মাঠ থেকে ধারাভাষ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারিয়া তানজিম
সারিয়া তানজিম

দ্বিতীয় ইনিংসের শেষ বল। মৌলভীবাজার একাদশের জিততে লাগবে দুই রান। শেষ উইকেট। স্ট্রাইকে আছেন ১১ নম্বর ব্যাটসম্যান হেনা। অপর প্রান্তে ব্যাটসম্যান সুমনা। বল হওয়ার আগে সুমনা দৌড়ে গিয়ে হেনাকে বলল ‘যাই হয় দৌড় দিবি’। বল হলো। হেনা প্রায় বল খেলার চেষ্টা না করেই দিল দৌড়। সুমনা তো আগে থেকেই প্রায় পিচের মাঝখানে চলে এসেছে। বল চলে গেল উইকেটকিপারের কাছে। বিকেএসপি মনে করল যে তারা খেলায় জিতে গেছে। আর কিছু না ভেবে শুরু করে দিল জয়ের উল্লাস। এদিকে সুমনা বুঝতে পারল যে ডেলিভারি হওয়ার আগে যেহেতু সে দৌড় দিয়েছে, ডেড বল হয়নি। উইকেট না ফেলা পর্যন্ত অথবা দুই রান সম্পন্ন না হওয়া পর্যন্ত ডেড বল হবে না। এক রান করে দুইয়ের জন্য অপর প্রান্তে গিয়ে দেখে হেনা ফ্যাল ফ্যাল করে অপর দলের উল্লাস দেখছে। চিৎকার করে বলল ‘হেনা! দৌড়া!’ হেনা দিল ছুট। বিকেএসপি একাদশের উল্লাসের ঘোর কাটার আগেই সে পৌঁছে গেল অপর প্রান্তে। খেলা জিতে গেল মৌলভীবাজার। বিকেএসপির খেলোয়াড়দের প্রতিবাদে কোনো লাভ হলো না। নিয়মের খাতায় স্পষ্ট লেখা আছে, ব্যাটসম্যান যদি রানের জন্য দৌড় দেয় তাহলে উইকেট না ভাঙা পর্যন্ত বল ডেড হবে না।
সুমনা এখন আর ক্রিকেট খেলে না। ইনজুরি এবং পেশাগত ব্যস্ততার কারণে ও খেলা থেকে অবসর নিয়েছে বছর পাঁচেক হলো। কিন্তু ওপরের ঘটনা থেকে আমরা বুঝতে পারি কেন সে আজ বাংলাদেশের অন্যতম সেরা ধারাভাষ্যকার। অসম্ভব চাপের ওপর থেকেও ঠান্ডা মাথায় চিন্তা করা এবং ঠিকঠাকভাবে কাজ করার অসাধারণ ক্ষমতা সুমনার।
সারিয়া তানজিম, মানে আমাদের সুমনার জন্ম এবং বড় হওয়া ঢাকার আগারগাঁও তালতলার সরকারি কলোনিতে। চার ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট সুমনা প্রাইমারি স্কুলশিক্ষক বাবা বদর উদ্দিন এবং মা ফরিদা বেগমের মধ্যমণি। বাবা-মা কখনো খেলাপাগল সুমনার খেলাধুলায় বাধা তো দেননি বরং অনুপ্রেরণা জুগিয়েছেন। খেলাধুলার ব্যাপারে অসাধারণ আগ্রহ ছিল সুমনার। মেয়েদের জন্য ফুটবল বা ক্রিকেটের ব্যবস্থা নেই তো কী। কলোনির মানুষ অবাক হয়ে দেখত রোগা-পাতলা বেঁটে-খাটো একটি মেয়ে একদল ছেলের সঙ্গে পাল্লা দিয়ে রান করছে। মিষ্টি চেহারার সুমনাকে নরম ভেবে তার সঙ্গে বেয়াদবি করার জন্য দু ঘা খাওয়ার রেকর্ডও ছিল পাড়ার একাধিক বীর পুরুষের।
কলেজে পড়ার সময় আলতাফ স্যারের অভিভাবকত্বে এবং তাজকিয়ার নেতৃত্বে পুরোদমে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা শুরু হয় সুমনার। দুই বছর টানা প্রশিক্ষণ ও অনুশীলন চলে। পৃষ্ঠপোষকতার অভাবে অফিশিয়াল খেলার আয়োজন না হলেও প্র্যাকটিস থেমে থাকে না। বৃষ্টির কারণে যেদিন ক্রিকেট অসম্ভব হয়ে পড়ে তাজকিয়া তার দলকে ফুটবল খেলে ফিটনেস ধরে রাখার নির্দেশ দেয়। ব্যাটসম্যানের পাশাপাশি ফিল্ডার হিসেবে নাম হয় সুমনার। পয়েন্টে ফিল্ডিং করা সুমনাকে বন্ধুরা জন্টি ডাকা শুরু করে।
