মাটির গানে প্রাণের টান
‘ইশকুল খুইলাছে রে মাওলা, ইশকুল খুইলাছে/ গাউছুল আজম মাইজভান্ডারি ইশকুল খুইলাছে...’ গানে সুরের ঢেউ তুলছেন শিমুল শীল, ঢোলের বোলে নাচছেন বায়েন বাবুল জলদাস। আর নাচছে ডিসি হিল। মাটির গানে প্রাণের টানে জমজমাট লোকসংস্কৃতি উৎসব হয়ে গেল ১৪ ও ১৫ জানুয়ারি। এতে ছিল মণিপুরি ও সাঁওতাল নাচের ছন্দ, মৃদঙ্গ নাচের উত্তুঙ্গ আনন্দ। আর ছিল বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা—সারগর্ভ কথামালা।সমাজ সমীক্ষা সংঘের বর্ণাঢ্য এ উৎসব ব্যাপক সাড়া ফেলে। প্রতিদিন ডিসি হিলে বসে হাজারো দর্শকের মিলনমেলা। ‘অকৃত্রিম মাটির কাছে’ স্লোগানে ১৪ জানুয়ারি বিকেলে শহীদ মিনারে লাঠিখেলা ও ঘোড়ানৃত্যসহকারে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। আলোচক ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। বক্তারা বলেন, নিজেদের প্রাত্যহিক জীবনের আচার-বিশ্বাস-সংস্কার ও সংহতি লোক উৎসবের মূল উপাদান। এ সংস্কৃতি বাঙালির অন্তরের গভীরে প্রোথিত। যত দিন বাঙালি জাতি থাকবে তত দিন এ সংস্কৃতি বেঁচে থাকবে। সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, সালাউদ্দিন মারুফ, গোলাম ফারুক, শিহাব চৌধুরী, সুমন চৌধুরী ও কল্লোল দাশ। উৎসব-ঘোষণা পাঠ করেন মিন্টু চৌধুরী। উৎসবে লোকসংস্কৃতিতে অবদান রাখার জন্য গীতিকার-সুরকার আবদুল গফুর হালী, সৈয়দ মহিউদ্দিন ও সাহিত্যিক হরিশংকর জলদাসকে রশিদ আল ফারুকী সম্মাননা জানানো হয়। তাঁদের হাতে স্মারক ও ১০ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন রক্তকরবী, পাহাড়ি আদিবাসী নৃত্য পরিবেশন করে খাগড়াছড়ির ত্রিপুরা গাইরিং কালচারাল ফোরাম, শচীন দেব বর্মণের গান করেন সঞ্জয় রায়, চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করেন কক্সবাজারের এস্তফা খানম, সাঁওতাল নৃত্য পরিবেশন করে জয়পুরহাটের পাঁচবিবির উচাই আদিবাসী সাংস্কৃতিক দল এবং বাউলগান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু। এর আগে সকালে ডিসি হিলে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পাঁচ শতাধিক শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। এস্তফা খানম ‘মধু হই হই বিষ হাবাইলা’, ‘পাঞ্জাবিওয়ালা’, সঞ্জয় রায় ‘বাঁশি শুনে আর কাজ নাই’, ‘ঝিলমিল ঝিলমিল ঢেউ খেলিয়া যায়’, ‘তুমি এসেছিলে পরশু’, মশিউর রহমান রিংকু ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’, ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু’, ‘গ্রামের নওজোয়ান’, ‘ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে’সহ বেশ কয়েকটি গান গেয়ে দর্শকদের নাচিয়েছেন।সমাপনী দিন (শনিবার) বিকেলে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন উৎসব পরিষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবুল কাশেম। আলোচনা করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং সাহিত্যিক হরিশংকর জলদাস। আবুল মোমেন বলেন, ‘গ্রামগঞ্জে আমাদের লোকসংস্কৃতি যাঁরা এখনো ধরে রেখেছেন, তাঁরা চরম অবহেলিত। তাঁরা চরম দৈন্যের মধ্যে আছেন। জাতি হিসেবে নিজেদের আত্মপরিচয় ধরে রাখতে তাঁদের জন্য পৃষ্ঠপোষকতা দরকার।’ হরিশংকর জলদাস তাঁর বক্তব্যে প্রান্তিক মানুষের সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। আরও বক্তব্য দেন দেবাশীষ রায়, লিয়াকত আলী হাওলাদার, আবদুল্লাহ আহসান, ইসমাইল আজাদ ও রাজীব শীল। এর আগে বিকেলে কক্সবাজারের উখিয়া লোকশিল্পী পরিষদের উল্টাগীত, হালদাফাডা গান, পান্ডাগান, ঘুমপাড়ানি গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়। এ পর্বে সভাপতিত্ব করেন গোলাম জিলানী চৌধুরী। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের সান্ত্বনা দেবী ও তাঁর দল মণিপুরি নৃত্য, রংপুরের বিশ্বনাথ মোহন্ত ও দিনাজপুরের অনন্তকুমার দেব ভাওয়াইয়া গান, সুনামগঞ্জের ফারুক মিয়া শাহ আবদুল করিমের গান, সুনামগঞ্জের আবদুর রশিদ হাসন রাজার গান এবং বারী সিদ্দিকী লোকগান পরিবেশন করেন। অনন্তকুমার দেবের ‘আমার এই দেশ সব মানুষের’, ফারুক মিয়া ‘আইলা আইলা রে বন্ধু’, ‘আমি সাধ করে পরেছি গলে’, আবদুর রশিদ ‘আগুন লাগাইয়া দি কুনে’, ‘রঙের বারই রে’, ‘বাউলা কে বানাইল রে হাসন রাজা রে’ ইত্যাদি গান দর্শকদের মন ছুঁয়ে যায়। সান্ত্বনা দেবীর নৃত্যদল শ্রীকৃষ্ণের প্রেমলীলা, মৃদঙ্গ নৃত্য, বসন্ত হায়দ লাত্ত, ১০ অবতার নৃত্য এবং গুরু প্রিন্স কুমারের ঘুরে ঘুরে ঢোল বাজানোর অপূর্ব নৃত্য চট্টগ্রামের দর্শকদের অনেক দিন মনে থাকবে।