মাটি সরে ঝুঁকিপূর্ণ কালভার্ট
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বাজার-দুরছড়ি সড়কের একটি কালভার্টের মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। পাঁচ মাস আগে কালভার্টটির মাটি সরে গেলেও এখনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয়রা বাসিন্দারা জানান, গত জুন মাসের মাঝামাঝি ভারী বৃষ্টিতে কাচালং বাজার-দুরছড়ি সড়কে অবস্থিত কাচালং বাজার এলাকায় নতুন নির্মিত কালভার্টের মাটি সরে যেতে শুরু করে।
পরবর্তী সপ্তাহে কালভার্টের দক্ষিণ দিকে মাটি সরে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়। কালভার্টের গোড়ার ব্লক ও নালাও ভেঙে যায়। এর পর থেকে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে স্থানীয় বাসিন্দারাসহ কয়েক শ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের বৃষ্টিতে কাচালং বাজার-দুরছড়ি সড়কে ধস দেখা দেয়। এ জন্য বাজার এলাকায় সড়কে প্রায় ২০০ ফুট গর্ত সৃষ্টি হয়। গর্ত মেরামতে ২০১২ সালের ৪ নভেম্বর বক্স কালভার্ট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়।
৬১ দশমিক ৪ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৩ মিটার প্রস্থবিশিষ্ট কালভার্টটির নির্মাণকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কপোতেশ্বর এন্টারপ্রাইজ। এতে ব্যয় ধরা হয় এক কোটি ৩০ লাখ টাকা। ২০১৩ সালের ৩০ জুন কাজ শেষ হয়। কিন্তু এর ১৫ দিনের মাথায় কালভার্টের মাটি সরে গিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান কপোতেশ্বর এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল বলেন, ‘আমি নির্মাণকাজ শেষ করে বুঝিয়ে দিয়েছি। উপজেলা প্রকৌশল অধিদপ্তর নতুন করে দরপত্র আহ্বান করে কাজ করার কথা। আমি নির্মাণের আগে বলেছি কাজটি টেকসই হবে না, ধসে যাবে। কিন্তু প্রকৌশলীরা তা শুনেননি।’
উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জিয়াউল হক বলেন, এত দিন বৃষ্টির জন্য কাজ করা সম্ভব হয়নি। দ্রুত ঠিকাদারকে বলে রাস্তাটি যানচলাচলের উপযোগী করা হবে।