মাটিরাঙ্গায় কাঁঠালের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সর্বত্র এখন কাঁঠালের ম-ম গন্ধ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার কাঁঠালের ফলনও ভালো হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় উৎপাদিত কাঁঠাল বিক্রি হচ্ছে মাটিরাঙ্গার পাইকারি বাজারে। সপ্তাহের শুক্র ও শনিবার দুই দিন এ হাটে কমপক্ষে ২০-৩০ লাখ টাকার কাঁঠাল বিক্রি হয়।গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, বাগান-মালিক, চাষি ও পাইকারি ব্যবসায়ীদের পদচারণায় মুখর এখন মাটিরাঙ্গা বাজার। বাজারের সর্বত্র কাঁঠালের স্তূপ। ফুটপাত এবং প্রধান সড়কের কিছু জায়গাজুড়েও রাখা হয়েছে কাঁঠাল। ছোট কাঁঠাল প্রতি ১০০টি তিন-চার হাজার আর বড় কাঁঠাল ১০-১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ হচ্ছে এখানকার কাঁঠাল।খাগড়াছড়ির পাইকারি ব্যবসায়ী মো. আরিফ বলেন, ‘দীঘিনালা, মেরুং, মারিশ্যা, পানছড়ি, লোঘাং, বাবুছড়াসহ খাগড়াছড়ি বিভিন্ন এলাকার বাগানের কাঁঠাল বিক্রি হচ্ছে এখানে। এখানকার কাঁঠালের গুণগত মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা কাঁঠাল কিনতে আসেন।’পানছড়ি উপজেলা থেকে বিক্রির জন্য কাঁঠাল এনেছেন মো. ছোট মিয়া। তিনি জানান, ‘কাঁঠাল বিক্রি করে এতে সব খরচ বাদ দিয়ে লাভ হয়েছে সাড়ে তিন হাজার টাকা। প্রতি সপ্তাহে তিন থেকে পাঁচ হাজার টাকা লাভ হয় কাঁঠাল বিক্রি করে।’ নোয়াখালী থেকে কাঁঠাল কিনতে আসা জাফর হোসেন জানান, ‘এখানকার কাঁঠালের স্বাদ ভালো। এখান থেকে কাঁঠাল কিনে নোয়াখালী নিয়ে বিক্রি করে ভালো লাভ থাকে। একটি কাঁঠাল বিক্রি করলেই লাভ হয় আট থেকে ১০ টাকা।’বাগানের মালিকেরা জানান, পার্বত্য এলাকায় এ বছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। তবে হিমাগার না থাকায় কাঁঠাল মালিকেরা নামমাত্র মূল্যে কাঁঠাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন।