মাটির নিচের সম্পদ তুলে আনবে দেশের ছেলেরাই
আমার মাটির সম্পদ আমার মাটির সন্তানেরাই দেখভাল করবে। তারাই তুলে আনবে মাটির নিচে লুকিয়ে থাকা সোনা। প্রকৃতি আমাদের অনেক সম্পদ দিয়েছে। কিন্তু মাটির গভীরে লুকিয়ে আছে তেল, গ্যাস এবং কয়লার মতো বিপুল সম্পদ। সেই সম্পদ খুঁজে আনতে আমাদের পর্যাপ্ত লোকবল নেই। বিদেশ থেকে বেশির ভাগ বিশেষজ্ঞ দল এনে আমাদের কাজ করতে হয়। এই পরনির্ভরতা দূর করতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং কৌশল বিভাগের (পিএমই) যাত্রা শুরু হয় ২০১০ সালে ৩০ জন শিক্ষার্থী নিয়ে। তাঁদের চোখে ছিল দুর্গমকে জয় করার স্বপ্ন। সেই স্বপ্নকে সফল করতেই তাঁরা এগিয়ে যাচ্ছেন। নতুন এই যাত্রায় এখনো অনেক সমস্যা আছে, আর সে কারণে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটছে।প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র চুয়েটেই পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং কৌশল বিভাগে স্নাতক পর্যায়ে শিক্ষা প্রদান করা হচ্ছে।তবে বিভাগটি চালুর এক বছর পরও সম্ভব হয়নি পরীক্ষাগার স্থাপন। দেশের অন্য কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এ রকম বিভাগ নেই, তাই তাদের কাছ থেকেও সহায়তা পাওয়া যাচ্ছে না। তাই শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অনতিবিলম্বে প্রয়োজনীয় পরীক্ষাগার স্থাপন করা দরকার বলে মনে করেন এ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং কৌশল বিভাগের শিক্ষক মুহাম্মদ আমীরুল ইসলাম জানান, কম খরচে ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে জ্বালানি সম্পদ অনুসন্ধান ও সর্বোচ্চ পরিমাণ উত্তোলনে এ বিভাগ হতে পাস করা প্রকৌশলীরা সহায়ক ভূমিকা পালন করবেন। গবেষণা এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ক্রমবর্ধমান জ্বালানি শক্তির চাহিদা মেটাতেও এ বিভাগ উদ্যোগী ভূমিকা রাখবে। সর্বোপরি প্রযুক্তির উদ্ভাবন, প্রয়োগ এবং প্রতিষ্ঠাই এই বিভাগের লক্ষ্য।পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং কৌশল বিভাগের প্রধান ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. বদিউস সালাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য এখেনো পর্যন্ত চারটি কম্পিউটার সফটওয়ার সংগ্রহ করা হয়েছে। নতুন নতুন আরও সফটওয়ার সংগ্রহ করা হচ্ছে। ’জানা যায়, ভূ-তাত্ত্বিক কাঠামো ও স্তরবিন্যাস সম্পর্কে জানতে শিক্ষার্থীদের বিভিন্ন স্থানে পরিদর্শনে নিয়ে যাওয়া হয়। তা ছাড়া তাদের মৌলিক ও ব্যবহারিক গবেষণা এবং বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির জন্য নিয়মিত সেমিনার আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে ৪৪টি বই ক্রয় করা হয়েছে। তবে যুগোপযোগী শিক্ষা সহায়ক জিয়োলোজিক্যাল মাইনিং, রিজারভার প্রোডাকশন, ড্রিলিং ম্যানেজমেন্টসহস পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং কৌশলবিষক আরও বই কেনা দরকার বলে শিক্ষক মুহাম্মদ আমীরুল ইসলাম জানান। বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, ‘আমাদের কোনো পরীক্ষাগার নেই। ফলে গবেষণাভিত্তিক কাজ করতে সমস্যা হচ্ছে।’এ প্রসঙ্গে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং কৌশল বিভাগের প্রধান ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. বদিউস সালাম প্রথম আলোকে বলেন, একটি বিভাগের জন্য বেশ কয়েকটি পরীক্ষাগার ও অনেক যন্ত্রপাতি দরকার। সব একসঙ্গে কেনা সম্ভব হবে না। তবে ইতিমধ্যে অতি প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো কেনার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। আশা করছি শিগগির পরীক্ষাগারের সমস্যা কিছুটা হলেও সমাধান হবে। তিনি আশা করেন, দেশের খনিজ সম্পদ উত্তোলনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে এই বিভাগ। মাটির গভীরে লুকিয়ে থাকা ধনকে সোনার ছেলেরাই তুলে আনবে।