
শীতের বিকেল। গুলশানের ব্যস্ততম সড়কগুলো পার হয়ে বনানীর ২০ নম্বর সড়কের শেষ মাথায় গিয়ে ২৮ নম্বর বাড়ির সামনে থামলাম। দরজা খটখটিয়ে জানতে পারলাম, ঢুকতে হবে পেছন দিক দিয়ে। লেকের ঠিক পাশেই বাড়িটা। মন ভালো করে দেবেই, এমন পরিবেশ। যদিও এখন লেকের কাজ চলছে। পুরোনো বাড়িটার আনাচকানাচজুড়ে রয়েছে শৈল্পিক কাজের ছোঁয়া। প্রতিটি ঘরকেই যেন সাজানো হয়েছে অতিথিদের চমকে দেওয়ার জন্যই।

ঢাকায় অবসর সময়ে কী করা যায়? কোথায় গিয়ে একটু আড্ডা দেওয়া যায়? বেশির ভাগ উত্তর আসবে, খাবার দোকানে। বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য সেখানেই যেতে হয়। খাওয়া শেষ, কিন্তু রয়ে যায় আড্ডা শেষ না হওয়ার রেশ। অগত্যা এবার কফি খেতে ঢুকে পড়তে হবে আরেকটি রেস্তোরাঁয়। ঢাকায় বিনোদনের অভাব। এই চিন্তা মানসিকভাবে ভোগাচ্ছিল শারমিন আহমেদকে। ঢাকা শহরে চাইলেই তো আর মাঠ পাওয়া যাবে না। চার দেয়ালের মধ্যেই কিছু একটা করতে হবে। বুদ্ধিটা পেয়ে গেলেন যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েই। যেই ভাবা সেই কাজ। ঢাকায় ফিরেই শারমিন আহমেদ ও আবু সাঈদ চৌধুরী দম্পতি কাজে লেগে পড়েন। গড়ে তোলেন ক্লে স্টেশন ঢাকা। শহুরে জীবনে মাটির কাছে ফিরে যাওয়ার চমৎকার একটি বাহানা।

ক্লে স্টেশন ঢাকার জন্ম গত অক্টোবর মাসে। এখানে মাটি দিয়ে তৈরি করতে পারবেন আপনার ইচ্ছেমতো জিনিস। মাটির জিনিস বানাতে না চাইলে মাটির তৈরি বিভিন্ন জিনিসের ওপর রং করতে পারবেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শারমিন আহমেদ, সহপ্রতিষ্ঠাতা আবু সাঈদ চৌধুরী ও সিরামিকশিল্পী রবিউল হোসেনের সঙ্গে কথা হচ্ছিল ভিন্ন এই উদ্যোগ নিয়ে। তিনজনই বললেন, এখানে ঢোকার সময় প্রথমে অনেকেই দ্বিধায় ভোগেন। কী করবেন বুঝতে পারেন না। কিন্তু বের হওয়ার সময় বলেন, খুব ভালো লেগেছে, আবার আসব। পরিবার, বন্ধু নিয়ে সময় কাটানোর এটি একটি মজার জায়গা। মন খারাপ বা মানসিক চাপ তো দূর করবেই, আনন্দও পাওয়া যাবে। শারমিন আহমেদ বলেন, ‘বাবা, মা, সন্তান—সবাই একসঙ্গে বসে মাটি দিয়ে জিনিস বানাচ্ছে। ভালো সময় কাটাচ্ছে, কথা বলছে একসঙ্গে। সবচেয়ে বড় ব্যাপার, এখানে যতক্ষণ থাকে মানুষ, মুঠোফোন ব্যবহার করে না কেউ। এখানে ঢোকার পর মোবাইল ব্যবহার করতে খুব একটা দেখা যায় না। এত ফোকাস হয়ে যায় সবাই যে চা খাওয়ারও সময় পায় না।’ বাবা-মায়েরা খুশি হন, যখন দেখেন বাচ্চারা তাদের মতো করে কিছু বানাচ্ছে, বানাতে পারছে।

এখানে বাচ্চাদের জন্মদিনের উৎসবের আয়োজন করা হয়। মাটির তৈরি বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হয়। এ ছাড়া কেউ চাইলে তার পছন্দমতো পণ্যও বানিয়ে নেওয়ার সুযোগ আছে এখানে।
তিন ধরনের সেবা পাওয়া যাচ্ছে ক্লে স্টেশন ঢাকায়।
প্লে উইথ ক্লে
হাত দিয়ে মাটির জিনিস বানাতে পারবেন। ৫০০ গ্রাম মাটি দেওয়া হবে। তবে লাগলে আরও মাটি দেওয়া হবে। পটারি টুলস দিয়ে দেওয়া হবে। এবার আপনি ইচ্ছেমতো জিনিস বানাতে পারবেন। ওখানেই আছেন সিরামিক শিল্পী, যিনি আছেন আপনাকে সহায়তা করার জন্য। যদি ঠিক করে আসেন কী বানাতে চান, তাহলে সেখানেও সাহায্য পাবেন। কিছু ঠিক না করে এলেও সমস্যা নেই। যা বানাচ্ছেন সেটা পরে এসে নিয়ে যেতে পারবেন। ঘণ্টায় একজনের জন্য লাগবে ১ হাজার ৪৫০ টাকা। যেকোনো বয়সের আগ্রহী ব্যক্তিরা এটা করতে পারবেন। সবচেয়ে ছোট যে মানুষটি প্লে উইথ ক্লেতে অংশ নিয়েছিল, তার বয়স ছিল ১৮ মাস।

থ্রো অ্যাট হুইল
জাপান থেকে মেশিনটা নিয়ে আসা হয়েছে। এটা একটু টেকনিক্যাল। বাচ্চাদের পক্ষে করা সম্ভব নয়। করতে গিয়ে আমিও সেটা বুঝলাম। প্রথম দিকে ভালোই শক্তি লাগে। পরে অবশ্য বিষয়টা হাতের মুঠোয় চলে আসে। হুইলের সাহায্যে মাটির জিনিস করতে চাইলে দিকনির্দেশনা দিয়ে দেওয়া হবে। ঘণ্টায় ১ হাজার ৬৫০ টাকা প্রতিজনের জন্য।
পণ্য নিন রং করুন: ক্লে স্টেশন ঢাকার বানানো সামগ্রীগুলো রং করতে পারবেন। কোনো বাঁধাধরা সময় নেই। এটার দাম নির্ভর করছে আপনি কোন পণ্যটি বেছে নিচ্ছেন তার ওপর।
ইচ্ছুক ব্যক্তিরা চাইলে ক্লে স্টেশনে এসে কোর্স করতে পারবেন। হুইল ও হাত দিয়ে মাটির জিনিস বানানো শেখা ছাড়াও গয়না বানানো শিখতে পারবেন। আবু সাঈদ চৌধুরী বলেন, ‘আমরা মনে করেছিলাম, মাটি সংগ্রহ করা কতটাই-বা কঠিন কাজ হবে? বাংলাদেশে তো মাটির কমতি নেই। কিন্তু করতে গিয়ে বুঝলাম, কতটা কঠিন কাজ। মাটি সংগ্রহ করা হচ্ছে ঢাকার বাইরে থেকে। ক্লে স্টেশন ঢাকায় কালো মাটি, চায়না মাটি, মেশানো মাটি ব্যবহার করা হচ্ছে।’ আপনার বানানো জিনিসগুলো পরবর্তী সময়ে আগুনে পুড়িয়ে তৈরি করে রাখা হবে। এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। বিভিন্ন এলাকার কুমারদের বানানো পণ্য এখানে বিক্রি করার পরিকল্পনাও আছে। অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করতে চান শারমিন আহমেদ। তাঁর বিশ্বাস, এতে করে তাদের সৃজনশীল দিকটি আরও উন্নত হবে। এ ছাড়া তরুণ প্রজন্ম তাদের কর্মশক্তিটাকেও ইতিবাচকভাবে ব্যয় করতে পারে।