মাঠজুড়ে সরষের শোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলীতে পাহাড়ের পাদদেশের খেত থেকে তরমুজ তুলছেন চাষি নজরুল ইসলাম  প্রথম আলো
বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলীতে পাহাড়ের পাদদেশের খেত থেকে তরমুজ তুলছেন চাষি নজরুল ইসলাম প্রথম আলো

মাঠজুড়ে ফুটে আছে হলুদ সরষে ফুল। যেদিকে চোখ যায়, সেদিকেই এমন অপূর্ব নিসর্গ শোভা। কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে এখন চোখে পড়ছে এই দৃশ্য। গত কয়েক বছরে এই উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে সরষে চাষ। প্রতি মৌসুমেই বাড়ছে সরষেখেতের পরিমাণ। গ্রামাঞ্চলের পতিত জমিতে সরষে চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকেরা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, চকরিয়া উপজেলার সাহারবিল, কৈয়ারবিল, বিএমচর, কাকারা, ফাঁসিয়াখালী ও চকরিয়া পৌরসভার ২০টি গ্রামের প্রায় ১০০ একর জমিতে চলতি মৌসুমে সরষের চাষ করেছেন কৃষকেরা।

সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার গুইন্যাকাটা গ্রামের কৃষক কামাল হোসেন (৪০) বলেন, ‘গত মৌসুমে ২০ শতক জমিতে সরষে চাষ করেছিলাম। চাষে খরচ হয়েছে দুই হাজার টাকা। সরষে বিক্রি করে পেয়েছি পাঁচ হাজার টাকা। চলতি মৌসুমে এক একর জমিতে সরষে চাষ করেছি। ফলন ভালো হওয়ায় এ মৌসুমে ৩০ হাজার টাকা আয় হবে বলে আশা করছি।’

কামাল হোসেনের পাশের জমিতে সরষে চাষ করেছেন নজরুল ইসলাম (৪৩)। তিনি জানান, এবার এক একর ৪০ শতক জমিতে উচ্চফলনশীল জাতের সরষে চাষ করেছেন। কম খরচ ও কম পরিচর্যায় বেশি লাভ হয় বলে সরষে চাষ করেছেন তিনি।

স্থানীয় কৃষকেরা জানান, চকরিয়া উপজেলায় দেশি ও উচ্চফলনশীল—এই দুই জাতের সরষে চাষ হয়। এর মধ্যে উচ্চফলনশীল জাতের সরষে চাষে লাভ বেশি। এক একর জমিতে সরষে চাষ করতে গেলে জমি বর্গা নেওয়া বাবদ পাঁচ হাজার টাকা এবং বীজ, সার ও কীটনাশক বাবদ তিন হাজার টাকা খরচ হয়। তবে সরষে চাষে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না।

উপজেলা কৃৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খেতে সরষের বীজ বোনার পর ফলন আসতে ৭০ থেকে ৭৫ দিন সময় লাগে। নভেম্বরের শুরুতে বীজ বুনলে মধ্য জানুয়ারির ভেতরেই ফলন ঘরে তোলা যায়। এরপর সরষের দানা ও তেল বাজারে বিক্রি করেন কৃষকেরা।

চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিকুল্লাহ বলেন, কম পরিশ্রমে লাভ বেশি হয় সরষে চাষে। এ কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সরষে চাষ।

দুই বছর আগেও ২০ থেকে ৩০ একর জমিতে সরষে চাষ হতো। এখন উপজেলার প্রায় ১০০ একর জমিতে চাষ হচ্ছে।