ভর্তি হয়ে চিকিৎসক হবে। গ্রামের অসহায় মানুষের সেবা করবে। কিন্তু এ ইচ্ছা কি পূরণ হবে অদম্য মেধাবীর? কারণ তিন সন্তানকে পড়ানোর মতো সামর্থ্য বাবার নেই। ১০ শতাংশ জমির ওপর (অর্ধেক খাস) মাটি ও পুরোনো টিন দিয়ে তৈরি ছোট্ট বাড়িতে আট সদস্যের এ পরিবারের বসবাস। অভাব যেখানে নিত্যসঙ্গী, সেখানে ছেলেদের উচ্চশিক্ষার খরচ জোগানো পরিবারের জন্য কঠিন ব্যাপার। এক মাস আগে বাবার চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ১০ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছিল। এ টাকায় চিকিৎসা ও সংসার চলছে। ঋণ শোধ কী করে হবে, কারও জানা নেই। তার পরও সাহস হারাচ্ছে না সাইফুদ্দিন। জানায়, ‘নিজের চেষ্টায় লেখাপড়া করব। ইচ্ছা যখন আছে উপায়ও একটা হবে।’