মাটির ফুল
আমাদেরই এক বন্ধু মুকিদ, প্রয়াত। সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল। বন্ধু মুকিদ অসাধারণ বাকপটু, উপস্থিত গুছিয়ে কথা বলায় তার জুড়ি ছিল না। তারই একটি উক্তি, ‘উইকেট পড়ছে এক এক করে।’ আমরা আদমজী কলেজের ১৯৭২-৭৪ সালের ব্যাচ। আমাদের ব্যাচের অনেক উইকেট পড়ে গেছে। সর্বশেষ উইকেট পড়ল তারেক মাসুদ। বন্ধু মুকিদের মিলাদ মাহফিলে তারেক মাসুদ এসেছিল। ওই মিলাদ মাহফিলটি শুধু বন্ধু ও বন্ধুপত্নীদের মাঝে সীমাবদ্ধ ছিল।আমরা মিলাদ শেষে প্রয়াত বন্ধু মুকিদ এবং এর আগে যারা প্রয়াত হয়েছে তাদের স্মৃতিচারণা করছিলাম। অনুষ্ঠানটি হচ্ছিল আমাদের এক বন্ধু বেলাল আহমেদের বনানীর অফিসে। স্মৃতিচারণা করতে গিয়ে বন্ধুরা আবেগপ্রবণ হচ্ছিল বারবার। অনেক জানা-অজানা সুখকর ও রোমাঞ্চকর স্মৃতি রোমন্থন করছিল। বারবার নিজেদের উইকেট পড়ার কথাও পুনরাবৃত্তি করছিল। সবার শেষে তারেক মাসুদ মাইক্রোফোন হাতে নিল। সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে তাকে আমরা তেমন কথা বলতে দেখিনি। সে আমাদের সময় দিতে পারত না, শুধু আনুষ্ঠানিকতার জন্য অংশগ্রহণ করত এবং ক্ষমা চেয়ে চলে যেত। তার অবশ্য সময় কোথায়। সে তো সৃষ্টিতে নিমগ্ন। দেশের বাইরে এবং শুটিংয়ের প্রয়োজনে দেশ-বিদেশে। ওই দিন সে দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিল। খাওয়াদাওয়া শেষে অনেক রাতে সেদিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিল। আমার সঙ্গে ওই দিনই তার শেষ দেখা। মাসুদ ওই দিন শেষ বক্তা ছিল। সে অনর্গল কথা বলে যাচ্ছিল। কী চমৎকার কণ্ঠ। সে শুরু করল নিজেকে দিয়েই। একদম সাধারণ একজনের মতো। বলল, ‘তোমাদের স্মৃতিচারণা শুনতে শুনতে মনে হলো, আমি অনেক দূরে। মনে পড়ে না আমার কলেজ জীবন-পরবর্তী বন্ধুদের নিয়ে তেমন স্মৃতি অথচ তোমরা যখন স্মৃতিচারণা করছিলে আমার কষ্ট হচ্ছিল—মনে হচ্ছিল অনেক সুন্দর ও মধুময় সময় আমি হারিয়েছি। কত অসাধারণ চিত্রনাট্য হতে পারত ওই সময়গুলোতে। স্বগতোক্তি করছিল—কী এক অজানা আকর্ষণে চলে গেলাম দেশের বাইরে, বিয়ে করলাম বিদেশিনীকে, হারিয়ে গেলাম চেনা জগৎ থেকে অচেনা জগতে। আমি ‘অসামাজিক’ হয়ে গেলাম। আজ তোমাদের স্মৃতিচারণা শুনে মনে হচ্ছে, আমি কত মধুময় সান্নিধ্য হারালাম, বন্ধু মুকিদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে। মনে হচ্ছে মুকিদের মৃত্যু আমাকে মনে করিয়ে দিচ্ছে আমার সেই শৈশব, কলেজজীবন, কোলাহলমুখর সময়।’ সে অনর্গল বলে যাচ্ছিল, অনেক কিছুই এখন আর মনে নেই। মনে হচ্ছিল যেন এক অসাধারণ ছবি দেখছি। আমরা প্রায় এক-দেড় শ মানুষ, কারও মুখে কোনো শব্দ নেই। কী এক অজানা আকর্ষণে সবাই মুগ্ধ হয়ে তার কথা শুনছি। সে বলল, ‘কথা দিলাম, তোমাদের মধ্যে আবার কলেজজীবনের মতো ফিরে আসব, তৈরি করব একটি স্ক্রিপ্ট, কলেজজীবনের তারেক মাসুদ ও তার বন্ধুবান্ধবী, জীবিত ও প্রয়াত, দীর্ঘ পথ এবং দীর্ঘ সময়—সব মিলে একটা জীবন্ত ক্যানভাস।’ তারেক মাসুদের বক্তব্য কে কীভাবে নিচ্ছিল, আমি বলতে পারব না। আমার জানার সুযোগও ছিল না। আমি শুধু মুগ্ধ হয়ে কথা শুনছিলাম। একজন অসাধারণ মানুষ কীভাবে একটি সাধারণ সময় ও অবস্থানকে অসাধারণ করতে পারে, সেদিনের সেই অনুষ্ঠানটি, বিশেষ করে তার প্রাণবন্ত দীর্ঘ বক্তব্য কালের সাক্ষী হয়ে থাকবে। আমার তার মতো যোগ্যতা নেই। তাই সেই অসাধারণ সময়কে নিয়ে আমি অসাধারণ চিত্রনাট্য তৈরি করতে পারব না। ধারণ করতে পারব না, তার মতো জীবন্ত ফ্রেমে। আমি শুধু ভেবে অবাক হই, কী অবলীলায় সে বলছিল, সে অসামাজিক, হারিয়ে গেছে অচেনা জগতে। সৈয়দ রওশন কামাল[email protected]