মাটিরাঙ্গায় ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবার কার্যক্রম প্রায় বন্ধ
জেলার মাটিরাঙ্গা উপজেলার এক লাখ ১৬ হাজার মানুষের জন্য মাত্র চারজন চিকিৎসক কর্মরত রয়েছেন। এ হিসেবে ২৯ হাজার মানুষের জন্য একজন চিকিৎসক রয়েছেন। হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন কর্মরত চিকিৎসকেরা।জেলায় জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি জনবহুল উপজেলা হলো মাটিরাঙ্গা উপজেলা। মোট জনসংখ্যা এক লাখ ১৬ হাজার ২০৮ জন। এই উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও তিনটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও একটি পল্লি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদের সংখ্যা ১১ জন হলেও কর্মরত আছেন মাত্র দুজন। এই দুজনের মধ্যে এক চিকিৎসক মাতৃত্বকালীন ছুটিতে আছেন। এ অবস্থায় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে দুজন চিকিৎসক প্রেষণে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা অব্যাহত রাখা হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জানুয়ারি মাসে হাসপাতালে প্রতিদিন গড়ে বহির্বিভাগে ১৩৬ জন রোগী সেবা নিয়েছেন। ১০ শয্যার হাসপাতালে রোগী রয়েছেন গড়ে ১৬ জন। গ্রীষ্ম ও বর্ষাকালে এ সংখ্যা বেড়ে প্রায় তিনগুণ হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জালাল উদ্দিন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১১ জন চিকিৎসকের পদ রয়েছে। বর্তমানে কর্মরত চিকিৎসকের সংখ্যা দুই। এর মধ্যে একজন মাতৃত্বকালীন ছুটিতে আছেন। উপজেলায় সাতটি ইউনিয়নে সাতজন চিকিৎসকের পদ রয়েছে। তবে উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের অবকাঠামো রয়েছে মাত্র তিনটি ইউনিয়নে। আলুটিলা ও তবলছড়ি ইউনিয়নের চিকিৎসকদের প্রেষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে ইউনিয়ন পর্যায়ে শুধু গুইমারা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হচ্ছে। হাসপাতালে যে রোগীর চাপ, তা তিনজন চিকিৎসক দিয়ে সামাল দেওয়া খুবই কষ্টের। তবলছড়ি ইউনিয়নের তবলছড়ি বাজার এলাকার এক রোগী হাসনা বানু (৩৮) জানান, ইউনিয়ন পর্যায়ে চিকিৎসাসেবা থাকলে আমাদের এখানে আসার প্রয়োজন হতো না। হাসপাতালে ভর্তি আলুটিলা ইউনিয়নের বেঙমারা গ্রামের অনিল চাকমা বলেন, ‘ডাক্তাররা মাঝেমধ্যে এসে আমাদের খোঁজখবর নেন। ঔষধপত্র দিয়ে যান।’ তবে খাবারের মান ভালো নয় বলে তিনি জানান। এ ব্যাপারে খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন হাসান ইমাম চৌধুরী জানান, খাগড়াছড়ি জেলায় চিকিৎসকের সংকট রয়েছে। পুরো জেলায় চিকিৎসকের শতকরা ৬৫ ভাগ পদ শূন্য রয়েছে। মাটিরাঙ্গা উপজেলায় কিছুটা হলেও চিকিৎসাসেবা চলছে। জেলার লক্ষীছড়ি ও মানিকছড়ি উপজেলার হাসপাতালগুলোর অবস্থা আরও খারাপ।’