কাঞ্চননগর থেকে দোহাজারী পর্যন্ত ১০ কিলোমিটারে গাড়ি চলে ঝুঁকি নিয়ে
মাটি সরে ভেঙে যাচ্ছে সড়কের দুই পাশ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর থেকে দোহাজারী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশে দুই পাশের মাটি সরে ভেঙে যাচ্ছে সড়ক। কিছু কিছু স্থানে ভাঙা অংশ এমনভাবে হাঁ হয়ে আছে তার জন্য লাল পতাকা দিয়ে সর্তক করা হয়েছে।গাড়ি চালকেরা জানান, মহাসড়কের দুই পাশ ভেঙে যাওয়ায় গাড়ি চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে রাতে ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। আবার ভাঙা অংশে গাড়ি আটকে যানজটও সৃষ্টি হচ্ছে প্রায় সময়। সরেজমিনে দেখা যায়, চন্দনাইশের কাঞ্চননগর, রওশনহাট, খানহাট, কলঘর বাদামতল, গাছবাড়িয়া কলেজ গেট, বাগিচাহাট, কসাইপাড়া, দেওয়ানহাট, ফুলতলা ও দোহাজারী এলাকায় বেশ কিছু স্থানে মাটি সরে এক থেকে দেড় ফুট পর্যন্ত সড়ক ভেঙে গেছে। কিছু স্থানে সড়কের অর্ধেক অংশজুড়ে ভাঙন সৃষ্টি হয়েছে। এক পাশের গাড়ি অপর দিক থেকে আসা গাড়িকে জায়গা করে দিতে ভাঙা অংশে পড়ে আটকে যাচ্ছে। বিকল হচ্ছে গাড়ির যন্ত্রাংশ।স্থানীয় লোকজনের অভিযোগ, সড়কের পাশের মাটি সরে যাচ্ছে দীর্ঘদিন ধরে। কিন্তু এরপরও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এসব মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে ভাঙন দিন দিন বাড়ছে। দেওয়ানহাট এলাকার বাসিন্দা আবদুল নবী ও দেলোয়ার হোসেন বলেন, গত ১০ ও ১৮ এপ্রিল দেওয়ানহাট ও দোহাজারী হাসপাতাল এলাকায় সড়কের ভাঙা অংশের গর্তে পড়ে দুটি দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আটজন। সড়ক মেরামতের ব্যাপারে জানতে চাইলে সওজের দোহাজারী বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান বলেন, জরুরি ভিত্তিতে সড়কের দুই পাশ সংস্কার করা হবে। ইতিমধ্যে নষ্ট হওয়া বেশ কয়েকটি সেতু মেরামত করা হয়েছে ও কিছু এলাকায় সড়ক সংস্কারের কাজও করা হয়েছে। পর্যায়ক্রমে সড়কের বাকি অংশের সংস্কার করা হবে।