মাঠজুড়ে হলুদের ঢেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিগন্তজোড়া চোখজুড়ানো হলুদ সরিষাখেত। কিছুদিন পরে মাঠ থেকে সরিষা তুলবেন চাষিরা। দৌলতপুর ইউনিয়নের ডাইনজুরি গ্রামের কৃষক তৌহিদুল আলমের ব্যস্ত সময় কাটছে এখন সরিষাখেতে l প্রথম আলো
দিগন্তজোড়া চোখজুড়ানো হলুদ সরিষাখেত। কিছুদিন পরে মাঠ থেকে সরিষা তুলবেন চাষিরা। দৌলতপুর ইউনিয়নের ডাইনজুরি গ্রামের কৃষক তৌহিদুল আলমের ব্যস্ত সময় কাটছে এখন সরিষাখেতে l প্রথম আলো

ফটিকছড়ি উপজেলায় বিস্তীর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। উপজেলার বিভিন্ন এলাকায় সরিষাখেতে ফলন আসায় এমন চোখজুড়ানো দৃশ্য দেখা যাচ্ছে। চাষিরা বলছেন এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, অনুকূল আবহাওয়া আর যথাযথ পরিচর্যার কারণে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঘ মাসের শেষ দিকে ও ফাল্গুনের শুরুতে খেত থেকে সরিষা তোলা শুরু হবে। সরিষা বীজ বাজারে এখনো না এলেও বিক্রি হচ্ছে সরিষা শাক। বাজারে এই শাকের চাহিদা থাকায় বীজের পাশাপাশি শাক বিক্রি করেও ভালো আয় করেন কৃষকেরা। তা ছাড়া উৎপাদন খরচ কম হওয়ায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছে। এ বছর উপজেলায় কেবল কৃষি বিভাগের তত্ত্বাবধানে ৫৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এ ছাড়া ব্যক্তি উদ্যোগে চাষাবাদ হয়েছে আরও ২৫০ হেক্টর জমিতে।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ প্রথম আলোকে বলেন, এ অঞ্চলের মাটি সরিষা চাষের উপযোগী হওয়ায় দিন দিন আবাদ বাড়ছে। গত বছর কৃষি বিভাগের তত্ত্বাবধানে ৫০ হেক্টর জমিতে ১৫০ মেট্রিক টন সরিষা উৎপাদিত হয়। প্রতি কেজি সরিষা ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি করেছেন চাষিরা। প্রতি চার থেকে পাঁচ কেজি সরিষা থেকে এক কেজি তেল পাওয়া যায়। এ বছর সরিষার উৎপাদন আরও বাড়বে।
উপজেলা সদরের বিবিরহাট বাজারে একটি তেল কল রয়েছে। ওই প্রতিষ্ঠানের মালিক কাজল পাল বলেন, সরিষার মৌসুমে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাঁর কারখানার যন্ত্রচালিত ঘানিতে প্রতিদিন ৫০ থেকে ৮০ লিটার পর্যন্ত সরিষার তেল উৎপাদিত হয়। এই তেল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন তিনি।
উপজেলার নাজিরহাট পৌরসভার আবদুস সাত্তার বলেন, ‘আমি গতবার ৫০ শতক জমিতে সরিষার চাষ করেছিলাম। খরচ হয়েছিল ১০ হাজার টাকা। সরিষা বিক্রি করে পেয়েছি ৩৫ হাজার টাকা। এবারও একই পরিমাণ জমিতে সরিষা চাষ করেছি। ফলন দেখে মনে হচ্ছে, গতবারের চেয়ে এবার উৎপাদন আরও বেশি হবে। সে কারণে বেশি লাভেরও আশা করছি।’ নানুপুর গ্রামের নিজাম উদ্দিন জানান, তিনি ১৫ শতক জমিতে সরিষার আবাদ করেছেন। কেবল সরিষার শাক বিক্রি করে ১০ হাজার টাকার বেশি আয় হয়েছে তাঁর। সরিষা বিক্রি করে আরও ১০ হাজার টাকার মতো আয় হবে বলে ধারণা করছেন তিনি।