মাটির অম্লত্ব সারাতে রাঙ্গুনিয়ায় কৃষকদের মধ্যে ডলোচুন বিতরণ
মাটির অম্লত্ব সারাতে রাঙ্গুনিয়ায় কৃষকদের মধ্যে ডলোচুন বিতরণ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস (আরডিআরএস)। এর অংশ হিসেবে ৩ এপ্রিল পারুয়া ইউনিয়নের কাটাখালি গ্রামের কৃষকদের মধ্যে বিনা মূল্যে ডলোচুন বিতরণ করা হয়। এ সময় ৪৮ জন কৃষককে ডলোচুন দেওয়া হয়। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন কৃষকদের উদ্দেশে বলেন, ‘মাটির অম্লত্ব বেড়ে গেলে তা ফসলে ছড়িয়ে পড়ে। ফলে ফসলের উৎপাদন কমে যায়। আর এ অম্লত্ব সারানো গেলে ফসলের উৎপাদন অবশ্যই বাড়বে। তাই অম্লত্ব সারাতে মাটিতে ডলোচুন ব্যবহার করা দরকার।’ জানা যায়, সংস্থাটি উপজেলার পারুয়া ও পোমরা ইউনিয়নের প্রায় এক হাজার কৃষকের মধ্যে ডলোচুন বিতরণের উদ্যোগ নেয়। গত ২৪ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ডলোচুন বিতরণ শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম ছিদ্দিকী এ সময় কৃষকদের হাতে ডলোচুন তুলে দেন। আরডিআরএসের উপজেলা মাঠ সমন্বয়কারী মজিবর রহমান জানান, প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষককে ১৫০ কেজি করে ডলোচুন দেওয়া হচ্ছে।