মাঠ দখলে মরিয়া দুই দল
আবার গরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। যার উত্তাপ লেগেছে চট্টগ্রাম মহানগরেও। মাঠ দখলে এখনই মরিয়া আওয়ামী লীগ ও বিএনপি। পাল্টাপাল্টি কর্মসূচিতে দুই দলের অবস্থানও এখন মুখোমুখি। উভয় পক্ষ চাচ্ছে কৌশলগত দিক থেকে এগিয়ে থাকতে। তাই নানা প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে উভয় দল।
আওয়ামী লীগ গতকাল বুধবার থেকে নগরের বিভিন্ন থানায় দা-কুড়াল সংস্কৃতির বিরুদ্ধে সমাবেশ শুরু করেছে। প্রতিদিন দুইটি থানায় এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। সরকারের পতন ঘটাতে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা দা-কুড়াল নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন।
অন্যদিকে বিএনপি গণতন্ত্র মঞ্চ, ভোটকেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি করার পাশাপাশি লালদীঘি মাঠে সমাবেশসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গত মঙ্গলবার নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে সরকার পতনে গণতন্ত্র মঞ্চ করার ঘোষণা দেন। এর আগে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার লালদীঘি মাঠে সমাবেশের ঘোষণা দেন।
তবে লালদীঘি মাঠে আগামীকাল শুক্রবার আওয়ামী লীগও সমাবেশ করার জন্য আবেদন করেছে। একই স্থানে দুই দল সমাবেশের জন্য আবেদন করায় পুলিশ এখনো কাউকে অনুমতি দেয়নি। তবে আওয়ামী লীগ লালদীঘি মাঠের আশপাশে তিনটি ক্যাম্প স্থাপন করে গণসংগীত আসরের ব্যবস্থা করেছে।
নিজেদের আন্দোলন কৌশল সম্পর্কে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৯০ শতাংশ মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রয়েছেন। এখন জোর করে যদি জনগণের ভোট কেউ কেড়ে নিতে চায়, তাহলে জনগণ প্রতিরোধ করবে। এ জন্য আমরা ভোটকেন্দ্র-ভিত্তিক সংগ্রাম কমিটি করেছি।’
জানা গেছে, একদলীয় নির্বাচন ঠেকাতে বিএনপি ভোটকেন্দ্রভিত্তিক গঠিত সংগ্রাম কমিটি গঠন করেছে। এর পাশাপাশি বিএনপি লালদীঘি মাঠে সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের সমাবেশ না করার কোনো কারণ নেই। আমরা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করি।’
এদিকে সরকারি দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মাঠ গরম রাখার জন্য পৃথক কৌশল নিয়েছে। লালদীঘি মাঠে সমাবেশের বিষয়ে তারাও অনড় রয়েছে। এ ছাড়া নগরের ১৫ থানায় বিরোধী দলের সমালোচনা ও সরকারের সাফল্যের গুণগান করে সমাবেশ শুরু হয়েছে।
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জানান, মাঠ দখলে রাখার জন্য নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। থানাভিত্তিক প্রথম দুটি সমাবেশ চকবাজার ও সদরঘাটে হবে। এ ছাড়া গতকাল লালদীঘি মাঠে যুবলীগ সমাবেশের আয়োজন করেছে। ওই সমাবেশে নগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মাঠ দখলে রাখার বিষয়ে নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের যে প্রস্তাব দিয়েছেন তা সর্বমহলে গ্রহণযোগ্য হয়েছে। আমরা এর পক্ষে এবং বিরোধী দলের অগণতান্ত্রিক পন্থায় হুমকি-ধমকির প্রতিবাদে সভা সমাবেশ চালিয়ে যাব। এ নিয়ে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে আমাদের মতবিনিময় চলছে।’