
বুলি প্রথম
‘বুলি’ বের হয়েছে। রংপুরসভার প্রকাশনা। এ বছরে বন্ধুসভার একুশের প্রথম প্রকাশনা এটি। বের হওয়ার পর ১ ফেব্রুয়ারি এটির প্রকাশনাও হয়েছে। একুশের প্রকাশনার দিক থেকে প্রথম হলো রংপুর বন্ধুসভা।
বইমেলায় প্রথম
প্রতিবছরের মতো এবারও বইমেলার আয়োজন করছে বেশ কিছু বন্ধুসভা। পাবনা বইমেলার আয়োজনে পাবনাসভা এক মাসই অংশ নিয়ে থাকে। এবারও তা-ই হচ্ছে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু করেছে তারা বইমেলা। পুরো মাস পাবনাসভার বন্ধুরা কাটিয়ে দেয় নতুন বইয়ের সঙ্গে।
যাত্রা শুরু
নটর ডেম কলেজে আমাদের বন্ধুসভা ছিল না। গত সপ্তাহে প্রথম আলো অফিসে এক ঘরোয়া অনুষ্ঠানে ঘোষণা হলো নটর ডেম কলেজসভার নাম। কলেজের স্মার্ট বন্ধুরা আশা করি অনেক ভালো কিছু করতে পারবে।
খেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বনাম রাজশাহী বন্ধুসভার মধ্যে অনুষ্ঠিত হলো এক প্রীতি ক্রিকেট ম্যাচ। ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। আমরা চাই আরও বেশি বেশি খেলাধুলার আয়োজন হোক। ক্রীড়া সম্পাদকেরা নীরব কেন? তারা যেন বছরে অন্তত দুটি খেলাধুলার আয়োজন করে।
তত্পর
কর্মতত্পরতায় মনে হয় বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা এগিয়ে রয়েছে। আর উপজেলা বন্ধুসভাগুলোর মধ্যে সবচেয়ে বেশি তত্পর ভৈরব বন্ধুসভা। আশা করি অন্যান্য বন্ধুসভাও তৎপর হবে।
বিশেষ কাজ
সৃষ্টিশীল একটি কাজে এগিয়ে আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা। গত ১৫ জানুয়ারি ছিল তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। সেই বড় আয়োজনে বন্ধুসভার বন্ধুরা একটি মানব শহীদ মিনার করেছে, যা সবার দৃষ্টি কেড়েছে। এই আইডিয়ার জন্য তাদের অভিনন্দন জানাই।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।