মাটিরাঙ্গায় অস্বস্তিতে বড় দুই দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন নিয়ে বড় দুটি দল—আওয়ামী লীগ ও বিএনপি অস্বস্তিতে রয়েছে। উভয় দলে রয়েছেন একাধিক বিদ্রোহী প্রার্থী। কেন্দ্রের নির্দেশ মানছেন না তৃণমূলের নেতা-কর্মীরা। কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হবে, তা-ও কেউ বলতে পারছেন না। এ অবস্থায় শেষ পর্যন্ত আদিবাসীদের ভোট নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্ট লোকজন মনে করছেন।জেলা আওয়ামী লীগ মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশিদকে। এ সিদ্ধান্ত তৃণমূলের নেতারা মানছেন না। পৌর আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন মাস্টারসহ দলের আরও দুজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁরা হলেন: মোমিনুল হক ও জাহাঙ্গীর আলম।জেলা বিএনপিতে ওয়াদুদ ভূঁইয়া ও সমীরণ দেওয়ানের অনুসারীরা দুটি উপদলে বিভক্ত। ওয়াদুদ ভূঁইয়ার সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী। সমীরণ দেওয়ানের প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি নাসির আহম্মেদ চৌধুরী। এ ছাড়া ওয়াদুদের সমর্থক আরেক প্রার্থী হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাদশা মিয়া।কেন্দ্রীয় ও তৃণমূল নেতৃত্বের মধ্যে মতবিরোধে হতাশ উভয় দলের নেতা-কর্মীরা। মাটিরাঙ্গা সদরের মুসলিমপাড়ার বৃদ্ধ আবু বক্কর সিদ্দিক নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করে বলেন, ‘আমি সব নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়েছি। কিন্তু এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেব না। ব্যক্তি হিসেবে যিনি ভালো, তাঁকে ভোট দেব।’ মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মুক্তিযোদ্ধা আবদুল খালেক বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরা হতাশ।কেন্দ্রীয় নেতৃত্ব আওয়ামী লীগের ত্যাগী ও নিবেদিত কর্মীকে মনোনয়ন দেয়নি। যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে যোগ্যপ্রার্থী নন।’মাটিরাঙ্গা বিএনপির কর্মী সিরাজ আহম্মেদ বলেন, ‘ওয়াদুদ ভূঁইয়া নেতা-কর্মীদের ডেকে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ওকালতি করেছেন। তাঁর আচরণে নেতা-কর্মীরা হতাশ হয়েছেন। এজন্য তাঁর সমর্থকদের একজন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। বিএনপির আরেকটি উপদল সমীরণের সমর্থকদের মধ্য থেকে প্রার্থী হয়েছেন সাবেক পৌর চেয়ারম্যান নাসির আহম্মেদ চৌধুরী।প্রার্থীর ভারে ভোটের হিসাব এ মুহূর্তে কেউ আন্দাজ করতে পারছেন না। তবে উভয় দলের অনেক নেতা-কর্মী মনে করেন শেষ পর্যন্ত আদিবাসীদের ভোট নির্বাচনে একটা বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। মাটিরাঙ্গা পৌরসভায় আদিবাসী ভোটার সংখ্যা এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ এর মধ্যে।মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন আটজন। এঁরা হলেন: আবু ইউসুফ চৌধুরী (মাইক), নাসির আহম্মদ চৌধুরী (তালা), বাদশা মিয়া (চশমা), মানিক মিয়া (দেয়ালঘড়ি), শামসুদ্দিন মাস্টার (আনারস), হারুন উর রশিদ (জাহাজ), জাহাঙ্গীর আলম (দোয়াত-কলম) ও মোমিনুল হক (টেলিভিশন)। কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাটিরাঙ্গা পৌরসভায় ভোটারের সংখ্যা ১৩ হাজার ৭৩২, ভোটকেন্দ্রের সংখ্যা নয়টি।