মাঠ নষ্ট করে পাকা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ক্রীড়া, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার একমাত্র ক্ষেত্র ধেছুয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটিতে পাকা ভবন তৈরির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। যুগ যুগ ধরে এ মাঠেই হয়ে আসছে, মুক্তিযুদ্ধের বিজয় মেলা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান, ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টসহ এলাকার বিভিন্ন অনুষ্ঠান।স্থানীয় লোকজনের অভিযোগ, খেলার মাঠ নষ্ট না করে ভবন তৈরির সুযোগ থাকা সত্ত্বেও এলাকার কিছু প্রভাবশালী মানুষের যোগসাজশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহম্মদ উদ্দেশ্যমূলকভাবে মাঠে ভবন তৈরির উদ্যোগ নিয়েছেন। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সম্প্রতি রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় বাসিন্দা রমিজ আহমদ জানান, মাঠটি বিদ্যালয়ের হলেও যুগ যুগ ধরে এলাকার সব ক্রীড়া অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের বিজয় মেলা, ওয়াজ মাহফিল, রাজনৈতিক সমাবেশ, নামাজে জানাজা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান এ মাঠেই আয়োজন করা হয়ে থাকে। এ ছাড়া বিদ্যালয় এবং এলাকার শিশু-কিশোরেরা প্রতিদিন এ মাঠেই খেলাধুলা করে।এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমদ এলাকার কিছু ব্যক্তির যোগসাজশে শত বছরের ঐতিহ্যবাহী এ মাঠটি ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছেন। অথচ মাঠের অবস্থান ঠিক রেখে এ রকম চারটি ভবন তৈরির মতো পতিত জমি এ বিদ্যালয়ের রয়েছে।প্রধান শিক্ষক জালাল আহম্মদ অবশ্য অভিযোগ অস্বীকার করে জানান, বছর দেড়েক আগে তিনি এ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি বিদ্যালয়ের জায়গা-জমি সম্পর্কে কিছুই জানেন না। এলাকাবাসী যেভাবে সিদ্ধান্ত দেবেন তিনি সেভাবেই করবেন। এখানে তাঁর কোনো চাওয়া-পাওয়া নেই।অভিযোগের সত্যতা স্বীকার করে রামু উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাখাল চন্দ্র পাল জানান, নতুন ভবন তৈরির জন্য একটি দাতা সংস্থা অর্থ বরাদ্দ দিয়েছে। মাঠের অবস্থান ঠিক রেখে ভবন তৈরির জন্য জমি আছে। মাঠের পরিবর্তে বিদ্যালয়ের বর্তমান ভবনের সামনেই ভবন তৈরি সম্ভব। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই মাঠ নষ্ট করতে দেওয়া হবে না।’