২০০১-এর শেষের দিকে ন্যাশনাল ক্যাম্প আয়োজন করে বিসিবি। তার পরপরই ছয় বছরের জন্য খেলা বন্ধ হয়ে যায় মেয়েদের। ২০০৭-এ যখন জাতীয় মহিলা ক্রিকেট আবার চালু হয় তখন প্রথম ১৮ জনের মধ্যে নির্বাচিত হওয়ার পরেও অনার্স ফাইনাল পরীক্ষার কারণে জাতীয় দলের জার্সি গায়ে খেলার সুযোগ হয়নি তার। তবে আরও তিন বছর ক্লাব টুর্নামেন্ট এবং জেলা ও বিভাগীয় ক্রিকেট খেলে মৌলভীবাজার এবং বরিশালের হয়ে।
ক্রিকেট খেলার স্বপ্ন জিইয়ে রাখার পেছনে সুমনার বড় বোন সারিয়ার ছিল বিরল অবদান। হাতখরচ দেওয়া থেকে শুরু করে, টুরের জন্য ব্যাগ গুছিয়ে দেওয়া, সবরকম সহায়তা করে সারিয়া। খেলতে গিয়ে জীবনভর কিছু বন্ধুত্ব হয় সুমনার। বিশেষ করে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম মহিলা সেঞ্চুরিয়ান আইরিন সুলতানা আর লেগ স্পিনার সাজিয়ার সঙ্গে সুমনার এখনো প্রায় প্রতিদিন কথা হয়, যদিও তারা এক একজন একেক শহরে থাকে। ক্রিকেটজীবনে সুমনা এই বন্ধুত্বগুলোকেই তার সবচেয়ে বড় অর্জনের মধ্যে ধরে।
চাকরির ব্যস্ততা এবং বেশ কিছু ইনজুরির কারণে যখন ২০১১-এর শুরুর দিকে খেলা সম্পূর্ণভাবে থামিয়ে দিতে হয়, বিপদে পড়ে সুমনা। ১১ বছর ধরে শয়নে-স্বপনে যেই ক্রিকেট, সেই ক্রিকেট ছাড়া জীবন কীভাবে কাটবে বুঝতে পারে না সে। ঠিক এ সময়ই মহিলা দলের আন্তর্জাতিক খেলায় খোদা বক্স মৃধা এবং চৌধুরী জাফরুল্লাহ সারাফতের সঙ্গে ধারাবিবরণী করার জন্য ডাক পড়ে। স্বপ্ন দেখে সে বেতারে জাতীয় পর্যায়ে ধারাভাষ্য দেওয়ার। কিন্তু তার আবেদন রহস্যজনকভাবে বেতার দপ্তরে ‘হারিয়ে’ যায়। একই সঙ্গে হারায় সহ-ধারাভাষ্যকার নাফিজের। বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান দুই ধারাভাষ্যকারকে হারিয়ে আমলাতন্ত্র এবং দুর্নীতির জালে হারিয়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক এই সময় বেসরকারি রেডিও চ্যানেল রেডিও ভূমিতে খেলার ধারাবিবরণী দেওয়ার জন্য ডাক পড়ে দুজনের।
ভূমিতে সুমনার ধারাভাষ্য যাঁরাই শুনেছেন তাঁরাই বলবেন যে মাত্র কিছুদিনের মধ্যেই সুমনা দেশের শ্রেষ্ঠ ধারাভাষ্যকারদের মাঝে নিজের নাম লিখিয়ে নেবে। খেলার বাইরে বাড়তি কথা বলার অভ্যাস নেই। মাঠে যা হচ্ছে সেটাকে গুছিয়ে বর্ণনা করে। যখন বিশ্লেষণ করে তখন সেটা হয় সূক্ষ্ম এবং সঠিক। অপ্রাসঙ্গিক আদেখলপনায় জড়ায় না। এই মুহূর্তে সুমনা রেডিও স্বাধীনে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চলতি সিরিজে ধারাভাষ্য দিচ্ছে।
সুমনার সাহস এবং বিচক্ষণতা আমি বরাবরই উপলব্ধি করতে পারতাম। তবে ধারাভাষ্যে ও কেন এত ভালো বুঝলাম এই লেখা নিয়ে ওর সঙ্গে কথা বলতে গিয়ে। নিজের ব্যাপারে কথা বলতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করে না ঠান্ডা মাথায় অপ্রাসঙ্গিক বিষয়
ভুলে মুহূর্তের ওপর মনোনিবেশ করার একাগ্রতা। এটাই তো ধারাভাষ্যকারের কাজ। এ কাজটি সুমনার মতো কেউ পারবে না তো কে পারবে?
দুঃখ এই যে সুমনার মতো প্রতিভাকে আমরা এখনো জাতীয় বেতার বা টেলিভিশনে জায়গা দিতে পারিনি। নিজের ভাষায় সুন্দর ধারাভাষ্য শোনা নিশ্চয় আমাদের ক্রিকেটপাগল জনতার প্রাপ্য। আশা রাখি, অচিরেই যখন বাংলাদেশের দামাল ছেলেমেয়েরা বিশ্বের মাঠ কাঁপিয়ে দেবে, সেই কাঁপিয়ে দেওয়ার বর্ণনা আমরা শুনব সুমনার কণ্ঠে। দেশের আনাচে-কানাচে শত সুমনা ভাববে আমিও পারি।